img

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত

প্রকাশিত :  ০৪:৩৭, ১৬ নভেম্বর ২০২৫

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত

রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। আজ রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

আহত ব্যক্তির নাম আবদুল বাসির (৫০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। 

হেঁটে বাংলামোটরে তাঁর অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হন তিনি। আবদুল বাসিরের পায়ে ও হাতে জখম হয়েছে। 

তিনি জানান, প্রতিদিনের মতো সকালে হেঁটে অফিসে যাচ্ছিলেন। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ককটেলটি বিস্ফোরিত হয়।

তার ধারণা, উড়ালসড়কের ওপর থেকে ককটেলটি ছুঁড়ে মারা হয়েছে।

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায় আগামীকাল সোমবার (১৭ নভেম্বর)। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনলাইনে আবার কর্মসূচির কথা বলছে। 

এর মধ্যে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

এর আগে গত ১৩ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সেদিন শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণার নির্ধারিত দিন ছিল।

দিনটিকে কেন্দ্র করে ৭ নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়। 

জাতীয় এর আরও খবর

img

আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির

প্রকাশিত :  ১২:৪৭, ১২ এপ্রিল ২০২৬

ডা. শফিকুর রহমান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন । তিনি অভিযোগ করেছেন, সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

আজ রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে জুলাই শহীদ পরিবার ও আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির দাবি করেন, জুলাই জাদুঘর জনগণের সম্পদ হলেও সেটিকে দলীয়করণের পথে নেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদে প্রভাব বিস্তার করছে।

তিনি বলেন, “গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ সংকুচিত করা হচ্ছে। এই পরিস্থিতি মেনে নেওয়া হবে না, জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে শফিকুর রহমান বলেন, সংসদের ভেতরে যতদিন সংগ্রাম সম্ভব ততদিন থাকবেন, তবে মূল লড়াই হবে রাজপথে।

একই অনুষ্ঠানে বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আসন্ন আন্দোলনে ১১ দলের শীর্ষ নেতারা সামনে থেকে নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, “এবার আমরা আংশিক নয়, পূর্ণ সফলতার লক্ষ্য নিয়ে রাজপথে নামবো। প্রয়োজনে নেতারাই সামনে থেকে ঝুঁকি নেবেন।”