img

প্রথমবার জুটি হচ্ছেন চঞ্চল-পরীমণি

প্রকাশিত :  ১২:৩২, ১৮ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৩৭, ১৮ জানুয়ারী ২০২৬

প্রথমবার জুটি হচ্ছেন চঞ্চল-পরীমণি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাস্তি’। লীসা গাজীর পরিচালনায় এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও পরীমণি। চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে আগামী সোমবার।

নির্মাতা জানিয়েছেন, রবীন্দ্রনাথের গল্পকে কেন্দ্র করে কাজ হলেও এটি হুবহু পুনর্নির্মাণ নয়। বরং নতুন সময়, সমসাময়িক ভাষা ও প্রেক্ষাপটের আলোকে গল্পটিকে পুনর্নির্মাণের চেষ্টা চলছে। ফলে দর্শকরা পাবেন পুরনো গল্পের নতুন রূপ।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও গভীর মানবিক গল্প। সামাজিক বাস্তবতা, পারিবারিক সম্পর্ক, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারীর নীরব আত্মত্যাগ— এসব বিষয় গল্পটিকে আজও প্রাসঙ্গিক করে রেখেছে। মূল গল্পে দুই ভাই- চিদাম ও দুখিরামের পারিবারিক জীবনের মধ্যে দিয়ে এগিয়ে যায় কাহিনি। এক তুচ্ছ ঝগড়ার জেরে দুখিরামের স্ত্রী খুন হন, আর আইনের হাত থেকে বাঁচতে চিদাম হত্যার দায় চাপিয়ে দেন নিজের স্ত্রী চন্দরার ওপর। চন্দরা নির্দোষ হয়েও দায় স্বীকার করে নেন এবং মৃত্যুদণ্ডের আগে সত্য বলার সুযোগ পেয়েও নীরব থাকেন। তার এই নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ- আত্মসম্মান, বিশ্বাসভঙ্গ ও অবিচারের বিরুদ্ধে।

চলচ্চিত্রটির প্রযোজনায় যুক্ত রয়েছে একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান। পরিচালক ও শিল্পীরা মনে করছেন, ‘শাস্তি’ সিনেমাটি শুধু একটি সাহিত্যকর্মের রূপান্তর নয়; এটি সমকালীন সমাজে নারীর অবস্থান, নৈতিক সংকট ও মূল্যবোধের প্রশ্নকে নতুন করে ভাবতে বাধ্য করবে দর্শককে।

img

'বোরকা' আমার কাছে স্রেফ একটি পোশাক, এর বেশি কিছু নয়: বাঁধন

প্রকাশিত :  ০৭:১৪, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:২৭, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

অভিনেত্রী আজমেরি হক বাঁধন বহুবার পোশাক নিয়ে ট্রলের শিকার হয়েছেন । তার সাজপোশাক নিয়ে বহু আলোচনা হয়েছে, কেউ কেউ তাকে বোরকা পরার পরামর্শও দিয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যখন দেশ সরগরম, এমন সময় ভোটের ঠিক পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে একটি পোস্ট দেন বাঁধন।

পোস্টে দুটি ছবি কোলাজ করে শেয়ার করেন বাঁধন। তাতে দেখা যায়, একটা তে বোরকা পরে আছেন, অন্যটি শাড়ি। দুটি ছবির সঙ্গে ছিল এক ইঙ্গিতপূর্ণ বার্তাও। 

সেই বার্তায় তার পোশাক নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন অভিনেত্রী। বিশেষ করে নির্বাচনের আগে যারা তাকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন, তাদের উদ্দেশে তিনি লেখেন, এই ছবিটা বিশেষ করে তাদের জন্য, যারা আমাকে ‘বোরকা কিনতে’ বলেছিলেন। জানিয়ে রাখি, ছোটবেলা থেকেই আমি আমার দৈনন্দিন জীবনে নিয়মিত বোরকা পরে আসছি।

বাঁধন লেখেন, ‘আমার কাছে এটি (বোরকা) শুধু একটি পোশাক, এর চেয়ে বেশি কিছুও নয়, কম কিছুও নয়। কখনো কখনো এটি পায়জামা ঢাকা দেওয়া বা তেলের চটচটে মাথা লুকানোর মতো সাধারণ কাজ কিংবা জনসম্মুখে ভিড়ে মিশে যাওয়ার জন্য দারুণ কার্যকর। বিষয়টি এতটাই সাধারণ।’

এদিকে, ‘নির্বাচনে জয়ী ও বিজিত সবার প্রতি সম্মান জানিয়ে বাঁধন তার বার্তা শেষ করেন ইতিবাচকভাবে। বলেন, যারা জয়ী হয়েছেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন। আর যারা জিততে পারেননি, এই অভিজ্ঞতা নিজেই একটি বিজয়। এটি আমাদের দেশ। সম্মান ও ঐক্য নিয়ে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। আমি আমার দেশকে ভালোবাসি।’