img

হাথুরুসিংহে বরখাস্ত, বাংলাদেশের নতুন কোচ সিমন্স

প্রকাশিত :  ১৩:২৯, ১৫ অক্টোবর ২০২৪

হাথুরুসিংহে বরখাস্ত, বাংলাদেশের নতুন কোচ সিমন্স

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে চন্ডিকা হাথুরুসিংহেকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগেই বরখাস্ত হলেন লঙ্কান এ কোচ। 

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাথুরুকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আচরণবিধি ভাঙার অভিযোগে আপাতত শোকজ ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় আপাতত ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। বোর্ড সভাপতি বলেছেন, পরবর্তীতে হাথুরুসিংহেকে ছাঁটাই করা হবে।

 ফারুক আহমেদ বলেন, ‘বর্তমান কোচের ব্যাপারে আমরা চেষ্টা করছিলাম মানিয়ে নিতে। দুই-তিনটা ঘটনা ঘটেছে। ইচ্ছেমতো ছুটি কাটানো, জাতীয় দলের খেলোয়াড়ে গায়ে হাত তোলার মতো ঘটনা কোনোভাবেই দলের জন্য ভালো উদাহরণ ছিল না। তাই তাকে ৪৮ ঘণ্টার শোকজ ও সাসপেনশন দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এটা স্থায়ী হয়ে যাবে।’

২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু সেবার চুক্তির মাঝপথে হাথুরুসিংহে অনেকটা আকস্মিকভাবে বাংলাদেশ ছেড়ে চলে যান। সেই সময়ে আলোচনা ওঠে, কোনও ক্রিকেটার বা বোর্ড কর্তার সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই হয়ত দেশ ছাড়েন তিনি। যদিও অনেক পরে এসে জানান, শ্রীলঙ্কার কোচ হওয়ার কারণেই সেই সময়ে বাংলাদেশের দায়িত্ব ছাড়েন তিনি।

২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩৫ হাজার ডলারে তার সঙ্গে চুক্তি করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। যে চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চুক্তি অনুযায়ী মেয়াদ পূরণ না করে এবারও বরখাস্ত করা হলো হাথুরুসিংহেকে।

দ্বিতীয় মেয়াদে হাথুরুর অধীনে ১০টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। টেস্টে হারজিত সমানে সমান- ৫টি জয় ও ৫টি হার। তবে ওয়ানডেতে ফল ছিল হতাশাজনক- ৩৫ ম্যাচে ১৩টি জয়, হার ১৯টি, ৩ ম্যাচে ফল হয়নি। টি-টোয়েন্টিতে ৩৫ ম্যাচের ১৯টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে ১৫টি, একটিতে ফল হয়নি।

কোচ হাথুরুসিংহেকে নিয়ে পুরোনো দ্বন্দ্ব বিসিবির নতুন বস ফারুক আহমেদের। ২০১৬ সালে দল নির্বাচনে হাথুরুর হস্তক্ষেপের কারণেই প্রধান নির্বাচকের পদ থেকে সরে গিয়েছিলেন ফারুক। বোর্ড প্রধানের দায়িত্ব নেওয়ার আগে একটি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে ফারুক আহমেদ বলেছিলেন, ‘আমি মনে করি না বাংলাদেশ ক্রিকেট দলের জন্য হাথুরু খুব কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।’

রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির সভাপতির চেয়ারে বসেই আগের সিদ্ধান্তেই অটল থাকার কথা জানান ফারুক আহমেদ। দায়িত্ব নেবার প্রথম দিনেই হাথুরুকে বাংলাদেশ দলে না রাখার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। 

অভিযোগ আছে, প্রথম মেয়াদের মতো দ্বিতীয় মেয়াদেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ‘ম্যানেজ’ করে চলতেন হাথুরুসিংহে।  যে কারণে ওয়ানডে বিশ্বকাপে দলের ভরাডুবি, টি২০ বিশ্বকাপের সুপার এইটে হতাশাজনক পারফরম্যান্সেও কোচের কোনো দায় দেখেনি বিসিবি।  ফারুক আহমেদ মনে করেন, হাথুরুসিংহে দেশের ক্রিকেটের কাঠামো নষ্ট করে দিয়েছেন।


img

বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা

প্রকাশিত :  ০৬:৩৪, ০৬ ডিসেম্বর ২০২৫

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ড্র অনুযায়ী, ব্রাজিল পড়েছে গ্রুপ ‘সি’-তে, আর আর্জেন্টিনার জায়গা হয়েছে ‘জে’ গ্রুপে। ফলে গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে নকআউট পর্বে হিসাবটা বেশ জটিল—এবং রোমাঞ্চকর।

যদি আর্জেন্টিনা ও ব্রাজিল দু’দলই নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়, কিংবা দু’দলই রানার্সআপ হিসেবে শেষ করে, তাহলে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হবে সেমিফাইনালে।

যদি একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয় আর অন্যটি রানার্সআপ, সেক্ষেত্রে ঐতিহাসিক এই দ্বৈরথ হতে পারে সরাসরি বিশ্বকাপ ফাইনালে।

আর একটি সম্ভাবনা আরও আছে—যদি তারা সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর কোটায় নকআউটে ওঠে। সেক্ষেত্রে সমীকরণ এতটাই জটিল হয়ে যাবে যে আগে থেকে নির্দিষ্ট করে বলা প্রায় অসম্ভব, কোন রাউন্ডে দেখা হতে পারে দুই জায়ান্টের।

বিশ্বকাপে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপসঙ্গী গতবারের সেমিফাইনালিস্ট মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। এদিকে, আর্জেন্টিনা তাদের গ্রুপে পেয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে।

বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াইয়ে ব্রাজিলের জয়ের পাল্লা এগিয়ে। এখন পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে ব্রাজিল জিতেছে দু’বার, আর্জেন্টিনা একবার, আর একটি ম্যাচ ড্র হয়েছে।

১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে কার্লো আনচেলত্তির ব্রাজিল। একই গ্রুপে রয়েছে হাইতি ও ইংল্যান্ড।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে জে গ্রুপে। যেখানে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা।

বিশ্বকাপে কারা কোন গ্রুপে

গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, প্লে-অফ ‘ডি’ জয়ী (ডেনমার্ক/চেক প্রজাতন্ত্র/আয়ারল্যান্ড/উত্তর মেসিডোনিয়া)।

গ্রুপ ‘বি’: কানাডা, প্লে অফ ‘এ’ জয়ী (ইতালি/ ওয়েলস/বসনিয়া/উত্তর আয়ারল্যান্ড), কাতার, সুইজারল্যান্ড।

গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।

গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, প্লে-অফ ‘সি’ জয়ী দল (তুরস্ক/ স্লোভাকিয়া/ কসোভো/ রোমানিয়া)।

গ্রুপ ‘ই’: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর।

গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, প্লে-অফ ‘বি’ জয়ী দল (ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন), তিউনিসিয়া।

গ্রুপ ‘জি’: বেলজিয়াম, মিসর, ইরান, নিউজিল্যান্ড।

গ্রুপ ‘এইচ’: স্পেন, কেপ ভার্দে, উরুগুয়ে, সৌদি আরব।

গ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল, প্লে-অফ ২ জয়ী দল (ইরাক/ বলিভিয়া/সুরিনাম), নরওয়ে।

গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান।

গ্রুপ ‘কে’: পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, প্লে-অফ ১ জয়ী দল (ডিআর কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালিদোনিয়া)।

গ্রুপ ‘এল’: ইংল্যান্ড. ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।