img

পাকিস্তানে ট্রেনে হামলা, ৪৫০ যাত্রী জিম্মি

প্রকাশিত :  ১২:৫৫, ১১ মার্চ ২০২৫

পাকিস্তানে ট্রেনে হামলা, ৪৫০ যাত্রী জিম্মি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে মঙ্গলবার সশস্ত্র জঙ্গিরা একটি ট্রেনে হামলা চালিয়ে ৪৫০ জনের বেশি যাত্রীকে জিম্মি করেছে। এ ঘটনা ট্রেনটির চালক আহত হয়েছেন।

স্থানীয় সময় দুপুর ১টার দিকে প্রত্যন্ত সিবি জেলায় এ ঘটনা ঘটে, যেখানে ট্রেনটির নির্ধারিত স্টপেজ ছিল। ট্রেনটি সকাল ৯টার দিকে কোয়েটা থেকে যাত্রা শুরু করে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশাওয়ারের উদ্দেশে রওনা হয়েছিল, যা ৩০ ঘণ্টারও বেশি সময়ের যাত্রাপথ।

এদিকে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেছে, বন্দুকধারীরা রেললাইনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয় এবং প্রত্যন্ত সিবি জেলায় ট্রেনটি থামিয়ে দেয়।

বিএলএ হুঁশিয়ারি দিয়েছে, জিম্মিদের উদ্ধারে কোনো চেষ্টা করা হলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।

প্রাদেশিক রাজধানী কোয়েটার জ্যেষ্ঠ রেলওয়ে কর্মকর্তা মুহাম্মদ কাশিফ এএফপিকে জানান, ‘ট্রেনের ভেতরে থাকা ৪৫০ জনের বেশি যাত্রীকে বন্দুকধারীরা জিম্মি করে রেখেছে। যাত্রীদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

এ ছাড়া সিবির পার্শ্ববর্তী এলাকা থেকে নাম না প্রকাশের শর্তে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘জাফর এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেনকে জঙ্গিরা থামিয়ে দেয়। যাত্রীদের জিম্মি করে রাখা হয়েছে এবং ট্রেনচালক আহত হয়েছেন।’

ট্রেনটি যেখানে আটকে আছে, সেই অঞ্চলটি পাহাড়বেষ্টিত হওয়ায় জঙ্গিদের জন্য আশ্রয়স্থল তৈরি করা ও হামলার পরিকল্পনা করা সহজ হয়। একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আশপাশের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

দারিদ্র্যপীড়িত বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী কয়েক দশক ধরে বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে। এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ থেকে বাইরের লোকজন মুনাফা লুটে নিচ্ছে বলে অভিযোগ তুলেছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী, অথচ স্থানীয় জনগণ এর কোনো সুফল পাচ্ছে না। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পশ্চিম সীমান্ত অঞ্চলে সহিংসতা বেড়েছে।

ইসলামাবাদভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পাকিস্তানে হামলায় এক হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়, যা প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বছর।

সূত্র : এএফপি

img

মাঝ আকাশে বিপত্তি, মহাসড়কে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান

প্রকাশিত :  ০৬:৫০, ১০ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৫৫, ১০ ফেব্রুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এক ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ করতে গিয়ে বেশ কয়েকটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে একটি উড়োজাহাজ। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) দেশটিতে এই দুর্ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির। 

মার্কিন পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একক ইঞ্জিনের প্রশিক্ষণ বিমানটির পাইলট এটিকে মহাসড়কেই জরুরি অবতরণ করাতে বাধ্য হন। এর কারণ হিসেবে বলা হয়েছে, বিমানবন্দরে ফিরে যাওয়ার মতো সক্ষমতা ছিল না বিমানটির।

ইতোমধ্যে বিমান সড়কে আছড়ে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছডিয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ছোট বিমানটি ব্যস্ত সড়কে জরুরি অবতরণের পর বেশ কয়েকটি গাড়ির সঙ্গে ধাক্কা খাচ্ছে। 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটিতে বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অবতরণের পর বিমানটির ডান দিকের ডানা একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে উড়োজাহাজের জ্বালানি ট্যাংক আলগা হয়ে ছিটকে একটি এসইউভির পেছনের অংশে ঢুকে যায়।

বিমান দুর্ঘটনার পর ইতোমধ্যে সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ যানজটের বিষয়ে সতর্ক করা হয়েছে। 

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, বিমানটি জর্জিয়ার গেইনসভিলের লি গিলমার মেমোরিয়াল বিমানবন্দর থেকে ক্যান্টনের চেরোকি কাউন্টি রিজিওনাল বিমানবন্দরে যাচ্ছিল।  

উড্ডয়নের কিছুক্ষণ পরই পাইলট ইঞ্জিনে ত্রুটি অনুভব করেন, তিনি গেইনসভিলে ফিরে আসার সিদ্ধান্ত নেন। তবে বিমানবন্দরে পৌঁছানোর মতো যথেষ্ট সক্ষমতা না থাকায় পাইলট রাস্তায় জরুরি অবতরণ করেন এবং বিমানটি তিনটি গাড়িতে আঘাত হানে বলে জানায় এনটিএসবি।

এই ঘটনার তদন্ত করা হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 


আন্তর্জাতিক এর আরও খবর