img

চলতি অর্থবছর প্রবৃদ্ধি কমে ৫ দশমিক ৬ শতাংশ হবে: বিশ্বব্যাংক

প্রকাশিত :  ০৮:০৩, ০২ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ০৯:৪৬, ০২ এপ্রিল ২০২৪

চলতি অর্থবছর প্রবৃদ্ধি কমে ৫ দশমিক ৬ শতাংশ হবে: বিশ্বব্যাংক

অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ২০২৩ অর্থবছরে পাঁচ দশমিক আট শতাংশ দেখিয়ে ছিল বিশ্বব্যাংক। তবে এ বছর প্রবৃদ্ধি পাঁচ দশমিক ছয় শতাংশ হবে জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।  

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের  বিশ্বব্যাংক কার্যালয়ে এটি প্রকাশ করা হয়। সেই সঙ্গে শ্রীলংকার কলম্বো থেকে একযোগে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট।

ঢাকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থাটির সিনিয়র ইকোনমিস্ট রনজিত ঘোষ এবং বানার্ড হ্যাভেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন বিশ্বব্যাংকের বর্হিসম্পর্ক বিভাগের প্রধান মেহেরিন এ মাহবুব।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট, আমদানি সংকুচিত করা, কম রাজস্ব আদায়,  এবং ব্যাপক খেলাপি ঋণসহ আর্থিক খাতের দুর্বলতা অন্যতম চ্যালেঞ্জ। এসব কারণে চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি বাড়বে না। 

আরও বলা হয়েছে, চলতি অর্থবছর বাংলাদেশের জন্য বেশ কয়েকটি ঝুঁকি রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো, মুদ্রা বিনিময় হারের ধীর সংস্কারের ফলে রিজার্ভে টান, আমাদানি সংকোচন করা লাগতে পারে। জিনিসপত্রের দাম বাড়ায় মূর্যস্ফীতি বাড়তে পারে। এ ছাড়া আর্থিক ঝুঁকি বাড়তে পারে, যদি সমন্বিত সংসস্কার কার্যক্রম বাস্তবায়ন করা না হয়।

আরও বলা হয়েছে, খেলাপি ঋণ ২০২২ সালের ডিসেস্বরে ছিল মোট ঋণের ৮ দশমিক ২ শতাংশ। সেটি ২০২৩ সালে বেড়ে ৯ শতাংশ হয়েছে।


img

বাসায় ফিরলেন অর্থ উপদেষ্টা, কাল জারি হতে পারে সচিবালয় ভাতার প্রজ্ঞাপন

প্রকাশিত :  ১৭:১০, ১০ ডিসেম্বর ২০২৫

৬ ঘণ্টারও বেশি সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখার পর পুলিশি সহায়তায় মুক্ত হয়ে তার বাসভবনে ফিরেছেন। আজ বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে একদল পুলিশ সদস্যের সহায়তায় উপদেষ্টা তার দপ্তর ত্যাগ করেন। আগামীকাল বৃহস্পতিবার সচিবালয় ভাতার প্রজ্ঞাপন জারি হতে পারে। আন্দোলনের মুখে আজ বুধবার অর্থ উপদেষ্টা এমন আশ্বাস দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থ উপদেষ্টার কাছে সচিবালয়ে কর্মরত সব কর্মচারী দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মচারীদের সমান ঝুঁকি ভাতা দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু সেই দাবি পূরণ হচ্ছিল না। দুদকের কর্মচারীদের ঝুঁকি ভাতা তাদের মূল বেতনের ৩০ শতাংশ।

ভাতার এই দাবি আদায়ে আজ বেলা আড়াই থেকে রাত সোয়া আটটা পর্যন্ত অর্থ উপদেষ্টাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অর্থ উপদেষ্টা সচিবালয় থেকে পুলিশি সহায়তায় বের হয়েছেন বলে জানা গেছে।

সচিবালয়ের ভেতরে অর্থ বিভাগের জন্য ১৮ তলা ভবন রয়েছে। এ ভবনের চারতলায় অর্থ উপদেষ্টার কার্যালয়। আজ বেলা দুইটার দিকে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অর্থ উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়ে স্লোগান দিতে থাকেন। তার আগে আজ সকালে ঢাকার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা। সেখান থেকে তখনো তিনি কার্যালয়ে ফেরেননি। তবে ফেরার পর খবর পেয়ে আবার তার কার্যালয়ের সামনে জড়ো হন কর্মচারীরা। এ সময় কর্মচারীরা হ্যান্ডমাইকে ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে উপদেষ্টা, মন্ত্রী ও সচিবেরা রাতে যতক্ষণ অফিসে থাকেন, ততক্ষণ তাদেরও অফিস করতে হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত বেতন কাঠামোর বাইরে নানা ধরনের ভাতা পেলেও সচিবালয়ের কর্মচারীদের তা দেওয়া হয় না।

আন্দোলনকারীদের একজন আজ সন্ধ্যায় জানিয়েছিলেন, দীর্ঘদিন থেকেই তাদের ক্ষোভ রয়েছে। রেশনের দাবিতে এর আগেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি আশ্বাস দিয়েছিলেন, রেশনের দিকটি বিবেচনা করবেন। কিন্তু তিনি কথা রাখেননি।

এ ছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালুর আশ্বাস দিয়েও পরে তা কার্যকর করেনি সরকার। নতুন বেতন কমিশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। অর্থ উপদেষ্টা এরই মধ্যে কয়েকবার বলেছেন, বেতন কমিশন বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। 

এর আগে গত ২২ জুন সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতেও অর্থ বিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন কর্মচারীরা।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব মো. নুরুজ্জামাল সাংবাদিকদের জানিয়েছেন, অর্থ উপদেষ্টা কথা দিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার বেলা তিনটার মধ্যে দুদক কর্মচারীদের সমান ঝুঁকি ভাতা হিসেবে আমাদের জন্য ৩০ শতাংশ সচিবালয় ভাতার প্রজ্ঞাপন জারি করবেন। কথা বলার সময় অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং অর্থ বিভাগের বিভিন্ন উইংয়ের অতিরিক্ত সচিবরা উপস্থিত ছিলেন।