img

ইসরাইলি গণহত্যায় যুক্তরাষ্ট্র সবুজ সংকেত দিয়েছে: ইলহান ওমর

প্রকাশিত :  ০৭:৫৬, ০২ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট: ০৯:১১, ০২ মার্চ ২০২৪

ইসরাইলি গণহত্যায় যুক্তরাষ্ট্র সবুজ সংকেত দিয়েছে: ইলহান ওমর

মার্কিন কংগ্রেসম্যান ইলহান ওমর বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিন জনগণের ওপর গণহত্যা চালাতে ইসরাইলকে যুক্তরাষ্ট্র সবুজ সংকেত দিয়েছে ।

গতকাল শুক্রবার তেলআবিবের প্রতি ওয়াশিংটনের সামরিক সহায়তাকে ‘রাষ্ট্রনিয়ন্ত্রিত সহিংসতা’ বলে তিনি উল্লেখ করেছেন। মিনেসোটা থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট প্রতিনিধি ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। 

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ব্যাপক হারে হত্যাকাণ্ড এবং ১০ লাখেরও বেশি মানুষের বাস্তুহারা হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ইলহান ওমর।

কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরাইলের কাছে অতিরিক্ত অস্ত্র সাহায্য পাঠানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করে তিনি বলেন, এই প্রশাসন ফিলিস্তিন জনগণের ওপর গণহত্যার সবুজ সংকেত দিয়ে একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে না। ইসরাইলের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করে দেওয়া কোনো পররাষ্ট্রনীতি নয়। এটি সেসব নিরস্ত্র মানুষের বিরুদ্ধে রাষ্ট্রনিয়ন্ত্রিত সহিংসতা, যারা শুধু শান্তিতে বেঁচে থাকতে চায়।

মার্কিন এই আইনপ্রণেতা বলেন, আমরা যদি সত্যিকার অর্থে মানবতাকে রক্ষা করতে চাই, গাজার নিরপরাধ মানুষকে বাঁচাতে চাই, পণবন্দিদের নিরাপদে ফিরিয়ে আনতে চাই এবং সর্বোপরি শান্তি প্রতিষ্ঠা করার আশা রাখি তা হলে আমাদের এ মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে হবে।

গাজা উপত্যকায় ইসরাইলি নৃশংসতার ব্যাপারে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব নেতাদের নীরবতায় অসন্তোষ প্রকাশ করে ইলহান ওমর বলেন, বাস্তব কোনো পদক্ষেপ না নিয়ে মুখে মানবাধিকারের বুলি গ্রহণযোগ্য হতে পারে না। 

সূত্র: দ্য হিল, প্রেসটিভি

img

মস্কোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৭

প্রকাশিত :  ০৫:৫৬, ১০ ডিসেম্বর ২০২৫

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে রুশ সামরিক বাহিনীর একটি মালবাহী (কার্গো) বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ ওই বিমানটিতে থাকা সাত যাত্রীর সবাই নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) মস্কোর নিকটবর্তী ইভানোভো ঘটেছে এই ঘটনা। খবর তাস নিউজের।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণায় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল এএন-২২ মিলিটারি ট্রান্সপোর্ট এয়াক্রাফট সিরিজের একটি বিমান। রুশ সামরিক বাহিনীতে এ সিরিজের বিমানগুলো কার্গো বিমান হিসেবে ব্যবহৃত হয়। বিমানটির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দেয়। সেই ত্রুটি মেরামতের পর পরীক্ষামূলকভাবে ওড়ানো (টেস্ট ফ্লাইট) হয়েছিল বিমানটিকে। এ সময় বিমানটিতে পাইলটসহ সাত যাত্রী ছিলেন।

সামরিক বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণ পরই সেটি ইভানোভো জেলার একটি এলাকায় আছড়ে পড়ে। রাজধানী মস্কো থেকে ইভানোভোর দূরত্ব ২০০ কিলোমিটার।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজটি একটি বিরান, জনশূন্য এলাকায় বিধ্বস্ত হয়েছে। ফলে পাইলট ও যাত্রীরা ছাড়া আর কারো নিহত বা আহত হওয়ার কোনো আশঙ্কা নেই। 

আরও বলা হয়েছে, বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। সেই কমিটি ইতোমধ্যে কাজও শুরু করেছে।