img

আবারও ট্রলের শিকার কারিনা

প্রকাশিত :  ০৮:৪১, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৪২, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

আবারও ট্রলের শিকার কারিনা

জনপ্রিয় বলিউড তারকা কারিনা কাপুর খান আবারও নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে। কাপুর পরিবারের উত্তরাধিকার আর নবাব পরিবারের বধূ—এ দুই পরিচয়ের সঙ্গে তার আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব বরাবরই সমালোচনার জন্ম দিয়েছে। এবার সেই বিতর্কে নতুন করে রসদ জুগিয়েছে গ্যালারিতে ঘটে যাওয়া একটি ঘটনা।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ঘটনাটি ঘটে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল) ম্যাচ চলাকালে। নিজের দল ‘কলকাতা টাইগার্স’-কে সমর্থন জানাতে গ্যালারিতে হাজির ছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। সঙ্গে ছিল তাদের দুই সন্তান তৈমুর ও জেহ।

সেখানেই উপস্থিত ছিলেন ‘বিগ বস ১৩’ খ্যাত অভিনেত্রী আরতি সিং ও তার পরিবার। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাইফকে দেখে আরতি ও তার মা ছবি তুলতে আগ্রহী হয়ে ওঠেন। তবে অভিযোগ, সেই সময় কারিনাকে প্রায় উপেক্ষা করেই সাইফের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন তারা।

ভিডিওতে কারিনার দিক থেকে আরতির দিকে ছোড়া একাধিক তীক্ষ্ণ দৃষ্টি নেটিজেনদের নজর এড়ায়নি। পরিস্থিতি বুঝে সাইফ নিজেই করিনাকে পাশে ডেকে নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে ছবি তোলেন। তবে ততক্ষণে মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও ভাইরাল হতেই শুরু হয় সমালোচনা। কেউ কারিনার আচরণকে ‘অহংকার’ বলছেন, আবার কেউ মন্তব্য করেছেন—এরকম মনোভাব নাকি তার নতুন কিছু নয়।


img

তিনি এমন এক প্রতিভা যা আরও বহু প্রতিভাকে ছাড়িয়ে বেঁচে থাকবে: শাহরুখ

প্রকাশিত :  ১২:৫৩, ১২ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৫৬, ১২ এপ্রিল ২০২৬

ভারতীয় উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে স্তব্ধ বলিউডসহ পুরো উপমহাদেশ। এই শোকের মুহূর্তে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের ‘কিং খান’  শাহরুখ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শাহরুখ খান লেখেন, ‘আশা  ভোঁসলের  চলে যাওয়ার খবরটি অত্যন্ত বেদনাদায়ক। তাঁর কণ্ঠ ভারতীয় সিনেমার এক অমূল্য স্তম্ভ ছিল, যা আগামী বহু শতাব্দী ধরে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে।”

শুধু পেশাগত নয়, ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। শাহরুখ লেখেন, ‘তিনি এমন এক প্রতিভা, যা আরও বহু প্রতিভাকে ছাড়িয়ে বেঁচে থাকবে। সবসময় আমাকে ভালোবাসা আর আশীর্বাদে ভরিয়ে রেখেছেন। তাঁকে ভীষণ মিস করব। ওপারে ভালো থাকবেন আশা তাই। আপনাকে অনেক ভালোবাসি।’

শাহরুখের এই বার্তায় স্পষ্ট হয়ে ওঠে বর্ষীয়ান এই শিল্পীর প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও আন্তরিকতার বন্ধন। প্রায় আট দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে আশা ভোঁসলে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছেন, যা প্রজন্ম থেকে প্রজন্মে অনুরণিত হবে।

রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের  ব্রিচ ক্যান্ডি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গিনেস রেকর্ডধারী শিল্পী। তাঁর বিদায়ে সঙ্গীত ও চলচ্চিত্র অঙ্গনে একটি স্বর্ণালী অধ্যায়ের অবসান হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।