img

রাজনৈতিক ব্যস্ততায় দৌড়ে বেড়াচ্ছেন ‘দিদি নং ১’

প্রকাশিত :  ০৮:০৩, ১২ নভেম্বর ২০২৫

রাজনৈতিক ব্যস্ততায় দৌড়ে বেড়াচ্ছেন ‘দিদি নং ১’

টেলিপাড়ার অন্দরের খবর, রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ায় তাঁর সঙ্গে নাকি মন খুলে কথা বলতে অস্বস্তি হচ্ছে প্রতিযোগিনীদের!

দম ফেলার ফুরসত নেই রচনা বন্দ্যোপাধ্যায়ের। ‘দিদি নং ১’ রিয়্যালিটি শো-এর সঙ্গে সমান্তরাল ভাবে চলছে রাজনীতি। শুটিংয়ের পাশাপাশি শাসকদলের হুগলির সাংসদকে সারা ক্ষণ তাই ব্যস্ত থাকতে হয় রাজনৈতিক কর্মকাণ্ডেও। টেলিপাড়ার নিন্দকদের রটনা, এটাই নাকি তাঁর কাজের প্রতি নিষ্ঠা আগের তুলনায় কিছুটা হলেও কমিয়েছে।

যেমন, আগের মতো করে তিনি আর সঞ্চালনা করতে পারছেন না। অন্যতম কারণ, তিনি এখন রাজনৈতিক মুখ। তিনি আগে অনেক কথা অনায়াসে বলতে পারতেন। এখন সেটা আর নাকি তাঁর পক্ষে সম্ভব নয়। একই কারণে প্রতিযোগিনীরাও আর মন খুলে নিজেদের কথা নাকি জানাতে পারছেন না! এ-ও শোনা যাচ্ছে, দুটো কাজ সমান্তরাল ভাবে সামলানোর ফলে তিনি নাকি বিশ্রাম পাচ্ছেন কম। ফলে, তাতেও সম্ভবত মনোযোগের ব্যাঘাত ঘটছে। ছাপ পড়ছে রেটিং চার্টে।

সত্যিই কি এ রকম কিছু ঘটছে? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল রিয়্যালিটি শো-এর পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে। তিনিই ২০০০ সালে প্রথম রিয়্যালিটি শো-টি আনেন। তিনি ফোনে সাড়া দেননি। তবে নামপ্রকাশে অনিচ্ছুক টেলিপাড়ার জনৈক ব্যক্তিত্বের দাবি, কিছুটা হলেও মানসিকতায় নাকি বদল এসেছে ‘দিদি নং ১’ সঞ্চালিকার। সেটেও নাকি অনেকে একই কথা আলোচনা করছেন। তবে রচনা কিন্তু শুটিংয়ে অনুপস্থিত থাকেন না। পাশাপাশি, গত দু’সপ্তাহেও রিয়্যালিটি শো-টি রেটিং চার্টে ‘শো স্টপার’।

কানাঘুষোয় এ-ও উঠে আসছে, নিজস্ব দলের হাতে বিষয়টি ছেড়ে দিয়ে ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন রচনা। তাঁর সাময়িক অনুপস্থিতিও নাকি ছাপ ফেলেছে। শোনা যাচ্ছে, বিষয়টি পরিচালকের নজর এড়ায়নি। হাল ফেরাতে তিনিও আদাজল খেয়ে উঠেপড়ে লেগেছেন।


img

বিজয়ের সঙ্গে বিয়ে, প্রথমবার সরাসরি জবাব দিলেন রাশমিকা

প্রকাশিত :  ০৯:২৮, ০৪ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:৩৩, ০৪ ডিসেম্বর ২০২৫

দক্ষিণের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন ধরেই। বাগদান সেরে ২০২৬ সালের শুরুর দিকে বিয়ে—এমন খবরও ঘুরে বেড়াচ্ছিল ভারতীয় গণমাধ্যমে। তবে এত দিন ব্যক্তিজীবন নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন রাশমিকা। অবশেষে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবার সরাসরি এ প্রশ্নের জবাব দিলেন তিনি।

চলতি বছর ক্যারিয়ারের সেরা সময় পার করছেন অভিনেত্রী। বছরের শুরুতে ‘ছাবা’ থেকে শুরু করে সর্বশেষ ‘দ্য গার্লফ্রেন্ড’—রাশমিকার মুক্তিপাওয়া পাঁচটি সিনেমা ২০২৫ সালে বক্স অফিসে আয় করেছে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি। তিনি বলেন, “সত্যি বলতে এ বছরটা আমার কাছে স্বপ্নের মতো। বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে চেয়েছিলাম, সেটা এই বছরই বাস্তব হয়েছে।”

সম্প্রতি শোনা যায়, গত অক্টোবরেই হায়দরাবাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে নাকি বাগদান সারেন রাশমিকা ও বিজয়। এমন ইঙ্গিতও পাওয়া যায়, বাগদান সত্যি এবং বিয়ে হতে পারে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউই।

সাক্ষাৎকারে সঞ্চালক অনুপমা চোপড়া সরাসরি জিজ্ঞেস করেন- বিয়ের খবর তিনি স্বীকার করবেন, নাকি এটিকে গুজব বলবেন? কিছুক্ষণ ভেবে রাশমিকা হেসে বলেন, “আমি কোনোটাই করব না।” এরপর যোগ করেন, “সময় হলে আমরাই জানাব।”

ভক্তরা মনে করছেন, রাশমিকার এই উত্তরই তাঁদের সম্পর্কের ইঙ্গিত। তবে অভিনেত্রী স্পষ্ট করে বলেন, ব্যক্তিগত কিছু শেয়ার করার আগে তিনি একটু সময় নিতে চান।

উল্লেখ্য, ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ -এ একসঙ্গে অভিনয়ের পর থেকেই রাশমিকা-বিজয়ের প্রেমের খবর আলোচনায়। সাম্প্রতিক নিউইয়র্ক ইন্ডিয়া ডে প্যারেডের মতো নানা অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে। ২০২৪ সালে দুজনেই জানিয়েছিলেন—তারা ‘সিঙ্গেল নন’, তবে সঙ্গীর নাম প্রকাশ করেননি।