শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
সংগ্রাম দত্ত: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা শেখ নূরে আলম হামিদী শ্রীমঙ্গল প্রেস ক্লাবে সোমবার সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সংবাদ সম্মেলনে মাওলানা শেখ নূরে আলম বলেন, নির্বাচিত হলে তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে আধুনিক, সুশৃঙ্খল ও গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তুলবেন। তিনি বলেন, \"আমাদের লক্ষ্য একটিই—শান্তি, সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ।\"
প্রার্থী তার ইশতেহারে ২২টি প্রতিশ্রুতি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
সড়ক, সেতু, কালভার্ট ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ ও সংস্কার,
শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ নিশ্চিত করা,
কৃষি ও মৎস্য খাতের আধুনিকীকরণ, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও প্রশিক্ষণ,
পর্যটন শিল্পের উন্নয়ন ও স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি,
নারী শিক্ষা, নিরাপত্তা এবং কুটির শিল্পে সহায়তা,
চা শ্রমিক ও সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন,
কমলগঞ্জে মেডিক্যাল কলেজ, শ্রীমঙ্গলে চা গবেষণা প্রতিষ্ঠান ও নিলাম কেন্দ্র আধুনিকীকরণ,
শমসেরনগর বিমানবন্দর পুনরায় চালু,
প্রবাসীদের নিরাপদ অভিবাসন, রেমিট্যান্স সুবিধা এবং দেশে ফেরার পুনর্বাসন ও বিনিয়োগে সহায়তা ইত্যাদি।
মাওলানা শেখ নূরে আলম হামিদী বলেন, “মৌলভীবাজার-৪-এর জনগণ সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত, আধুনিক ও সমৃদ্ধশালী এলাকায় বসবাস করবে। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সমানভাবে নিরাপদ ও উন্নত জীবন নিশ্চিত করব।”
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















