img

কিছু মন্ত্রীর মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন: সোহেল রানা

প্রকাশিত :  ০৬:১০, ২২ ফেব্রুয়ারী ২০২৬

কিছু মন্ত্রীর মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন: সোহেল রানা

নবগঠিত সরকারের দায়িত্বভার গ্রহণের পর দেশের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে নতুন মন্ত্রীদের কিছু অপ্রাসঙ্গিক মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে দায়িত্ব পাওয়া কয়েকজন মন্ত্রী দপ্তরের এখতিয়ার ছাড়িয়ে মন্তব্য করলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।

গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি তুলে ধরেন জনপ্রিয় অভিনেতা সোহেল রানা। তিনি লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ নতুন সরকারকে আশা ও আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। তবে কিছু মন্ত্রী অপ্রয়োজনীয়ভাবে মিডিয়ার সামনে বক্তব্য রাখায় সরকারের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

সোহেল রানা বলেন, প্রধানমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে কিছু মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে দিতে বলুন। কোনো বিশেষ সংবাদ ছাড়া তাদের টেলিভিশন বা প্রিন্ট মিডিয়ার সামনে আসার কোনো প্রয়োজন নেই। প্রতিটি দপ্তরের সংবাদ উপযুক্ত মুখপাত্রের মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। বিশেষ প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর অনুমতি দেওয়া যেতে পারে।

তিনি আরও সতর্ক করেছেন, হঠাৎ করে কর্মী থেকে এমপি এবং এমপি থেকে মন্ত্রী হওয়া কয়েকজন ভুলে গেছেন যে এই মুহূর্তে তারা রাজনৈতিক দলের নেতা হিসেবে নয় সরকারের দায়িত্বে আছেন। কেউ কেউ নিজের দপ্তরের বাইরে ‘জিহাদ ঘোষণা’ করছেন। এখন থেকে লাগাম টেনে না ধরলে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে।

img

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে দুই মামলা, ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি

প্রকাশিত :  ০৭:২৭, ০৪ মার্চ ২০২৬

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ, মানহানি ও চুক্তিভঙ্গের অভিযোগে  দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। জ্যোতিষী তনয় শাস্ত্রী এ মামলা দুটি করেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, আদালতে তনয় শাস্ত্রীর পক্ষে মামলা পরিচালনা করছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। মামলায় মিথ্যা অপবাদ ও মানহানির পাশাপাশি চুক্তিভঙ্গের অভিযোগও আনা হয়েছে।

তনয়ের দাবি, নির্ধারিত সময়ে অনুষ্ঠানে অংশ না নেওয়ায় মিমিকে দেওয়া অগ্রিম অর্থ ফেরত দিতে হবে। সেই সঙ্গে অভিনেত্রীর কাছে ২০ লাখ রুপি ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।

নতুন বছরের শুরুতে পশ্চিমবঙ্গের বনগাঁয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিতর্কে জড়ান মিমি। অভিযোগ রয়েছে, অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই তনয় শাস্ত্রী মঞ্চে উপস্থিত হয়ে অনুষ্ঠান বন্ধের চাপ সৃষ্টি করেন। পরিস্থিতির মুখে দর্শকদের শুভরাত্রি জানিয়ে মঞ্চ ত্যাগ করেন অভিনেত্রী।

এ ঘটনার পর তনয় শাস্ত্রীর বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। অভিযোগের ভিত্তিতে পুলিশ তনয়কে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান এবং পাল্টা আইনি পদক্ষেপ হিসেবে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেন।