img

যুক্তরাষ্ট্র নতুন করে কোন শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত :  ১১:৩৮, ২৪ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:৪০, ২৪ জুলাই ২০২৬

 যুক্তরাষ্ট্র নতুন করে কোন শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর নতুন কোনো শুল্ক আরোপ করেনি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, নতুন শুল্ক আরোপের পরিবর্তে যুক্তরাষ্ট্র আগের শুল্ক কাঠামোই পুনর্বহাল করেছে।

 আজ শুক্রবার সিলেটে যুক্তরাষ্ট্রের নতুন ১০ ভাগ শুল্ক আরোপ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার বলেন, প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোন পরিবর্তন ঘটেনি। আগে যুক্তরাষ্ট্রেযে শুল্ক আরোপ করেছিলো, তা আইনী বাধ্যবাকতার কারণে ১৫০ দিনের মধ্যে এটি মেয়াদোত্তীর্ন হয়ে যাবে। আগের শুল্ক মেয়াদোত্তীর্ন হলে নতুন শুল্ক কার্যকর হবে। ফলে এটি নতুন শুল্ক আরোপ নয়, রিপ্লেসমেন্ট (পুণঃস্থাপন) বলা যায়।

তিনি বলেন, আজকে রাত ১২টার পরেও আগের শুল্কই থাকবে। তবে তবে তা ভিন্ন নামে থাকবে।

শুক্রবার দুপুরে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প, পরিবার পরিকল্পনা, মা ও শিশু সেবা এবং চক্ষু ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশে তেলের দাম বাড়ানোর এই মুহুর্তে পরিকল্পনা নাই সরকারের।

এর আগে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, চা বাগান এলাকায় শিক্ষা, স্বাস্থ্য সহ নানা বিষয়কে গুরুত্ব দিচ্ছে সরকার। মেডিকেল ক্যাম্প চালু হলে শহরে নয়, বাগানেই মিলবে স্বাস্থ্যসেবা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাস আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সংসদ সস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন সহ প্রশাসনের নানা পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশসহ আরও কিছু বাণিজ্যিক অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ পর্যন্ত নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে ইউরোপ, চীন, ভারতের পাশাপাশি বাংলাদেশের মতো মার্কিন বাণিজ্যিক অংশীদারেরা যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানোর ক্ষেত্রে এই নতুন শুল্কের মুখোমুখি হবে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধির (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত এই ৬০টি বাণিজ্যিক অংশীদার থেকেই যুক্তরাষ্ট্রের মোট আমদানির ৯৯ দশমিক ৪ শতাংশ হয়।

img

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

প্রকাশিত :  ১৩:০১, ১৭ নভেম্বর ২০২৬

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। 

মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সেসময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। বিষয়টি জানিয়ে তিনি সংসদ সচিবালয়ে তখন চিঠি দিয়েছিলেন।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

এদিকে কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। 

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ অধিবেশন শুরুর পর তিনি এই ঘোষণা দেন।

মঙ্গলবার সংসদ অধিবেশনে স্পিকার জানান, গত ১৪ নভেম্বর ওসমান ফারুক পদত্যাগ করেছেন। এ সময় তিনি আরও জানান, বিধি অনুযায়ী, এ আসনটি শূন্য হয়েছে ১৫ নভেম্বর থেকে।

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানানো হয়েছে বলেও ঘোষণা দেন স্পিকার।

সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। স্পিকার ওই পত্র পাওয়ার সময় থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।

ওসমান ফারুক সাবেক আমলা। তিনি বিশ্বব্যাংকেও বড় পদে চাকরি করেছেন। তার দক্ষতার প্রশংসা রয়েছে সব মহলে। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবার সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক।

গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে একটি ১০ সদস্যের বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই কমিটির সভাপতি ছিলেন ওসমান ফারুক। তার বয়স ৮৬ বছর।

জাতীয় এর আরও খবর