img

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত :  ১৪:২৪, ২১ জুন ২০২৬

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় রবিবার (২১ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট তাঁকে বহন করে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম বিদেশ সফর।

মালয়েশিয়া সফর শেষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চীন সফর করবেন তারেক রহমান।

img

মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১৭:৫৮, ২১ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:০৭, ২১ জুন ২০২৬

মালয়েশিয়ার কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের মুক্তির বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, আইনের সীমার মধ্যে থেকে আটক বাংলাদেশিদের সহায়তায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

 রোববার (২১ জুন) প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় দুই হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন কারণে আটক রয়েছেন। তাদের মুক্তির বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি বলেন, “আগামীকাল মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। আইনের ভেতরে থেকে যতটুকু সুবিধা আদায় করা সম্ভব, সরকার সেটিই করার চেষ্টা করবে।”

প্রবাসীদের প্রতি স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যে দেশে অবস্থান করছেন, সে দেশের আইন মেনে চলতে হবে। আইন মেনে চললেই নানা জটিলতা এড়ানো সম্ভব।”

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শ্রমবাজার সম্প্রসারণেও সরকার কাজ করছে বলে জানান তিনি।

এ সময় বিদেশগামী শ্রমিকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কর্মীদের জন্য ভাষা শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও যুগোপযোগী করা হবে।

প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জাতীয় এর আরও খবর