‘ওয়ার ২’-র জন্য কত পারিশ্রমিক নিলেন হৃত্বিক-কিয়ারা?
নেট জগতে উন্মুক্ত হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’-এর টিজার, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রশংসায় ভাসছেন হৃত্বিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানিরা। প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হলেন হৃত্বিক রোশন, জুনিয়র এনটিআর।
টিজারে তাদের জমজমাট লড়াই দেখে ভক্তরাও খুশি, নতুন সংযোজন হিসেবে রয়েছেন কিয়ারা আদভানি। প্রথমবারের মতো বিকিনি লুকে হাজির অভিনেত্রী, যা এখন রীতিমতো ভাইরাল।
তবে জানেন কি, এই ছবির বাজেট কত এবং অভিনেতাদেরই বা কত পারিশ্রমিক দেওয়া হয়েছে?
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের ‘ওয়ার’ ছবির জন্য ১৭০ কোটি খরচ করেছিলেন নির্মাতারা। এখন ‘ওয়ার ২’-এর জন্য নির্মাতাদের বাজেট ছিল ১২০ কোটিরও বেশি। অভিনেতাদের পারিশ্রমিকের কথা বলতে গেলে, জুনিয়র এনটিআর বর্তমানে কোনো সিনেমায় অভিনয়ের জন্য ৪৫ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন।
কিন্তু খবর, ওয়ার ২-এর জন্য তিনি তাঁর পারিশ্রমিক কমিয়ে ৩০ কোটি করেছেন।
একই সঙ্গে হৃত্বিক রোশন নিয়েছেন ৪৮ কোটির কাছাকাছি। অন্যদিকে কিয়ারা পেয়েছেন ১৫ কোটি রুপি। আর পরিচালক অয়ন মুখোপাধ্যায় পরিচালনার জন্য নিয়েছেন ৩২ কোটি রুপি। অর্থাৎ, দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআরের পারিশ্রমিক পরিচালকের থেকেও কম।
ভারতের বাইরে আবুধাবি, জাপান, ইতালি, স্পেন, রাশিয়ার মতো লোকেশনে হয়েছে সিনেমাটির শুটিং। মোট ১৫০ দিন শুটিং করেছে গোটা টিম। এ ছাড়া শোনা যাচ্ছে, জুনে শুটিং হতে চলেছে হৃত্বিক ও জুনিয়র এনটিআরের মধ্যে একটি নাচের আইটেম। এরপর ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ওয়ার ২’-এর।



















