img

ভিসির অপসারণ দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা

প্রকাশিত :  ০৭:৩৭, ২২ এপ্রিল ২০২৫

 ভিসির অপসারণ দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের ১৮ ঘণ্টা পার হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার বেলা ১১টায় ২৯ জন শিক্ষার্থী অনশন চালিয়ে যাচ্ছেন। এর আগে সোমবার বিকাল ৪টায় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশনে অংশ নেয়। এর মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েন। আরও একজন মায়ের অসুস্থতাজনিত কারণে বাড়িতে ফিরে গেছেন।

এদিকে, দীর্ঘ সময় না খেয়ে থাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা দুর্বল হয়ে পড়ছেন। দাবি পূরণে অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে রয়েছেন তারা।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার সকালে আবারো শিক্ষার্থীদের আমরণ কর্মসূচি থেকে সরে এসে আলোচনায় বসার আহ্বান জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক ড. মো. আব্দুল্লাহ ইলিয়াস অনশনস্থলে এসে ছাত্রদের খোঁজখবর নিয়েছেন।

এর আগে, সোমবার বেলা আড়াইটায় ছাত্র কল্যাণ পরিচালক, সহকারী পরিচালক, ডেপুটি পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত অনশনস্থল স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় অবস্থান নেন। টানা আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়েও শিক্ষার্থীদের নমনীয় করতে না পেরে ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালকসহ শিক্ষকরা সেখান থেকে চলে যান।

এদিকে অনশনরত শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের এক দফা দাবিতে অনড় থাকে। তারা বলছেন, এক দফা দাবি বাস্তবায়ন না হলে অনশন থেকে তারা সরবেন না।

রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি হামলার ঘটনা ঘটে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়। এরপর থেকেই ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।


img

ঢাবির নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

প্রকাশিত :  ১১:৫৯, ১৬ মার্চ ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

আজ সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন নিয়াজ আহমদ খান। ওই দিন ঢাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিয়াজ আহমদ খান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন। নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তার মূল পদে (উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–১ অধ্যাপক) ফেরার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন। ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আজ নিয়াজ আহমদ খান আবেদনপত্র জমা দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আগস্টের শেষের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের দায়িত্ব নিয়েছিলেন।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বর্তমানে বাউবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। সংশ্লিষ্ট সূত্রমতে, উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি এখন তার নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরে শীর্ষ প্রশাসনিক পদের দায়িত্ব গ্রহণ করবেন।


শিক্ষা এর আরও খবর