img

নয় মাস মহাকাশে আটকে থাকা দুই নভোচারী ফিরলেন পৃথিবীতে

প্রকাশিত :  ০৬:৫১, ১৯ মার্চ ২০২৫

নয় মাস মহাকাশে আটকে থাকা দুই নভোচারী ফিরলেন পৃথিবীতে

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রায় নয় মাস কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরেছেন মার্কিন মহাকাশ সংস্থা নাসার দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস।

গত জুনে আট দিনের মিশনে মহাকাশে গিয়েছিলেন তারা। তবে যে মহাকাশযানে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সেটায় যান্ত্রিক ত্রুটি সৃষ্টি হওয়ায় তাদের সেখানে এতদিন থাকতে হলো।

প্রায় ১৭ ঘণ্টার সফর শেষে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার তাদের নিয়ে ভূপৃষ্টে অবতরণ করে স্পেস এক্সের ক্যাপসুল। ফ্লোরিডার উপকূলে নেমে আসে এটি।

নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ব্যবস্থাপক স্টিভ স্টিচ জানিয়েছেন, ক্যাপসুলের আরোহীরা সবাই ভালো আছেন।

২০২৪ সালের জুনে শুরু হয়েছিল বুচ এবং সুনির এই অভিযান। তারা বোয়িং নির্মিত স্টারলাইনার মহাকাশযানের প্রথম মানববাহী পরীক্ষামূলক ফ্লাইটের অংশ হিসেবে আইএসএস-এ যাচ্ছিলেন। কিন্তু যাত্রাপথে যানের কারিগরি সমস্যা দেখা দিলে সেটিকে পৃথিবীতে ফিরিয়ে আনা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

পরিস্থিতি বিবেচনায় স্টারলাইনার খালি অবস্থায় সেপ্টেম্বরের শুরুতে ফিরে আসে। ফলে বুচ এবং সুনিকে আইএসএস-এ থেকে যেতে হয় এবং ফেরার জন্য নতুন একটি যান খুঁজতে হয়।

এই দীর্ঘ সময়কে বুচ এবং সুনি ইতিবাচকভাবেই গ্রহণ করেন।

পরে নাসা সিদ্ধান্ত নেয় যে, তাদের পরবর্তী স্পেসএক্স মিশনেই বুচ ও সুনিকে ফেরানো হবে। সে অনুযায়ী সেপ্টেম্বরের শেষ দিকে আসা স্পেসএক্স ক্যাপসুলটি ছিল চারজনের জন্য, তবে দুটি আসন খালি রাখা হয় তাদের জন্য।

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

ফোন হারালেও দূর থেকেই যেভাবে ডিলিট করতে পারবেন নিজের ছবি-ভিডিও

প্রকাশিত :  ০৮:৩৪, ১০ ফেব্রুয়ারী ২০২৬

স্মার্টফোন এখন শুধু কল বা মেসেজের যন্ত্র নয়—এতে জমা থাকে ব্যক্তিগত ছবি-ভিডিও, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ব্যাংকিং অ্যাপ ও সোশ্যাল মিডিয়ার মতো সংবেদনশীল তথ্য। ফোন হারানো বা চুরি হলে সবচেয়ে বড় ঝুঁকি এসব ডাটার নিরাপত্তা। তবে সুখবর হলো, ফোন হাতে না থাকলেও দূর থেকেই পুরো ডাটা ডিলিট করা সম্ভব। 

চলুন, জেনে নেওয়া যাক ফোন হারালে কীভাবে দূর থেকেই ব্যক্তিগত ছবি-ভিডিও ডিলিট করার নিয়ম—

অ্যান্ড্রয়েড ফোন হারালে করণীয়

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগলের Find My Device সেবা বেশ কার্যকর। ফোনে আগে থেকেই গুগল অ্যাকাউন্ট লগইন ও ইন্টারনেট চালু থাকতে হবে। অন্য কোনো ফোন বা কম্পিউটার থেকে ব্রাউজারে গিয়ে Find My Device ওপেন করে নিজের গুগল অ্যাকাউন্টে লগইন করুন। হারানো ফোনটি সিলেক্ট করে ‘Erase Device’ অপশনে ক্লিক করলেই ছবি, ভিডিওসহ সব ডাটা স্থায়ীভাবে মুছে যাবে।

আইফোন হারালে যেভাবে ডাটা মুছবেন

আইফোন ব্যবহারকারীরা Find My iPhone ফিচার ব্যবহার করতে পারেন। আইক্লাউডে অ্যাপল আইডি লগইন ও ফিচারটি অন থাকতে হবে। অন্য ডিভাইস থেকে iCloud.com এ গিয়ে অ্যাপল আইডি দিয়ে লগইন করুন, ‘Find Device’ অপশনে হারানো আইফোন নির্বাচন করে ‘Erase iPhone’ চাপুন। এতে ফোনের সব ব্যক্তিগত তথ্য ডিলিট হয়ে যাবে।

ক্লাউড ব্যাকআপ থাকলে দুশ্চিন্তা কম

যদি আগে থেকেই গুগল ফটোস বা আইক্লাউড ব্যাকআপ চালু থাকে, তাহলে ফোন থেকে ডাটা মুছে গেলেও ক্লাউডে থাকা ছবি-ভিডিও নিরাপদ থাকবে। নতুন ফোনে লগইন করলেই সেগুলো আবার পাওয়া যাবে।

অ্যাকাউন্ট ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন

ফোন হারানোর পর দ্রুত গুগল বা অ্যাপল আইডির পাসওয়ার্ড বদলানো জরুরি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ই-মেইল থেকে লগআউট করুন, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করুন এবং সিম কার্ড বন্ধ করতে অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন।

আগাম সতর্কতাই সেরা সুরক্ষা

ফোন হারানোর ঝুঁকি কমাতে আগে থেকেই Find My Device/Find My iPhone চালু রাখা, শক্তিশালী স্ক্রিন লক ব্যবহার, নিয়মিত ক্লাউড ব্যাকআপ এবং গুরুত্বপূর্ণ ফাইল এনক্রিপ্ট করে রাখা বুদ্ধিমানের কাজ।