শ্রীমঙ্গলে বিজিবির সেক্টর পর্যায়ের প্রেস ব্রিফিং
তিন মাসে ১৬৯ কোটি টাকারও বেশি চোরাই পণ্য ও মাদক উদ্ধার
সংগ্রাম দত্ত: সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার বাস্তব চিত্র তুলে ধরতে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো সেক্টর পর্যায়ের এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং। গত তিন মাসে সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযানে প্রায় ১৬৯ কোটি টাকারও বেশি মূল্যের চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দের তথ্য তুলে ধরা হয় এ ব্রিফিংয়ে।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) প্রাঙ্গণে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল-এর পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান, এএফডব্লিউসি, পিএসসি।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ১ নভেম্বর ২০২৫ থেকে এ পর্যন্ত বিজিবি উত্তর-পূর্ব রিজিয়নের অধীনস্থ ইউনিটসমূহ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ৭২ জন আসামীসহ ১৬৪ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৪৭২ টাকা মূল্যের চোরাচালানী মালামাল এবং ৫ কোটি ৪৭ লাখ ৩০ হাজার ২৯২ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করেছে।
এছাড়াও অভিযানে উদ্ধার করা হয়েছে ২টি বিদেশি পিস্তলসহ মোট ৫টি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গোলাবারুদ ও ২৪টি ডেটোনেটর, যা সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির তৎপরতার গুরুত্ব আরও স্পষ্ট করে।
সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান জানান, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার। এই বিস্তৃত সীমান্তে সরাইল রিজিয়নের অধীনে থাকা ৪টি সেক্টরের ১৩টি ইউনিট চোরাচালান প্রতিরোধসহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সরাইল রিজিয়নের আওতাধীন সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা ১৭টি জেলার ৫৬টি উপজেলার মোট ৯২টি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দায়িত্ব পালন করবেন।
প্রেস ব্রিফিংয়ে বিজিবির পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়—সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।



















