img

মেক্সিকো প্রেসিডেন্টের বিরুদ্ধে জেন-জির বিক্ষোভ, আহত ১২০

প্রকাশিত :  ০৬:০৯, ১৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৬:৩৩, ১৬ নভেম্বর ২০২৫

মেক্সিকো প্রেসিডেন্টের বিরুদ্ধে জেন-জির বিক্ষোভ, আহত ১২০

মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (১৫ নভেম্বর) সংঘর্ষে অন্তত ১২০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আহতদের বেশিরভাগই পুলিশ সদস্য।

এএফপির খবরে বলা হয়েছে, ‘জেনারেশন জেডের’ (জেন-জি) তরুণরা সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সহিংসতা ও সরকারের নিরাপত্তা নীতির বিরুদ্ধে এই বিক্ষোভের ডাক দেয়। এতে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেয়।

২০২৪ সালের অক্টোবর থেকে ক্ষমতায় থাকা শেইনবাউম উচ্চ জনসমর্থন ধরে রাখলেও সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তার নিরাপত্তা নীতির সমালোচনা বাড়ছে।

মেক্সিকো সিটির নিরাপত্তাপ্রধান পাবলো ভাজকেজ জানান, কয়েক ঘণ্টা শান্তিপূর্ণ থাকার পর কিছু বিক্ষোভকারী মুখ ঢেকে সহিংসতা শুরু করে। এতে ১০০ পুলিশ আহত হন, যার মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০ জন বিক্ষোভকারীও আহত হন।

সহিংসতার অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগেও অভিযুক্ত।

বিক্ষোভকারীরা ন্যাশনাল প্যালেসের সামনে জড়ো হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও অগ্নিনির্বাপক ব্যবহার করে।


img

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন

প্রকাশিত :  ১৩:২১, ০৪ ডিসেম্বর ২০২৫

চীনের উত্তর-পশ্চিমের জিনজিয়াং অঞ্চলে ৬ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান–শিনজিয়াং সীমান্তবর্তী অঞ্চলের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। তথ্যটি নিশ্চিত করেছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার।

সেন্টারটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত কোনো হতাহতের খবর বা ভবন ধসের তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া ভূমিকম্পের পর অঞ্চলটিতে পরিবহন, বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।