img

ডাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ৩৯,৯৩২

প্রকাশিত :  ০৬:০০, ৩১ জুলাই ২০২৫

ডাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ৩৯,৯৩২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকা অনুযায়ী এবার মোট ভোটার ৩৯,৯৩২ জন। 

গতকাল বুধবার (৩০ জুলাই) নির্বাচনের তফশিল অনুযায়ী এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন।

এ খসড়া তালিকা প্রকাশ করেছে খসড়া ভোটার তালিকা হলগুলোর নোটিশ বোর্ডে এরই মধ্যে টাঙানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটেও তালিকা পাঠানো হয়েছে।

ভোটারদের মধ্যে ছাত্র রয়েছেন ২০,৯০৪ জন এবং ছাত্রী ১৯,০২৮ জন। মোট ভোটারের প্রায় ৫২% ছাত্র এবং ৪৭% ছাত্রী। ছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রোকেয়া হলে ৫,৬৭৬ জন। এরপর রয়েছে কবি সুফিয়া কামাল হলে ৪,৪৯৫ জন, শামসুন নাহার হলে ৪,০৯৮ জন, ফজিলাতুন্নেছা মুজিব হলে ২,৬৫১ জন এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ২,১০৮ জন।

ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার জগন্নাথ হলে ২,২৫৪ জন। এরপর শহীদুল্লাহ হলে ২,০১৭ জন, বিজয় একাত্তর হলে ২,০১৩ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১,৯৬১ জন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১,৭৩৫ জন, ফজলুল হক মুসলিম হলে ১,৭৭৯ জন, শেখ মুজিবুর রহমান হলে ১,৬০০ জন, মাস্টারদা সূর্যসেন হলে ১,৪৯৫ জন, স্যার এ এফ রহমান হলে ১,৪৮০ জন, হাজী মুহাম্মদ মুহসীন হলে ১,৩৯৪ জন, অমর একুশে হলে ১,৩১৯ জন, কবি জসীমউদদীন হলে ১,২৯৮ জন এবং সলিমুল্লাহ মুসলিম হলে ৫৫৯ জন।

তফসিল অনুযায়ী, ভোটার তালিকা নিয়ে কেউ আপত্তি জানাতে চাইলে ৬ আগস্ট বিকেল ৪টার মধ্যে তা জমা দিতে হবে। আপত্তি যাচাই-বাছাই শেষে ১১ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২০ আগস্ট এবং প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট। প্রার্থীরা ২৫ আগস্ট পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। 

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৬ আগস্ট এবং ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর।


শিক্ষা এর আরও খবর

img

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের অপেক্ষায়

প্রকাশিত :  ১১:৫৮, ১৮ জানুয়ারী ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে। শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পর্যায়ের সব প্রক্রিয়া শেষ করে আজ রোববার খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পর্যায়ের সব প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া আজ রবিবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দ্রুততম সময়ে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন হবে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্তকরণের পূর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে সম্পৃক্ত মন্ত্রণালয়/বিভাগ এর মতামত সংগ্রহ, ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে সর্বসাধারণের মতামত গ্রহণ, শিক্ষক-শিক্ষাথী-সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠান, বিশেষজ্ঞদের অভিমত গ্রহণ এর মত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হয়েছে।

অধ্যাদেশ এর খসড়া চূড়ান্ত করার ক্ষেত্রে সকলের যৌক্তিক প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এবং উদ্বেগসমূহকে বিবেচনায় নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠোমা নির্ধারণ করাই ছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর মূল লক্ষ্য। সকলের ধৈর্যশীল সহযোগিতা এবং গঠনমূলক ভূমিকার কারণেই শিক্ষা মন্ত্রণালয় জটিল এ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সময়ে সময়ে প্রেস রিলিজের মাধ্যমে ধারাবাহিক অগ্রগতির তথ্য সর্বসাধারণকে অবহিত করেছে।

টেকসই ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে মৌলিক ও উপরিকাঠামোগত সংস্কারের কাজগুলো সুশৃঙ্খলভাবে ধাপে ধাপে এবং যথাযথভাবে সম্পন্ন করতে হয়। যে কোন পর্যায়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা পুরো উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে। 

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় অধ্যাদেশটি যেহেতু এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় আছে, সেহেতু জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান করা যাচ্ছে। যেকোনো আবেগপ্রসূত বা অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘদিনের এই অর্জন ও শ্রমকে নসাৎ করে দিতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় বিশ্বাস করে, দীর্ঘদিনের ধৈর্য্য ও পারস্পরিক সহযোগিতার এই ধারা অব্যাহত রেখে আমরা অতি দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা নিশ্চিত করতে পারব, যা বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করে শিক্ষা মন্ত্রণালয়।