img

'মর্দানি ৩': অ্যাকশনেই বাজিমাত রানি মুখার্জির

প্রকাশিত :  ১১:১৫, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

 'মর্দানি ৩': অ্যাকশনেই বাজিমাত রানি মুখার্জির

জনপ্রিয় বলিউড অভিনেত্রী রানি মুখার্জির নতুন সিনেমা মুক্তি পেয়েছে দীর্ঘ বিরতির পর। আর  সাহসী ও নির্ভীক পুলিশ কর্মকর্তা শিবানী শিবাজি রায়ের চরিত্র দিয়ে বড় পর্দায় ফিরেই বক্স অফিসে নিজের আধিপত্য জানান দিলেন এই বলিউড কুইন। 

গত ৩০ জানুয়ারি মুক্তি পাওয়া রানির ক্রাইম অ্যাকশন থ্রিলার ‘মর্দানি ৩’ প্রথম তিন দিনেই বাজিমাত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ছবিটির সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি রুপি। অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শক ও সমালোচকদের মধ্যে দারুণ আশার আলো দেখিয়েছে। 

ট্রেড ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, গত শুক্রবার মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করে প্রায় ৪ কোটি রুপি। তবে উইকেন্ডের আমেজ গায়ে মেখে রবিবার সেই আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে, যা গিয়ে ঠেকেছে প্রায় ৬ কোটিতে। ফলে মুক্তির প্রথম তিন দিনেই দুই অঙ্কের ঘরে (১০ কোটি) পৌঁছে গেছে রানির ঝুলির সংগ্রহ।

বর্তমানে প্রেক্ষাগৃহে বেশ কয়েকটি বড় বাজেটের ছবি প্রদর্শিত হচ্ছে। এমনকি একটি বড় মাপের যুদ্ধভিত্তিক ছবির সঙ্গে সরাসরি লড়াই চললেও ‘মর্দানি ৩’ তার গতি হারায়নি। বরং স্থিতিশীল পারফরম্যান্সের মাধ্যমে ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের অবাক করে দিয়েছে রানি মুখার্জির এই সিনেমা।

যশ রাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবিটির পেছনে কাজ করছে অন্যরকম এক আবেগ। কারণ, ভারতীয় চলচ্চিত্রে রানির পথচলার ৩০ বছর পূর্ণ হওয়ার এক মাহেন্দ্রক্ষণেই মুক্তি পেয়েছে এটি। পর্দায় শক্তিশালী নারী পুলিশের চরিত্রে রানির প্রত্যাবর্তন যে এখনও দর্শকদের মুগ্ধ করে রাখতে সক্ষম, বক্স অফিসের সাফল্যই তার বড় প্রমাণ। 


img

'বোরকা' আমার কাছে স্রেফ একটি পোশাক, এর বেশি কিছু নয়: বাঁধন

প্রকাশিত :  ০৭:১৪, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:২৭, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

অভিনেত্রী আজমেরি হক বাঁধন বহুবার পোশাক নিয়ে ট্রলের শিকার হয়েছেন । তার সাজপোশাক নিয়ে বহু আলোচনা হয়েছে, কেউ কেউ তাকে বোরকা পরার পরামর্শও দিয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যখন দেশ সরগরম, এমন সময় ভোটের ঠিক পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে একটি পোস্ট দেন বাঁধন।

পোস্টে দুটি ছবি কোলাজ করে শেয়ার করেন বাঁধন। তাতে দেখা যায়, একটা তে বোরকা পরে আছেন, অন্যটি শাড়ি। দুটি ছবির সঙ্গে ছিল এক ইঙ্গিতপূর্ণ বার্তাও। 

সেই বার্তায় তার পোশাক নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন অভিনেত্রী। বিশেষ করে নির্বাচনের আগে যারা তাকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন, তাদের উদ্দেশে তিনি লেখেন, এই ছবিটা বিশেষ করে তাদের জন্য, যারা আমাকে ‘বোরকা কিনতে’ বলেছিলেন। জানিয়ে রাখি, ছোটবেলা থেকেই আমি আমার দৈনন্দিন জীবনে নিয়মিত বোরকা পরে আসছি।

বাঁধন লেখেন, ‘আমার কাছে এটি (বোরকা) শুধু একটি পোশাক, এর চেয়ে বেশি কিছুও নয়, কম কিছুও নয়। কখনো কখনো এটি পায়জামা ঢাকা দেওয়া বা তেলের চটচটে মাথা লুকানোর মতো সাধারণ কাজ কিংবা জনসম্মুখে ভিড়ে মিশে যাওয়ার জন্য দারুণ কার্যকর। বিষয়টি এতটাই সাধারণ।’

এদিকে, ‘নির্বাচনে জয়ী ও বিজিত সবার প্রতি সম্মান জানিয়ে বাঁধন তার বার্তা শেষ করেন ইতিবাচকভাবে। বলেন, যারা জয়ী হয়েছেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন। আর যারা জিততে পারেননি, এই অভিজ্ঞতা নিজেই একটি বিজয়। এটি আমাদের দেশ। সম্মান ও ঐক্য নিয়ে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। আমি আমার দেশকে ভালোবাসি।’