img

মৌলভীবাজারে গাছের ডাল থেকে বিলুপ্তপ্রায় শকুন উদ্ধার

প্রকাশিত :  ০৬:০২, ১৮ জানুয়ারী ২০২৬

মৌলভীবাজারে গাছের ডাল থেকে বিলুপ্তপ্রায় শকুন উদ্ধার

সংগ্রাম দত্ত: প্রাকৃতিক সুইপার খ্যাত ‘শকুন’ এখন  বিলুপ্তপ্রায়। গত পরশু মৌলভীবাজার জেলার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের দুগর গ্রাম থেকে একটি শকুন পাখি উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলবেলায় ১০ নম্বর নাজিরাবাদ ইউনিয়নের দুগর গ্রামে এলাকাবাসী একটি পাখিকে গাছের ডালের ওপর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পাখিটি উড়তে পারছিল না, কারণ তার একটি পা গাছের ডালের সঙ্গে আটকে গিয়েছিল। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী পাখিটিকে নিরাপদে উদ্ধারের উদ্যোগ নেন এবং সম্মিলিতভাবে গাছ থেকে নামান।

এরপর এলাকার বাসিন্দা আউলিয়া মিয়া বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের যোগাযোগ নম্বর সংগ্রহ করে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বিষয়টি ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে রাত ১০টার দিকে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছান। তারা পাখিটিকে একটি শকুন হিসেবে শনাক্ত করেন এবং পরে শকুনটিকে উদ্ধার করে নিজেদের তত্ত্বাবধানে নেন। এ সময় তারা এলাকাবাসীকে বন্যপ্রাণী দেখলে ক্ষতি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে উদ্বুদ্ধ করেন।

পরদিন সকালে উদ্ধারকৃত শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য শকুনটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।


img

নবীগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা করায় যুক্তরাজ্য প্রবাসীর কারাদণ্ড

প্রকাশিত :  ১১:৩২, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

হবিগঞ্জ জেলার নবীগঞ্জের একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার ছেড়ার অভিযোগে গোলাম রসুল নামের এক প্রবাসীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, গোলাম রসুল ভোটকেন্দ্রে প্রবেশ করে ভেতরের পরিবেশ নিয়ে আপত্তি তোলেন। এক পর্যায়ে তিনি ভোট দেবেন না বলে একটি ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা এগিয়ে এলে তাদের সঙ্গেও ধস্তাধস্তি করেন তিনি।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার নষ্ট করার দায়ে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় কার্যকর করতে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গোলাম রসুল ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আহাদুর রহমানের ছেলে এবং ইংল্যান্ড প্রবাসী।

সিলেটের খবর এর আরও খবর