img

জোট গঠনে ভাটা: এনসিপির শীর্ষ নেতাদের আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

প্রকাশিত :  ০৬:০০, ০৫ ডিসেম্বর ২০২৫

জোট গঠনে ভাটা: এনসিপির শীর্ষ নেতাদের আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ‘জুলাই আন্দোলন’-এ সামনের সারির ভূমিকা রাখা তরুণদের নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সম্ভাব্য নির্বাচনী জোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। সাম্প্রতিক সময়ে বিএনপি–এনসিপি ঐক্য প্রসঙ্গে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে সমঝোতা নিয়ে দুই দলের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনাও চলছে।

\r\n

এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত তালিকা বিশ্লেষণে দেখা গেছে—এনসিপির শীর্ষস্থানীয় প্রায় সব নেতার সম্ভাব্য নির্বাচনী এলাকায় ইতোমধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

আর এতে করে রাজনৈতিক অঙ্গনে ফের নানান জল্পনা পাখা মেলতে শুরু করেছে। বিএনপি-এনসিপি সম্ভাব্য জোটের প্রক্রিয়ায় ভাটা পড়ল কি না, সে আলোচনাও হচ্ছে বেশ জোরেশোরে। তবে এনসিপি নেতারা বলছেন, এ নিয়ে তারা ভাবছেন না। তারাও ৩০০ আসনেই প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন। চলতি সপ্তাহেই প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে ঢাকার আলোচিত আসনগুলোও রয়েছে। যেসব আসন থেকে এনসিপির হেভিওয়েট নেতাদের নির্বাচন করার আলোচনা রয়েছে। এর মধ্যে অন্যতম ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০ এবং ঢাকা-১৮ আসন।

সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সেখানে বিএনপি হাবিবুর রশিদকে প্রার্থী ঘোষণা করেছে। বৃহত্তর উত্তরা ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে এনসিপি থেকে ভোটের মাঠে লড়বেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এই আসনে এস এম জাহাঙ্গীর হোসেনকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ ছাড়া আলোচিত ঢাকা-১০ আসনেও প্রার্থী ঘোষণা করেছে দলটি। যেখানে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ। বিএনপি গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করলে তাতে ঢাকা-১০ আসন ফাঁকা রাখা হয়। এতে আসিফকে ঘিরে গুঞ্জন আরও পাকাপোক্ত হয়।

তবে দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণাকালে মির্জা ফখরুল জানান, ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন শেখ রবিউল আলম। যদিও আসিফ কোনো দলের হয়ে নির্বাচনে লড়বেন নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করবেন, সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।

এর আগে ২৩৭ আসনের ঘোষিত তালিকায়ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ঢাকা-১১; সদস্য সচিব আখতার হোসেনের রংপুর-৪; মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর কুমিল্লা-৪; মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের পঞ্চগড়-১ এবং সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদের নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী দেখা যায়।

এনসিপির একাধিক নেতা কালবেলাকে বলেন, বিএনপির সঙ্গে জোট কিংবা আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত নয়। একই আলোচনা জামায়াতের সঙ্গেও রয়েছে। এ ছাড়া তৃতীয় ভিন্ন একটি জোট গঠনেরও চেষ্টা আছে। এনসিপি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। বিএনপি এবং জামায়াত প্রার্থী ঘোষণা করলেও জোট কিংবা আসন সমঝোতা হলে সেসব আসনে প্রার্থী তুলে নেবে বলেও মনে করেন তারা।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার কালবেলাকে বলেন, ‘আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি। খুব শিগগির আমরা আমাদের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করব। জোট, আসন সমঝোতা নিয়ে নানান আলোচনা আছে। তবে কোনোটিই চূড়ান্ত নয়। কারা প্রার্থী ঘোষণা করল-না করল, সেটা নিয়ে আমরা আপাতত ভাবছি না। যদি জোট বা আসন সমঝোতা হয় তখন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

যদিও এর আগে গত বুধবার দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও এনসিপির মধ্যে একটি দায়িত্বশীল ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আজ দেশপ্রেমিক শক্তির সামনে একসঙ্গে দুটি যুদ্ধ। মুজিববাদ ও মওদুদীবাদের কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম এবং একটি নতুন, ন্যায়ভিত্তিক, আধুনিক রাষ্ট্র গঠনের দায়ভার। এ দুই যুদ্ধ একা কোনো দল লড়তে পারবে না। তাই বিএনপি ও এনসিপি—গণতান্ত্রিক জাতীয়তাবাদী ধারার দুই শক্তির মধ্যে একটি দায়িত্বশীল ঐক্য প্রয়োজন। তবে এ ঐক্যের শর্ত রয়েছে: বিএনপিকে তার পুরোনো সীমাবদ্ধতা ও পরিবারতন্ত্রের ছায়া থেকে বের হতে হবে। বাংলাদেশ বিনির্মাণে সংস্কারের পথে হাঁটতে হবে। আর যারা ভারতের প্রভাব-রাজনীতির দিকে ঝুঁকে আছে, তাদেরও বাংলাদেশি জাতীয়তাবাদের মূলধারায় ফিরে আসতে হবে।’

কিন্তু বিএনপি এরই মধ্যে এনসিপির শীর্ষ নেতাদের আসনে প্রার্থী ঘোষণা করায় সম্ভাব্য জোট গঠনের আলোচনায় কিছুটা ভাটা পড়েছে বলে মনে করছেন অনেকেই। যদিও নেতারা বলছেন, জোট হিসেবেই বিএনপি বা জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির দর কষাকষি হবে। যার সঙ্গে লাভ হবে, তার সঙ্গে জোট বা সমঝোতা করা হবে। লাভ না হলে এককভাবেই নির্বাচনের পক্ষে নেতাকর্মীরা।

জোটগতভাবে নির্বাচনে যাওয়া প্রসঙ্গে এক অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘এটি নির্ভর করবে বেশকিছু বিষয়ের ওপর। যে রাজনৈতিক দল জুলাই সনদে থাকা মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নে নিশ্চয়তা দেবে, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিরাপত্তা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দেবে এবং কাজে ও কথায় মিল থাকবে, তাদের সঙ্গে আমাদের জোট হতে পারে। এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। এনসিপি যদি এই প্রতিশ্রুতিগুলো পায়, তাহলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট হতে পারে। যদি না পায়, তাহলে শুধু কয়েকটি আসনের জন্য এনসিপি জোট করবে না। এনসিপি একেকভাবে নির্বাচন করবে।’


জাতীয় এর আরও খবর

img

আজকের পর আমাদের প্রার্থীরা কোনো দলের না, ১১ দলীয় ঐক্যের: নাহিদ

প্রকাশিত :  ২০:১৭, ১৫ জানুয়ারী ২০২৬

৪৭টি আসন ফাঁকা রেখে ২৫৩ আসনে সমঝোতা করেছে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনী জোটের ১০টি দল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়ার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আজকের পর থেকে আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না, প্রার্থী হবে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াতসহ ১১ দলের নির্বাচনী ঐক্যের চূড়ান্ত ঘোষণা দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, মোট ২৫৩টি আসনের প্রার্থিতা নিয়ে জোটের মধ্যে সমঝোতা হয়েছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি ৩০টি আসনে নির্বাচন করবে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দলের জন্য বরাদ্দ আসনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। যেখানে সংস্কার ও বাংলাদেশের আজাদির পক্ষে থাকা এবং বৈষম্য ও দুর্নীতিবিরোধী অনেকগুলো দল একত্রে একটি প্ল্যাটফর্মে এসেছি। আমরা ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, এখন থেকে কোনো প্রার্থী আর নিজ দলের পরিচয়ে পরিচিত হবেন না। প্রতিটি আসনে তারা জোটের অভিন্ন প্রতিনিধি হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জোটের প্রতিটি সদস্য দল তাদের ব্যক্তিগত দলীয় পরিচয় বিসর্জন দিয়ে একটি অভিন্ন প্ল্যাটফর্মে সমবেত হয়েছে। সারা বাংলাদেশের সব আসনে এখন থেকে আমাদের নির্দিষ্ট কোনো দলের প্রার্থী থাকবে না। আজ থেকে প্রতিটি প্রার্থীই এই ১১ দলীয় নির্বাচনি ঐক্যের একক প্রতিনিধি হিসেবে বিবেচিত হবেন। জনগণের ম্যান্ডেট পাওয়ার জন্য এবং বৈষম্যবিরোধী লক্ষ্য অর্জনে এই সংহতি অপরিহার্য। 

এই নির্বাচনী ঐক্যকে ‘ঐতিহাসিক মুহূর্ত ও ঐতিহাসিক যাত্রা’ মন্তব্য করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘গণ-অভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে চাইছি, (তা বাস্তবায়নে) আসন্ন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদের উৎরাতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ; মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের ১৯৪৭ সালের আজাদির লড়াই—সব ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আসন্ন নির্বাচন ও গণভোটে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সারা বাংলাদেশের সব আসনে আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না। আজকের ঘোষণার পর থেকে নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবেই তারা বিবেচিত হবেন।’

সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মুখ্য বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এছাড়া নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ ও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বক্তব্য দেন। ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন।

মঞ্চে ছিলেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবীবুল্লাহ মিয়াজী, নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল আজিজী, বিডিপির সভাপতি এ কে এম আনোয়ারুল হক, জাগপার জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ। তবে ১১–দলীয় ঐক্যের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।

জাতীয় এর আরও খবর