img

‘যারা রাসুলুল্লাহ (সা.) এর পক্ষে নয়, তারা মুসলমান হতে পারে না’

প্রকাশিত :  ০৮:৫৩, ১৫ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৮:৫৫, ১৫ নভেম্বর ২০২৫

 ‘যারা রাসুলুল্লাহ (সা.) এর পক্ষে নয়, তারা মুসলমান হতে পারে না’

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণাসহ যেসব দাবিতে এ সম্মেলন সেই প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, আমরা আপনাদের সকল দাবি-দাওয়ার পক্ষে। আইনের ভাষা হচ্ছে এই প্রস্তাব কার্যকরের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় সংসদে ঐক্যবদ্ধ থাকতে হবে। সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ, আপনাদের প্রস্তাব গ্রহণ করবো।

তিনি আরও বলেন, আমরা কানুনি ব্যবস্থার কথা বলতে চাই। আমি আগেই বলেছি, যারা রাসুলুল্লাহ (সা.) এর পক্ষে নয়, তারা মুসলমান হতে পারে না।

মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এই মহাসম্মেলন হচ্ছে। খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এই মহাসম্মেলনের তত্ত্বাবধান করছে।


ধর্ম এর আরও খবর

img

টঙ্গীর জোড় ইজতেমার মোনাজাতে মুসল্লিদের ঢল

প্রকাশিত :  ০৫:৫৯, ০২ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৬:২১, ০২ ডিসেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে আয়োজিত ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। সকালে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে। দোয়ায় অংশ নেন প্রায় আড়াই লক্ষাধিক মুসল্লি।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। 

২১ মিনিটব্যাপী মোনাজাতে “আমিন… আমিন…” ধ্বনিতে কম্পিত হতে থাকে সমগ্র টঙ্গীর ময়দান। মাঠজুড়ে কান্নার রোল পড়ে যায়। 

দোয়া পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা।

এবারের জোড়ে ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারী দেশসমূহ হলো— পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, চাঁদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিশর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।

জোড় ইজতেমা চলাকালে মোট ৬ জন মুসল্লির মৃত্যু হয়েছে।

দোয়া শেষে কয়েক হাজার চিল্লার জামাত ও ৩ চিল্লার জামাত আগামী ০২, ০৩ ও ০৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যান। বাকি মুসল্লিরা মোকামি কাজ ও আনেওয়ালা জোড়ের মেহনত নিয়ে নিজ নিজ মহল্লায় ফিরে যান।

এদিকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক, আসন্ন জাতীয় নির্বাচনের পর টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।