img

দাম অপরিবর্তিত রেখে তিনগুণ পর্যন্ত ইন্টারনেটের গতি বাড়াল বিটিসিএল

প্রকাশিত :  ০৮:৫২, ১১ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:০৪, ১১ জানুয়ারী ২০২৬

দাম অপরিবর্তিত রেখে তিনগুণ পর্যন্ত ইন্টারনেটের গতি বাড়াল বিটিসিএল

গ্রাহকদের উন্নত ও দ্রুতগতির ডিজিটাল সেবা দিতে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে সকল বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে তিন গুণ পর্যন্ত গতি বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

আজ রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ঘোষিত প্যাকেজ আপগ্রেড অনুযায়ী, ৩৯৯ টাকার ৫ এমবিপিএস ‘সুলভ-৫’ প্যাকেজটি এখন ২০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে রূপান্তরিত করা হয়েছে। ৫০০ টাকার ১২ এমবিপিএস ‘সুলভ-১২’ প্যাকেজটি উন্নীত হয়ে হয়েছে ২৫ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২৫’। একই মূল্যের ক্যাম্পাসের ১৫ এমবিপিএস প্যাকেজে এখন মিলবে ৫০ এমবিপিএস গতি।

এছাড়া ৮০০ টাকার ১৫ এমবিপিএস প্যাকেজটি ৫০ এমবিপিএস, ১০৫০ টাকার ২০ এমবিপিএস প্যাকেজটি ১০০ এমবিপিএস এবং ১১৫০ টাকার ২৫ এমবিপিএস প্যাকেজটি এখন ১২০ এমবিপিএস গতিতে সেবা দেবে।

উচ্চগতির প্যাকেজগুলোর মধ্যে ১৩০০ টাকার ৩০ এমবিপিএস প্যাকেজটি উন্নীত হয়ে হয়েছে ১৩০ এমবিপিএস, ১৫০০ টাকার ৪০ এমবিপিএস প্যাকেজটি ১৫০ এমবিপিএস এবং ১৭০০ টাকার ৫০ এমবিপিএস প্যাকেজটি এখন ১৭০ এমবিপিএস গতির ইন্টারনেট সুবিধা দেবে।

এই উদ্যোগের ফলে বিটিসিএল গ্রাহকরা আগের একই খরচে আরও দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। বিটিসিএল কর্তৃপক্ষ আশা করছে, এই গতি বৃদ্ধি অনলাইন শিক্ষা, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং ও স্মার্ট সেবা ব্যবহারে নতুন গতি যোগ করবে।

বিটিসিএল মনে করে, এই সিদ্ধান্ত দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে। গ্রাহক সন্তুষ্টি ও মানসম্মত সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি গ্রাহকদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য বিটিসিএল কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

গাজায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী শ্বাসতন্ত্রের ভাইরাস

প্রকাশিত :  ০৬:১২, ২০ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৩৩, ২০ জানুয়ারী ২০২৬

যুদ্ধবিধ্বস্ত গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে এক ধরনের ভয়াবহ শ্বাসতন্ত্রের ভাইরাস। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে। ভেঙে পড়েছে অঞ্চলটির নাজুক স্বাস্থ্যব্যবস্থা। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

গাজা সিটির আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের মেডিকেল পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানান, শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। তিনি বলেন, ‘আমরা নজিরবিহীন এক স্বাস্থ্য বিপর্যয়ের মধ্যে আছি।’

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ভাইরাসটি ফ্লু বা করোনাভাইরাসের সঙ্গে সম্পর্কিত হতে পারে। অপুষ্টি, দীর্ঘদিনের মানসিক চাপ এবং টিকাদানের অভাবের কারণে সব বয়সী মানুষের মধ্যে সংক্রমণ দ্রুত বাড়ছে।

রোগীদের মধ্যে দীর্ঘদিন জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা ও বমির মতো উপসর্গ দেখা যাচ্ছে, যা অনেক ক্ষেত্রে নিউমোনিয়ায় রূপ নিচ্ছে। শীত, স্যাঁতসেঁতে পরিবেশ ও তাঁবুতে গাদাগাদি করে থাকা বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।

এদিকে গাজার হাসপাতালগুলোতে তীব্র ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট চলছে। অ্যান্টিবায়োটিক, ক্যানসারের ওষুধ, কিডনি ডায়ালাইসিস ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসাসামগ্রী প্রায় নেই বললেই চলে। মানসিক স্বাস্থ্যসেবাও চরম সংকটে রয়েছে।

আবু সালমিয়া অভিযোগ করেন, ইসরায়েল গাজায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ প্রবেশে বাধা দিচ্ছে। তার দাবি, জীবনরক্ষাকারী সামগ্রী আটকে দেওয়া হলেও অপ্রয়োজনীয় কিছু পণ্য ঢুকতে দেওয়া হচ্ছে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও পরীক্ষাগার সামগ্রী গাজায় প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় প্রাণহানি ও আহতের সংখ্যা বাড়ছে, যা গাজার স্বাস্থ্যব্যবস্থাকে আরও দুর্বল করে তুলছে।


বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর