img

সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ ৮ ফেব্রুয়ারি: আসিফ নজরুল

প্রকাশিত :  ১৩:৪৬, ০৪ ফেব্রুয়ারী ২০২৫

সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ ৮ ফেব্রুয়ারি: আসিফ নজরুল

আগামী ৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে এসব তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এসময় প্রেস সেক্রেটারি শফিকুল আলম, উপ প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশনের প্রধানরা বৈঠক করেছেন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট ৮ ফেব্রুয়ারি প্রকাশের আশা করা যাচ্ছে। ওইদিন একইসঙ্গে ছয় সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদি কী আছে বা ভবিষ্যতে নির্বাচনের পরে কী করা যায় সেটির সুপারিশনামা পেশ করবেন। এই সুপারিশনামা এবং কমিশনগুলোর রিপোর্ট আমরা সব রাজনৈতিক দল এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে তাদের কাছে সে দিনই পৌঁছে দেবো। এরপর রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতাক্রমে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা বলেন, আশা করছি এটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে তারিখ নির্ধারণ করা হবে। জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনের প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস। এখানে সব রাজনৈতিক দল এবং আন্দোলনের পক্ষের শক্তির প্রতিনিধিরা থাকবেন এবং কমিশনগুলোর প্রধানরা থাকবেন। বৈঠকটি ফরেন সার্ভিস অ্যাকাডেমিতেই হবে।

তিনি আরও বলেন, আমরা আশা করছি এই আলোচনা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হবে, সেটি সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে এবং যত দ্রুত সম্ভব সংস্কারের ক্ষেত্রে করণীয় কী সেটা ঠিক করা হবে। এই ছয়টি কমিশন গঠন করাই হয়েছিল সুষ্ঠু নির্বাচনের পথে আমাদের উত্তরণকে সামনে রেখে এবং সঙ্গে কিছু জরুরি রাষ্ট্র সংস্কারের মীমাংসা করার জন্য।

img

খালেদা জিয়ার চিকিৎসায় সাড়া দিচ্ছেন : ডা. জাহিদ

প্রকাশিত :  ১৪:০২, ১০ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৬:১৩, ১০ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রেখেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে। বর্তমানে তিনি হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন। তবে চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন এবং রেসপন্স (সাড়া) করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

আজ বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. জাহিদ বলেন, আমরা আশ্বস্ত করতে চাই খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি আগের মতোই সেটি গ্রহণ করতে পারছেন এবং তিনি সত্যিকার অর্থে রেসপন্স করছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে চেষ্টা করে যাচ্ছেন যেন সর্বোত্তম সেবা নিশ্চিত করা যায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসা যেন তিনি (খালেদা জিয়া) পেতে পারেন, সেজন্য চিকিৎসকদের পরামর্শক্রমে চিকিৎসা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সদস্যরাও আশাবাদী যে তার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে প্রয়োজনে তাকে যে কোনো সময় দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অনেকে সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে বিভিন্ন ধরনের কথা বলেন। কিন্তু আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই যেন, খালেদা জিয়ার মতো এমন একজন নেত্রীর বিষয়ে আবেগ বা অনুভূতি প্রকাশ করতে গিয়ে যেন বিভ্রান্তি সৃষ্টি না করি। আমরা বলতে চাই তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন তেমন সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা তিনি পাচ্ছেন।

এর আগে সোমবার (৮ ডিসেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র জানায়, বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে জার্মানভিত্তিক একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার আসার কথা ছিল কিন্তু সেটি আসছে না। অর্থাৎ বেগম জিয়া আপাতত লন্ডন যাচ্ছেন না।

গত ১৪ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন। এদিকে বেগম জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান গত শুক্রবার দেশে এসেছেন। নিয়ম করে তিনি খোঁজ নিচ্ছেন শাশুড়ির। অন্যদিকে লন্ডন থেকেও চিকিৎসার বিষয়ে খোঁজ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সবশেষ কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে তার চিকিৎসায় দেশি, বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডের অন্যতম সদস্য ডা. জুবাইদা রহমান।


জাতীয় এর আরও খবর