নির্বাচনকালে দূরপাল্লার বাস চলাচল নিয়ে সিদ্ধান্ত জানা গেল
জাতীয় নির্বাচনের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি সারা দেশে দূরপাল্লার বাস চলাচল অব্যাহত থাকবে। তবে নির্বাচনের দিন বেশির ভাগ সার্ভিস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।
মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে জানান, আগামী ১১ ফেব্রুয়ারি বাস চলবে। ১২ ফেব্রুয়ারি অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে। তবে বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।
তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে। বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। বেশির ভাগ কর্মী ভোটের জন্য ছুটি চেয়েছেন। ভোট শেষ হওয়ার পর রাতে সার্ভিস পুনরায় চালু হতে পারে।
’ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সারা দেশে যান চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
সম্প্রতি এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী ভোটের সময় ২৪ ঘণ্টা ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। আর মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ৭২ ঘণ্টা। এ অবস্থায় দূরপাল্লার যানবাহন চলাচল করবে কি না তা নিয়ে অনেকের মনেই রয়েছে প্রশ্ন।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী ভোটের দিন— অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
সেই সঙ্গে ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত— অর্থাৎ মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে এই বিধি-নিষেধের ক্ষেত্রে বেশ কিছু শিথিলতা রাখা হয়েছে।
দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন বা স্থানীয় পর্যায়ে চলাচলের জন্য প্রয়োজনীয় যান চলাচলেও এই বিধি-নিষেধ শিথিল থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।



















