img

হবিগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

প্রকাশিত :  ০৬:৪৫, ০৭ জুলাই ২০২৫

হবিগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার বহিষ্কার হওয়া যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

গতকাল রবিবার (৬ জুলাই) রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তারের করার তথ্য দিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সাহাবুদ্দিন শাহীন।

তিনি বলেন, সাকিব বর্তমানে থানায় রয়েছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার শাখার সদস্য সচিব আহমদ রেজা হাসান মাহদীসহ চারজন নেতাকর্মীর ওপর হামলার মামলার প্রধান আসামি সাকিব।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত ৯ মে বিক্ষোভ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে পুরাতন হাসপাতাল সংলগ্ন নার্সিং ইনস্টিটিউটের সামনে মাহদী ও তার সঙ্গীরা হামলার শিকার হন। এতে মাহদীসহ চারজন গুরুতর আহত হন।

এর দুদিন পর হবিগঞ্জ সদর মডেল থানায় সাকিবকে প্রধান আসামি করে মামলা করেন মাহদী।

এরপর সাকিবের দুই সহযোগী এবং মামলার আসামি নুর আলম চৌধুরী ও রেজাউল হাসান রাজু নামে দুইজনকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

এর আগে, গত ৬ মে ‘শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা ও মামলা বাণিজ্যের’ অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাকিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

সংগঠনের জেলার আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদীর যৌথ নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে তখন তথ্য দিয়েছিলেন জেলার মুখপাত্র রাশেদা বেগম।

img

শ্রীমঙ্গলে ইতিহাসের নতুন দিগন্ত: দেবী সরস্বতীর ষোড়শ রূপের ব্যতিক্রমী পূজা

প্রকাশিত :  ০৪:২১, ২৪ জানুয়ারী ২০২৬

সংগ্রাম দত্ত: চায়ের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দেশের অন্যতম পর্যটন নগরী শ্রীমঙ্গল এবার সাক্ষী থাকল এক ঐতিহাসিক ও ব্যতিক্রমী ধর্মীয়–সাংস্কৃতিক আয়োজনের। শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ গোসাইবাড়ি রোড সংলগ্ন লালবাগ যুব কিশোর সংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো দেবী সরস্বতীর ষোড়শ রূপের পূজা—যা এশিয়া মহাদেশে এই প্রথম। একই পূজামণ্ডপে দেবী সরস্বতীর ১৬টি ভিন্ন ভিন্ন রূপ এবং মূল প্রতিমাসহ মোট ১৭টি মূর্তি নির্মাণ করে পূজা করা হয়েছে।

এই আয়োজন কেবল একটি ধর্মীয় উৎসবেই সীমাবদ্ধ নয়; বরং এটি জ্ঞান, প্রজ্ঞা, শিল্প ও দর্শনের এক জীবন্ত প্রদর্শনী। প্রতিটি রূপে দেবী সরস্বতী আবির্ভূত হয়েছেন ভিন্ন ভিন্ন অর্থ ও ব্যঞ্জনায়। কোথাও তিনি জ্ঞানের আলোকবর্তিকা, কোথাও অজ্ঞতা বিনাশী শক্তি, আবার কোথাও সৃজনশীলতা, সংগীত ও মানবিক চেতনার প্রতীক।

গৌরী রূপে দেবী সরস্বতী জ্ঞান, মেধা ও সৌন্দর্যের প্রতীক হয়ে মানবচেতনাকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেছেন। মানবী রূপে তিনি মানবজাতির কল্যাণ ও প্রজ্ঞাবৃদ্ধির বার্তা বহন করেন। মানসী রূপে মন, চেতনা ও বিবেক আলোকিত করেন, আর মহাকালী ও কালী রূপে অজ্ঞতা ও অসত্য ধ্বংসের শক্তিকে প্রতিফলিত করেন।

বজ্রশৃঙ্খলা রূপে দেবী অজ্ঞতার শৃঙ্খল ভেঙে জ্ঞানকে অপরাজেয় শক্তিতে রূপ দেন। কুলি শাঙ্কুশা রূপে বিদ্যা, বুদ্ধি ও সংযমের শিক্ষা দেন। মহামানব, প্রজ্ঞপ্তী ও চকেশ্বরী রূপে সত্য–অসত্যের পার্থক্য অনুধাবন, নৈতিকতা ও শক্তির সমন্বয়ের দর্শন ফুটে ওঠে।

পুরুষ দত্তা ভারতীয়, বৈরাট্যা, মোহিনী ও গান্ধারী রূপে ভাষা, বাগ্মী শক্তি, সৃজনশীলতা ও সংগীতকলার বিকাশের প্রতীক হয়ে উঠেছেন দেবী সরস্বতী। সর্বশেষ আচ্ছুপ্তা রূপে তিনি মায়া ও অজ্ঞতা দূর করে মানবচেতনাকে জ্ঞান, প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টির আলোয় উদ্ভাসিত করেছেন।

নিপুণ কারুকাজ, রঙের নান্দনিক ব্যবহার এবং প্রতিটি প্রতিমার ভাবনাগত গভীরতা দর্শনার্থীদের মুগ্ধ করেছে। প্রতিটি মূর্তি যেন আলাদা আলাদা গল্প বলে—মানুষের মন, বিবেক ও বুদ্ধির গভীরে আলো জ্বালানোর গল্প।
লালবাগ যুব কিশোর সংঘের সভাপতি কৌশিক দত্ত ও উপদেষ্টা প্রান্ত মিশ্র জানান, “এশিয়া মহাদেশে এই প্রথম দেবী সরস্বতীর ষোড়শ রূপের এমন পূর্ণাঙ্গ আয়োজন করতে পেরে আমরা গর্বিত। আমাদের লক্ষ্য ছিল দেবী সরস্বতীকে কেবল বিদ্যার দেবী হিসেবে নয়, বরং মানবচেতনার সর্বাঙ্গীণ বিকাশের প্রতীক হিসেবে তুলে ধরা।”
সকাল থেকেই পূজামণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় প্রমাণ করে, এই ব্যতিক্রমী আয়োজন কতটা হৃদয় ছুঁয়ে গেছে সাধারণ মানুষের।

শ্রীমঙ্গলের এই অনন্য উদ্যোগ নিঃসন্দেহে ধর্মীয় উৎসবের গণ্ডি পেরিয়ে জ্ঞান, শিল্প ও মানবিক চেতনার এক স্মরণীয় মিলনমেলায় রূপ নিয়েছে।

সিলেটের খবর এর আরও খবর