img

জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল

প্রকাশিত :  ০৫:১৯, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:২২, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

 জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল

রাষ্ট্র সংস্কার ইস্যুতে বিএনপি জাতীয় জুলাই সনদে যা যা সই করেছে, তার সবগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা জানান তিনি।

ফখরুল বলেন, ‘বিএনপির ভূমিধ্বস বিজয় জনগণের ভালোবাসা। বিএনপি জনগণের দল। বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি। সবসময় জনগণের রাজনীতি করেছে। জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি। অন্তর্বর্তী সরকার বলেছে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসনের ফলে জামায়াতের উত্থান হয়েছে। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেয়া হয়, তার কণ্ঠরোধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে থাকে এবং সেটাই এই দেশে ঘটেছে। যেখানে আজকে যেটুকু উত্থান হয়েছে জামায়াতে ইসলামীর, এর কারণ আওয়ামী লীগ। তাদের দমন-নিপীড়নমূলক শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেয়া এবং নির্বাচন করতে না দেয়ার ফলে আজকে এটা হয়েছে।’

বাংলাদেশের মানুষ জামায়াতকে এরইমধ্যে প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়েছে। জনগণ তাদের আবারো সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে।’ 

তিনি বলেন, ‘বিএনপি সবসময় দেয়া কথায় অটল থাকে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করছে তাদের সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাদের সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করব।’

সংস্কারের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির দেয়া ৩১ দফাকে বিস্তৃত করবো। এরইমধ্যে সংস্কার কমিশনে আমরা অনেকগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছি, এগুলোই আমাদের সামনে আসবে। আমরা জুলাই সনদে যা যা সই করেছি, সেগুলো আমরা সবগুলো পূরণ করব।’

তিনি বলেন, ‘আমরা সবাই যেমন আনন্দে রয়েছি, তেমনি আমাদের দুঃখও-বেদনা রয়েছে। দীর্ঘকালের আমাদের নেত্রী, যিনি সারাজীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য, অধিকারের জন্যে, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন—এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের ব্যাপার।’

img

লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

প্রকাশিত :  ০৫:১৭, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ০৫:২৫, ১৭ মার্চ ২০২৬

লালমনিরহাটের পাটগ্রামে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শিশুসহ মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহতের খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শরিফুল ইসলামের (৩৫) বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। ঈদের ছুটিতে মোটরসাইকেল যোগে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। আহত একজনকে রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন শরিফুল ইসলাম। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত জানা যায়নি।

পাটগ্রাম থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


বাংলাদেশ এর আরও খবর