img

নির্বাচনের তপশিল নিয়ে সভা রোববার

প্রকাশিত :  ১৩:৫৫, ০৬ ডিসেম্বর ২০২৫

নির্বাচনের তপশিল নিয়ে সভা রোববার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণাকে কেন্দ্র করে আগামীকাল রোববার (০৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) বৈঠকে বসবে। সেদিন সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ইসির সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় আইন ও প্রচলিত রীতির আলোকে তপশিল পূর্ব ও তপশিলোত্তর কার্যক্রম নিয়ে আলোচনা হবে। পাশাপাশি গণভোট আয়োজন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির অগ্রগতি, মাঠপর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময় এবং সমন্বয়সংক্রান্ত বিষয়গুলোর ওপরও আলোচনা হবে।

এদিকে সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কেন্দ্র ব্যবস্থাপনা এবং ২৯ নভেম্বর অনুষ্ঠিত মক ভোটের অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

• পার্সোনালাইজেশন সেন্টারের ৯টি মেশিন বিদ্যমান অবস্থায় বিএমটিএফ থেকে আইডিইও (২য় পর্যায়) প্রকল্পে হস্তান্তর বা গ্রহণ কার্যক্রম সম্পন্নকরণ এবং বিএমটিএফের স্থগিত বকেয়া বিল পরিশোধ বিষয়ে আলোচনা।

• সেপ্টেম্বর ২০১৯ থেকে জুন ২০২২ পর্যন্ত চুক্তির আওতায় ২ কোটি ৩১ লাখ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশনের বিল পরিশোধ করা হয়েছে। অতিরিক্ত ১৪ লাখ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বাবদ বিএমটিএফের দাবি করা বকেয়া বিল পরিশোধসংক্রান্ত আলোচনা।

• ক্রয় প্যাকেজ এনসিএস-২৭ (স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন ও ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত লেখা মুদ্রণ) সংক্রান্ত কার্যক্রম ও চুক্তি সম্পন্নের সিদ্ধান্ত। এ ছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে।

অন্যদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ ঘোষণার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি আহ্বান জানান।

আখতার আহমেদ বলেন, তপশিল ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি। কেউ যদি কোনো তারিখ প্রচার করেন, তা তাদের ব্যক্তিগত ধারণা বা হিসাব-নিকাশের ভিত্তিতে এবং সম্পূর্ণ তাদের নিজস্ব দায়িত্বে।

তিনি আরও বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি এবং এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।


বাংলাদেশ এর আরও খবর

img

জঙ্গল সলিমপুরে কম্বাইন অপারেশন হবে: প্রেস সচিব

প্রকাশিত :  ১১:৫০, ২০ জানুয়ারী ২০২৬

সন্ত্রাসীদের হামলায় জঙ্গল সলিমপুরে র‌্যাবের উপসহকারী পরিচালক আবদুল মোতালেব নিহত হয়েছেন। এই ঘটনাকে অত্যন্ত জঘন্য বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, সেখানে সব বাহিনী একত্রিত হয়ে কম্বাইন অপারেশন চালাবে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। 

প্রেস সচিব বলেন, জঙ্গল সলিমপুরে যে কাজটা হয়েছে, খুবই জঘন্য। এটার আমরা নিন্দা জানাই। পরবর্তীকালে এ জায়গায় আরও জোরদারভাবে অভিযান চালানো হবে। সব বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এর সঙ্গে জড়িত ছিলেন, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন, যারা এটায় ইন্ধন জুগিয়েছেন, আর যারা যুক্ত ছিলেন প্রত্যেককে গ্রেফতার করা হবে। ওখানে আশেপাশে লুট হওয়া যত অস্ত্র আছে, সেগুলো কম্বিং অপারেশনের মাধ্যমেটা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে।

নির্বাচনের অনিশ্চয়তা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনও রকমের আনসার্টেনটি নেই, ইনশাআল্লাহ। নির্বাচন খুব ভালো হবে, ফ্রি ফেয়ার পিসফুল ফেস্টিভ হবে। বাংলাদেশের মানুষ সবাই ভোটকেন্দ্রে আসবেন। আমরা আশা করছি, এটা রেকর্ড টার্ন আউট হবে— এটা আমরা আশা করছি। আমরা মনে করি, পরিস্থিতি যথেষ্ট ভালো। দুই-একটা আইসোলেটেড ঘটনা ঘটছে। বাট নির্বাচন খুব ভালো। আজকের পরে আর মাত্র ২২ দিন আছে। সেটার জন্য যথেষ্ট প্রিপারেশন হচ্ছে। সিসিটিভির বিষয়টা আজকে আমরা আপনাদেরকে পুরো আপডেট দিলাম। তারপরে বডি-ওন ক্যামেরার বিষয়েই হচ্ছে। কালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ৯ লাখ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তো আমরা আশাবাদী খুব ভালো ইলেকশন হবে। আর পলিটিক্যাল পার্টিগুলো অনেক কনস্ট্রাক্টিভ ডায়লগ করছেন। অনেক ধরনের কথাবার্তা বলছেন। যেগুলো নির্বাচনের জন্য ইতিবাচক।

প্রেস সচিব বলেন, ‘কিন্তু তারপর আমরা দেখছি— দুই-একজন ফেসবুকে বা ইউটিউবে এসে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। আমরা তাদের অতীত জানি। তারা কী পরিমাণ দালালি করেছেন, এটা আমাদের খুব ভালোমতো জানা আছে। আমরা এটাতে অবাক হচ্ছি না। এনিওয়ান, এভরিওয়ান ইজ ফ্রি টু স্পিক, তারাও কথা বলছেন। কিন্তু আমরা আবারও আপনাকে বলছি, নির্বাচন ১২ ফেব্রুয়ারি হবে, একদিন আগেও না একদিন পরেও না এবং খুব সুন্দরভাবে হবে।


বাংলাদেশ এর আরও খবর