বলিউডের ‘কাঁটা লাগা’ গার্ল শেফালী জারিওয়ালা আর নেই
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত শেফালী জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অভিনেত্রীর স্বামী অভিনেতা পরশ ত্যাগী তাকে হাসপাতালে নিয়ে যান বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
তবে এখনো পর্যন্ত শেফালীর মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে তিনি হার্ট অ্যাটাক করেছেন বলেই ধারণা করা হচ্ছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে পারফর্ম করার মাধ্যমে আলোচনায় আসেন শেফালী। এরপর তেমন উল্লেখযোগ্য আর কোনো প্রজেক্টে কাজ করতে না পারলেও সেই ‘কাঁটা লাগা’ গানের কারণেই তাকে মনে রেখেছেন ভক্তরা। ২০১৯ সালে রিয়েলিটি শো বিগ বস ১৩-তেও অংশগ্রহণ করেছিলেন মুম্বাইয়ে জন্ম নেওয়া এই অভিনেত্রী।



















