সামনে আরও লড়াই আসছে, সেই প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম
মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘হামলা-মামলা দিয়ে এনসিপিকে দমন করা যাবে না। দেশ নির্মাণে সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।’
আজ শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, মুন্সীগঞ্জ মহৎ মানুষদের জন্ম দেয়। প্রতিবাদী মানুষদের জন্ম দেয়। ইদ্রাকপুর ও বিক্রমপুরের ইতিহাসকে ধারণ করে মুন্সীগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা জানি, পদ্মা-মেঘনার দাপটে নদী ভাঙন হচ্ছে। মুন্সীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। মুন্সীগঞ্জ মাথা উঁচু করে দাঁড়াতে চায়।
মুন্সীগঞ্জ জেলা এনসিপির সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুর ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মেহেদী হাসান, মুন্সীগঞ্জ সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী গাজী আব্দুল আলিম, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান প্রমুখ।
নাহিদ ইসলাম আরও বলেন, মুন্সীগঞ্জের হাজারও মানুষ প্রবাসে থাকেন। আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি। অনেকেই বলছে প্রবাসীদের কোনো অবদান নাই। মুন্সীগঞ্জবাসী আপনাদের পরিবারদের যে সকল সদস্য প্রবাসে থাকে; তাদেরকে সচেতন ও সরব হতে বলবেন। তারা বাংলাদেশের অংশ, আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করব।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমাদের ফ্যাসিবাদবিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে; ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বাংলাদেশ এখনো পরিপূর্ণ ফ্যাসিবাদমুক্ত হয়নি, বরং ফ্যাসিস্টদের দোসরমুক্ত স্বাধীন দেশ হতে এখনো অনেক পথ বাকি। সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই পথ পাড়ি দিতে হবে।


















