img

হিংগাজিয়া চা বাগানের মনোমুগ্ধকর লেক

প্রকাশিত :  ০৯:৪২, ৩১ জানুয়ারী ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:৫১, ৩১ জানুয়ারী ২০২৫

হিংগাজিয়া চা বাগানের মনোমুগ্ধকর লেক

সংগ্রাম দত্ত: হিংগাজিয়া চা বাগান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অবস্থিত। এই চা বাগানের ভেতরে রয়েছে এক মনোমুগ্ধকর লেক। দেখে মনে হয় হঠাৎ সবুজের মাঝে ঝকঝকে এক অপ্সরি। এই প্রাকৃতিক সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। 

পাখির কলকাকলিতে চারিদিক পরিপূর্ণ। লেকটি চারপোশে পাহাড় আর টিলায় চা বাগান। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। দূরের পাহাড় দেখে মনে হয় আকাশের নীল এসে যেন দিগন্ত ছুঁয়েছে। উঁচু এক পাহাড়ে পতাকার মতো সবুজের মাঝে লাল রঙের টিলাঘরে আরও চোখ জুড়ায়। 

লেকটির অবস্থান কুলাউড়া উপজেলার হিংগাজিয়া চা বাগানের ১০ নম্বর সেকশনে। লেকটির চারপাশে চাবাগানে বেষ্টিত। দুই প্রান্তে কাঠ ও লাল টিন দিয়ে তৈরি দুটি ঘর। পাহাড়ের বুক চিরে মনোরম লেক। যা সৌন্দর্যকে নতুন মাত্রা দিয়েছে। আর টিলাঘরে বসে নীল আকাশের নীচে এই অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়।

লেকটিতে যেতে চা বাগানের অপরুপ সৌন্দর্যের ভেতর দিয়ে যেতে হয়। পথে বাগানের ভেতর উঁচু পাহাড়ে চা শ্রমিকদের চায়ের পাতা তোলার দৃশ্য চোখে পড়ে। আর দেখা যায়, রাবার বাগানের অপরূপ দৃশ্য। পথে মেলে বানরের দল, গাছের এক ডাল থেকে আরেক ডালে লাফাচ্ছে। 

সবুজের গালিচা বিছানো চা বাগানের অপরূপ দৃশ্য প্রকৃতিপ্রেমী যে কারো মন আন্দোলিত করবে। সবুজ চায়ের ঘ্রাণ মনটাকে প্রফুল্ল করে তুলবে। 

টিলাঘরে বসে উপভোগ করা যায়, হিমেল হাওয়া, পশ্চিমে রক্তিম আকাশ আর পাহাড়ের নির্মল সবুজ। পাহাড় থেকে ভেসে আসে নানান প্রজাতির পাখির কাকলি। এ  যেন এক স্বপ্নের দেশ! এই সৌন্দর্যের রাজ্যে না হারিয়ে উপায় নেই। এখানে কখন যে সময় গড়িয়ে যায়, তার হিসাব থাকে না। হিসাব রাখার দরকারও পড়ে না। প্রথমবার গিয়ে মনে হবে অনন্তকাল থাকা যাবে এমন পরিবেশে।

 এখানকার প্রাকৃতিক দৃশ্য অনেকটা সাজেকের মত । লেক এবং চাবাগানের কম্বিশনে দারুণ জায়গাটা।

শীতের মৌসুম থাকায় এখানকার রাস্তা অনেক ভালো। লেকে আসতে চাবাগান, রাবার বাগানসহ লাল গালিচা বিছানো রাস্তা পাড়ি দিতে হয়। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এখানকার। এখানে এসে অনেক ভালো লেগেছে। জায়গাটি উপভোগ করেছি। এখানে আগামীতে আবারও আসার চিন্তা  আছে।

 এখানের দৃশ্য অত্যন্ত মনোরম। পাখির কোলাহল, লেক সচরাচর দেখা যায় না। এটা অনেক বড় লেক। এই লেকটি অন্যান্য লেকের চাইতে আরও সুন্দর।

লেকের পাশে বড় বড় পাহাড় রয়েছে। পাহাড়ের মধ্যে দিয়ে কুয়াশা জড়ানো দৃশ্য দেখে মনে হয় মিনি সাজেক। 

কর্তব্যরত কয়েকজন গার্ডদের সঙ্গে কথা বলে জানা যায়, লেকটি খনন করা হয়েছে চারা গাছে পানি দেওয়ার জন্যে। তবে জায়গাটি এখন সবার জন্যে উন্মুক্ত।

img

শ্রীমঙ্গলে ইতিহাসের নতুন দিগন্ত: দেবী সরস্বতীর ষোড়শ রূপের ব্যতিক্রমী পূজা

প্রকাশিত :  ০৪:২১, ২৪ জানুয়ারী ২০২৬

সংগ্রাম দত্ত: চায়ের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দেশের অন্যতম পর্যটন নগরী শ্রীমঙ্গল এবার সাক্ষী থাকল এক ঐতিহাসিক ও ব্যতিক্রমী ধর্মীয়–সাংস্কৃতিক আয়োজনের। শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ গোসাইবাড়ি রোড সংলগ্ন লালবাগ যুব কিশোর সংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো দেবী সরস্বতীর ষোড়শ রূপের পূজা—যা এশিয়া মহাদেশে এই প্রথম। একই পূজামণ্ডপে দেবী সরস্বতীর ১৬টি ভিন্ন ভিন্ন রূপ এবং মূল প্রতিমাসহ মোট ১৭টি মূর্তি নির্মাণ করে পূজা করা হয়েছে।

এই আয়োজন কেবল একটি ধর্মীয় উৎসবেই সীমাবদ্ধ নয়; বরং এটি জ্ঞান, প্রজ্ঞা, শিল্প ও দর্শনের এক জীবন্ত প্রদর্শনী। প্রতিটি রূপে দেবী সরস্বতী আবির্ভূত হয়েছেন ভিন্ন ভিন্ন অর্থ ও ব্যঞ্জনায়। কোথাও তিনি জ্ঞানের আলোকবর্তিকা, কোথাও অজ্ঞতা বিনাশী শক্তি, আবার কোথাও সৃজনশীলতা, সংগীত ও মানবিক চেতনার প্রতীক।

গৌরী রূপে দেবী সরস্বতী জ্ঞান, মেধা ও সৌন্দর্যের প্রতীক হয়ে মানবচেতনাকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেছেন। মানবী রূপে তিনি মানবজাতির কল্যাণ ও প্রজ্ঞাবৃদ্ধির বার্তা বহন করেন। মানসী রূপে মন, চেতনা ও বিবেক আলোকিত করেন, আর মহাকালী ও কালী রূপে অজ্ঞতা ও অসত্য ধ্বংসের শক্তিকে প্রতিফলিত করেন।

বজ্রশৃঙ্খলা রূপে দেবী অজ্ঞতার শৃঙ্খল ভেঙে জ্ঞানকে অপরাজেয় শক্তিতে রূপ দেন। কুলি শাঙ্কুশা রূপে বিদ্যা, বুদ্ধি ও সংযমের শিক্ষা দেন। মহামানব, প্রজ্ঞপ্তী ও চকেশ্বরী রূপে সত্য–অসত্যের পার্থক্য অনুধাবন, নৈতিকতা ও শক্তির সমন্বয়ের দর্শন ফুটে ওঠে।

পুরুষ দত্তা ভারতীয়, বৈরাট্যা, মোহিনী ও গান্ধারী রূপে ভাষা, বাগ্মী শক্তি, সৃজনশীলতা ও সংগীতকলার বিকাশের প্রতীক হয়ে উঠেছেন দেবী সরস্বতী। সর্বশেষ আচ্ছুপ্তা রূপে তিনি মায়া ও অজ্ঞতা দূর করে মানবচেতনাকে জ্ঞান, প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টির আলোয় উদ্ভাসিত করেছেন।

নিপুণ কারুকাজ, রঙের নান্দনিক ব্যবহার এবং প্রতিটি প্রতিমার ভাবনাগত গভীরতা দর্শনার্থীদের মুগ্ধ করেছে। প্রতিটি মূর্তি যেন আলাদা আলাদা গল্প বলে—মানুষের মন, বিবেক ও বুদ্ধির গভীরে আলো জ্বালানোর গল্প।
লালবাগ যুব কিশোর সংঘের সভাপতি কৌশিক দত্ত ও উপদেষ্টা প্রান্ত মিশ্র জানান, “এশিয়া মহাদেশে এই প্রথম দেবী সরস্বতীর ষোড়শ রূপের এমন পূর্ণাঙ্গ আয়োজন করতে পেরে আমরা গর্বিত। আমাদের লক্ষ্য ছিল দেবী সরস্বতীকে কেবল বিদ্যার দেবী হিসেবে নয়, বরং মানবচেতনার সর্বাঙ্গীণ বিকাশের প্রতীক হিসেবে তুলে ধরা।”
সকাল থেকেই পূজামণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় প্রমাণ করে, এই ব্যতিক্রমী আয়োজন কতটা হৃদয় ছুঁয়ে গেছে সাধারণ মানুষের।

শ্রীমঙ্গলের এই অনন্য উদ্যোগ নিঃসন্দেহে ধর্মীয় উৎসবের গণ্ডি পেরিয়ে জ্ঞান, শিল্প ও মানবিক চেতনার এক স্মরণীয় মিলনমেলায় রূপ নিয়েছে।

সিলেটের খবর এর আরও খবর