img

জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে আমির খান

প্রকাশিত :  ০৮:৩১, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে আমির খান

জনপ্রিয় ভারতীয় গায়ক অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে অবসরের ঘোষণার রেশ কাটতে না কাটতেই তার গ্রামের বাড়িতে হাজির হয়েছেন বলিউড অভিনেতা আমির খান। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে অরিজিতের পৈতৃক নিবাসে আমিরের এই আকস্মিক সফর নিয়ে বিনোদন জগতে শুরু হয়েছে নতুন গুঞ্জন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে জিয়াগঞ্জের নিহালিয়া পাড়ায় অরিজিতের বাড়িতে পৌঁছান আমির খান। আজিমগঞ্জ-জিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রোববার রাতটি অরিজিতের বাড়িতেই কাটিয়েছেন আমির। সোমবার রাতে তার মুম্বাই ফিরে যাওয়ার কথা রয়েছে। আমিরের আগমনকে কেন্দ্র করে অরিজিতের বাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, কড়া নিরাপত্তার মধ্যে অরিজিতের বাড়ির ছাদে হাসি মুখে ঘুড়ি ওড়াচ্ছেন আমির খান। প্রিয় তারকাকে একনজর দেখতে পার্শ্ববর্তী বাড়ির ছাদগুলোতে ভিড় জমান স্থানীয়রা। আমিরও হাত নেড়ে ভক্তদের অভিবাদনের জবাব দেন। তবে অরিজিৎ ও আমিরের মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সংশ্লিষ্টদের মতে, কয়েক দিন আগে অরিজিৎ সিং হঠাৎ করেই চলচ্চিত্র বা প্লেব্যাক সংগীত থেকে অবসরের ঘোষণা দেন। তার এই সিদ্ধান্তে ভক্তদের মধ্যে হতাশা বিরাজ করছে। আমির খানের এই ঝটিকা সফরকে অনেকেই দেখছেন অরিজিৎকে সিদ্ধান্ত পরিবর্তন করার অনুরোধ হিসেবে।


img

'বোরকা' আমার কাছে স্রেফ একটি পোশাক, এর বেশি কিছু নয়: বাঁধন

প্রকাশিত :  ০৭:১৪, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:২৭, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

অভিনেত্রী আজমেরি হক বাঁধন বহুবার পোশাক নিয়ে ট্রলের শিকার হয়েছেন । তার সাজপোশাক নিয়ে বহু আলোচনা হয়েছে, কেউ কেউ তাকে বোরকা পরার পরামর্শও দিয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যখন দেশ সরগরম, এমন সময় ভোটের ঠিক পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে একটি পোস্ট দেন বাঁধন।

পোস্টে দুটি ছবি কোলাজ করে শেয়ার করেন বাঁধন। তাতে দেখা যায়, একটা তে বোরকা পরে আছেন, অন্যটি শাড়ি। দুটি ছবির সঙ্গে ছিল এক ইঙ্গিতপূর্ণ বার্তাও। 

সেই বার্তায় তার পোশাক নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন অভিনেত্রী। বিশেষ করে নির্বাচনের আগে যারা তাকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন, তাদের উদ্দেশে তিনি লেখেন, এই ছবিটা বিশেষ করে তাদের জন্য, যারা আমাকে ‘বোরকা কিনতে’ বলেছিলেন। জানিয়ে রাখি, ছোটবেলা থেকেই আমি আমার দৈনন্দিন জীবনে নিয়মিত বোরকা পরে আসছি।

বাঁধন লেখেন, ‘আমার কাছে এটি (বোরকা) শুধু একটি পোশাক, এর চেয়ে বেশি কিছুও নয়, কম কিছুও নয়। কখনো কখনো এটি পায়জামা ঢাকা দেওয়া বা তেলের চটচটে মাথা লুকানোর মতো সাধারণ কাজ কিংবা জনসম্মুখে ভিড়ে মিশে যাওয়ার জন্য দারুণ কার্যকর। বিষয়টি এতটাই সাধারণ।’

এদিকে, ‘নির্বাচনে জয়ী ও বিজিত সবার প্রতি সম্মান জানিয়ে বাঁধন তার বার্তা শেষ করেন ইতিবাচকভাবে। বলেন, যারা জয়ী হয়েছেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন। আর যারা জিততে পারেননি, এই অভিজ্ঞতা নিজেই একটি বিজয়। এটি আমাদের দেশ। সম্মান ও ঐক্য নিয়ে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। আমি আমার দেশকে ভালোবাসি।’