img

কিমের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী ট্রাম্প : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত :  ০৪:৫৯, ১৮ নভেম্বর ২০২৬

কিমের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী ট্রাম্প : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজ জানায়, বুধবার এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি বলেন, কোনো দেশের নেতার সঙ্গে আলোচনা করাকে দুর্বলতা বা ছাড় দেওয়া হিসেবে দেখা উচিত নয়।

ফিলিপাইনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও বলেন, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরনের মতবিরোধ রয়েছে, সেসব দেশের সঙ্গে আলোচনায় বসা জরুরি বলে মনে করেন ট্রাম্প। কারণ, আলোচনার মাধ্যমেই বিরোধ মেটানোর সুযোগ তৈরি হয়।

তবে ট্রাম্প ও কিমের মধ্যে শিগগিরই কোনো বৈঠক হবে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানান রুবিও।

তিনি বলেন, কারও সঙ্গে দেখা করা বা কথা বলাকে ট্রাম্প কখনোই কোনো ছাড় দেওয়া হিসেবে দেখেননি। বরং বিরোধ মেটাতে সরাসরি আলোচনার পক্ষে তিনি সব সময়ই কথা বলেছেন।

রুবিও আরো বলেন, যাদের সঙ্গে মতবিরোধ রয়েছে, তাদের সঙ্গে কথা না বললে সমস্যার সমাধান সম্ভব নয়। এ কথা ট্রাম্প প্রায়ই বলে থাকেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে আলোচনাকে গুরুত্বপূর্ণ মনে করে ট্রাম্প প্রশাসন। দুই দেশের মধ্যে কোনো সমস্যা থাকলে তা সমাধানের একমাত্র উপায় হলো আলোচনায় বসা।

তবে ট্রাম্পের বৈঠকে বসার আগ্রহের অর্থ এই নয় যে খুব শিগগিরই কিমের সঙ্গে তার বৈঠক হতে যাচ্ছে। এ বিষয়ে সতর্ক করে রুবিও বলেন, আগামীকালই বৈঠক হবে, এমন কথা তিনি বলছেন না। তিনি শুধু জানাচ্ছেন, ট্রাম্প বৈঠক ও আলোচনায় আগ্রহী।

প্রথম মেয়াদেও কিমের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।

রুবিও বলেন, আলোচনার মাধ্যমে ইতিবাচক কোনো ফল পাওয়া সম্ভব কি না, তা জানতে হলে উদ্যোগ নিতে হবে। তবে শেষ পর্যন্ত বৈঠকটি নাও হতে পারে। অতীতেও ট্রাম্প আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছেন।

img

গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ৩৯ কারখানা বন্ধ

প্রকাশিত :  ০৫:২৪, ১৮ নভেম্বর ২০২৬

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। মঙ্গলবার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় একই দাবিতে বিক্ষোভ করেন তারা।

এরই ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ছয়দানা এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারী যাত্রীরা।

খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে শ্রমিকেরা অবরোধ অব্যাহত রাখলে সকাল সোয়া ৯টার দিকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। পরে শ্রমিকেরা আবার হারিকেন এলাকায় অবস্থান নেন।

অন্যদিকে, মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরাও বিক্ষোভ করেন। তবে তারা মহাসড়কে অবস্থান নেননি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে জানিয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

জাতীয় এর আরও খবর