img

যুক্তরাষ্ট্রে নতুন সাফল্য মোনালিসার

প্রকাশিত :  ০৬:৪৫, ১৪ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে নতুন সাফল্য মোনালিসার

নাটক, বিজ্ঞাপন ও মডেলিংয়ে একসময় নিয়মিত দেখা যেত অভিনেত্রী মোনালিসাকে। পর্দার আলোঝলমলে জগত থেকে অনেক আগেই সরে গেলেও নিজেকে নতুন এক পরিচয়ে প্রতিষ্ঠিত করেছেন তিনি। প্রবাসজীবনে বিউটিফিকেশন খাতে দীর্ঘদিন কাজ করার পর এবার নতুন সুখবর দিয়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, আন্তর্জাতিক একটি প্রসাধনসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে টানা ১২ বছর জ্যেষ্ঠ রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করার পর সম্প্রতি প্রতিষ্ঠান পরিবর্তন করেছেন মোনালিসা। নতুন একটি প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানে তিনি যোগ দিয়েছেন ব্যবস্থাপক হিসেবে। শুক্রবার (১২ ডিসেম্বর) থেকেই শুরু হয়েছে তার পেশাজীবনের নতুন অধ্যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই খবর জানান মোনালিসা। সেখানে তিনি লেখেন, নতুন দায়িত্ব পাওয়ায় তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। কঠোর পরিশ্রমই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, সামনে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার অপেক্ষা।

এই অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মোনালিসা বলেন, অনেক পরিশ্রম ও সংগ্রামের পথ পেরিয়ে তিনি আজ এই অবস্থানে এসেছেন। অভিনয় ও মডেলিং তার ভালোবাসা হলেও মেকআপই তার আসল প্যাশন। যুক্তরাষ্ট্রে এসে এই খাতে নিজের আরও সম্ভাবনার কথা বুঝতে পেরেছেন বলেও জানান তিনি।

একসময় নাচ, নাটক ও বিজ্ঞাপনচিত্রে সমানতালে কাজ করেছেন মোনালিসা। তবে হঠাৎ করেই শোবিজ অঙ্গন ছেড়ে প্রবাসজীবন বেছে নেন তিনি। ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করে দেশ ছাড়েন এই অভিনেত্রী। পরে তাদের বিচ্ছেদ ঘটে।

নতুন পেশাগত অধ্যায়ে আত্মবিশ্বাসী মোনালিসা মনে করছেন, নিজের ভালোবাসার জায়গায় থেকেই তিনি সামনে আরও এগিয়ে যেতে পারবেন।

img

'বোরকা' আমার কাছে স্রেফ একটি পোশাক, এর বেশি কিছু নয়: বাঁধন

প্রকাশিত :  ০৭:১৪, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:২৭, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

অভিনেত্রী আজমেরি হক বাঁধন বহুবার পোশাক নিয়ে ট্রলের শিকার হয়েছেন । তার সাজপোশাক নিয়ে বহু আলোচনা হয়েছে, কেউ কেউ তাকে বোরকা পরার পরামর্শও দিয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যখন দেশ সরগরম, এমন সময় ভোটের ঠিক পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে একটি পোস্ট দেন বাঁধন।

পোস্টে দুটি ছবি কোলাজ করে শেয়ার করেন বাঁধন। তাতে দেখা যায়, একটা তে বোরকা পরে আছেন, অন্যটি শাড়ি। দুটি ছবির সঙ্গে ছিল এক ইঙ্গিতপূর্ণ বার্তাও। 

সেই বার্তায় তার পোশাক নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন অভিনেত্রী। বিশেষ করে নির্বাচনের আগে যারা তাকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন, তাদের উদ্দেশে তিনি লেখেন, এই ছবিটা বিশেষ করে তাদের জন্য, যারা আমাকে ‘বোরকা কিনতে’ বলেছিলেন। জানিয়ে রাখি, ছোটবেলা থেকেই আমি আমার দৈনন্দিন জীবনে নিয়মিত বোরকা পরে আসছি।

বাঁধন লেখেন, ‘আমার কাছে এটি (বোরকা) শুধু একটি পোশাক, এর চেয়ে বেশি কিছুও নয়, কম কিছুও নয়। কখনো কখনো এটি পায়জামা ঢাকা দেওয়া বা তেলের চটচটে মাথা লুকানোর মতো সাধারণ কাজ কিংবা জনসম্মুখে ভিড়ে মিশে যাওয়ার জন্য দারুণ কার্যকর। বিষয়টি এতটাই সাধারণ।’

এদিকে, ‘নির্বাচনে জয়ী ও বিজিত সবার প্রতি সম্মান জানিয়ে বাঁধন তার বার্তা শেষ করেন ইতিবাচকভাবে। বলেন, যারা জয়ী হয়েছেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন। আর যারা জিততে পারেননি, এই অভিজ্ঞতা নিজেই একটি বিজয়। এটি আমাদের দেশ। সম্মান ও ঐক্য নিয়ে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। আমি আমার দেশকে ভালোবাসি।’