img

ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় লাখো মানুষ জমায়েতের চেষ্টা, আটক ১১

প্রকাশিত :  ০৬:২৯, ২৫ নভেম্বর ২০২৪

ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় লাখো মানুষ জমায়েতের চেষ্টা, আটক ১১

ঢাকায় সমাবেশে যোগ দিলেই সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে লক্ষ্মীপুরের হতদরিদ্র মানুষদের প্রলোভন দেখানো হয়। 

গতকাল রোববার (২৪ নভেম্বর) রাতে ‘অহিংস আন্দোলন বাংলাদেশ’ নামে একটি সংগঠনের কথিত সেই সমাবেশে নেওয়ার জন্য কমলনগর উপজেলার ৩ শতাধিক নারী-পুরুষ-কিশোর-কিশোরীকে একত্রিত করা হয়। জেলার কমলনগর উপজেলার করইতলা বাজারে ঘটনাটি ঘটে। 

রাতেই স্থানীয়রা তাদেরকে ঘেরাও করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পৌঁছে ৩টি চেয়ারকোচ বাস ও ৪টি মাইক্রোবাস জব্দ করে। এ সময় ১১ জনকে আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় জানায়নি পুলিশ। 

আজ সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাসযাত্রী নারী-পুরুষরা জানায়, একটি চক্র সোমবার ঢাকার শাহবাগ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হতে তাদের উদ্বুদ্ধ করে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা এক হাজার টাকা করে নিয়েছে। ঋণপ্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির জন্য দেওয়া হয়েছে টোকেন। টোকেনধারী সবাইকে দেওয়া হবে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ।

আলেয়া বেগম নামে এক নারী জানান, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান কিংবা শাহবাগে একটি সমাবেশে যোগ দিতে লোকজন নিয়ে যাচ্ছেন তিনি।সেখানে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নিকট তারা প্রস্তাব দেবেন। ওই টাকা থেকে তাদের মতো গ্রামের নারী-পুরুষদের ১ লাখ থেকে বড় অংকের টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হবে বলে জানান তিনি। 

করইতলা বাজার এলাকার বাসিন্দা মোরশেদ আলম বলেন, ৫ আগস্টের কয়েক দিন পর থেকে একটি চক্র গ্রামের মানুষদেরকে সুদমুক্ত ঋণ দেওয়ার নাম করে সংগঠিত করছিল। ঘটনার সময় সেই চক্রের আহ্বানে ৩ শতাধিক নারী-পুরুষ ঢাকায় যাওয়ার জন্য গাড়িতে ওঠেন। পরে স্থানীয়রা তাদেরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়।   

তোরাবগঞ্জ গ্রামের গৃহবধূ নাছিমা ও রৌশন বেগম জানান, গাড়ি ভাড়া হিসেবে তিনি ১ হাজার টাকা দিয়েছেন। আরও অনেকের কাছ থেকেই এভাবে টাকা নিয়েছে স্থানীয় সংগঠকরা। 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে ৩টি বাস ও ৪ টি মাইক্রোবাস জব্দ আছে। তবে মূল হোতাদের আটক করা সম্ভব হয়নি। তারা ঢাকায় আছে। মাঝে মাঝে এসে ফরম পূরণ করে চলে যায়। তারা এখানকার হতদরিদ্র মানুষদেরকে ১ হাজার টাকায় সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়েছে। এতে তাদেরকে ঢাকায় নিয়ে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন সমাবেশ করতে চেয়েছিল। ডিএমপির সঙ্গে কথা হয়েছে। কোনো সমাবেশ হয়নি, হবেও না।

প্রসঙ্গত, দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়ণের দাবিতে ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করার কথা জানিয়েছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। এ নিয়ে শুক্রবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সমাবেশের আয়োজক সংগঠনের সদস্য মো. মাহবুবুল আলম চৌধুরী।

বাংলাদেশ এর আরও খবর

img

জঙ্গল সলিমপুরে কম্বাইন অপারেশন হবে: প্রেস সচিব

প্রকাশিত :  ১১:৫০, ২০ জানুয়ারী ২০২৬

সন্ত্রাসীদের হামলায় জঙ্গল সলিমপুরে র‌্যাবের উপসহকারী পরিচালক আবদুল মোতালেব নিহত হয়েছেন। এই ঘটনাকে অত্যন্ত জঘন্য বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, সেখানে সব বাহিনী একত্রিত হয়ে কম্বাইন অপারেশন চালাবে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। 

প্রেস সচিব বলেন, জঙ্গল সলিমপুরে যে কাজটা হয়েছে, খুবই জঘন্য। এটার আমরা নিন্দা জানাই। পরবর্তীকালে এ জায়গায় আরও জোরদারভাবে অভিযান চালানো হবে। সব বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এর সঙ্গে জড়িত ছিলেন, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন, যারা এটায় ইন্ধন জুগিয়েছেন, আর যারা যুক্ত ছিলেন প্রত্যেককে গ্রেফতার করা হবে। ওখানে আশেপাশে লুট হওয়া যত অস্ত্র আছে, সেগুলো কম্বিং অপারেশনের মাধ্যমেটা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে।

নির্বাচনের অনিশ্চয়তা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনও রকমের আনসার্টেনটি নেই, ইনশাআল্লাহ। নির্বাচন খুব ভালো হবে, ফ্রি ফেয়ার পিসফুল ফেস্টিভ হবে। বাংলাদেশের মানুষ সবাই ভোটকেন্দ্রে আসবেন। আমরা আশা করছি, এটা রেকর্ড টার্ন আউট হবে— এটা আমরা আশা করছি। আমরা মনে করি, পরিস্থিতি যথেষ্ট ভালো। দুই-একটা আইসোলেটেড ঘটনা ঘটছে। বাট নির্বাচন খুব ভালো। আজকের পরে আর মাত্র ২২ দিন আছে। সেটার জন্য যথেষ্ট প্রিপারেশন হচ্ছে। সিসিটিভির বিষয়টা আজকে আমরা আপনাদেরকে পুরো আপডেট দিলাম। তারপরে বডি-ওন ক্যামেরার বিষয়েই হচ্ছে। কালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ৯ লাখ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তো আমরা আশাবাদী খুব ভালো ইলেকশন হবে। আর পলিটিক্যাল পার্টিগুলো অনেক কনস্ট্রাক্টিভ ডায়লগ করছেন। অনেক ধরনের কথাবার্তা বলছেন। যেগুলো নির্বাচনের জন্য ইতিবাচক।

প্রেস সচিব বলেন, ‘কিন্তু তারপর আমরা দেখছি— দুই-একজন ফেসবুকে বা ইউটিউবে এসে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। আমরা তাদের অতীত জানি। তারা কী পরিমাণ দালালি করেছেন, এটা আমাদের খুব ভালোমতো জানা আছে। আমরা এটাতে অবাক হচ্ছি না। এনিওয়ান, এভরিওয়ান ইজ ফ্রি টু স্পিক, তারাও কথা বলছেন। কিন্তু আমরা আবারও আপনাকে বলছি, নির্বাচন ১২ ফেব্রুয়ারি হবে, একদিন আগেও না একদিন পরেও না এবং খুব সুন্দরভাবে হবে।


বাংলাদেশ এর আরও খবর