শ্রীমঙ্গলে পিট ভাইপার সাপ উদ্ধার
সংগ্রাম দত্ত: দেশের অন্যতম পর্যটন নগরী ও চায়ের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত শ্রীমঙ্গল উপজেলার ডলুবাড়ি এলাকা থেকে একটি বিষাক্ত পিট ভাইপার সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শ্রীমঙ্গলের ডলুবাড়ি পাহাড়ি এলাকার একটি ফলজ বাগানে কাজ করার সময় বাগানের শ্রমিকরা হঠাৎ একটি সাপ দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে শ্রমিকরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে বাগানের মালিককে জানানো হয়। পরে তিনি সাপটিকে হত্যা না করার নির্দেশ দিয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে অবহিত করেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন কুমার দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। পরবর্তীতে উদ্ধারকৃত সাপটি শ্রীমঙ্গলের বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন জানায়, উদ্ধারকৃত সাপটি একটি পিট ভাইপার, যা বাংলাদেশের অন্যতম বিষাক্ত সাপের প্রজাতির অন্তর্ভুক্ত।
উল্লেখ্য, এর আগেও শ্রীমঙ্গলের নোয়াগাঁও, ইছাপুর ও সন্ধানী আবাসিক এলাকা থেকে অজগরসহ বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সাপসহ বন্যপ্রাণী হত্যা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোই উত্তম।



















