২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহ করার দৌড়ে এগিয়ে যেসব চলচ্চিত্র
প্রকাশিত :
০৮:৫৬, ১৩ মার্চ ২০২৬
সৈয়দ আমানউল্লাহ : ভূমধ্যসাগরের নীল জলরাশির পাড়ে, ফ্রান্সের দক্ষিণ উপকূলের শহর কান। এখানে আবার তারকাখচিত আরেকটি অনুষ্ঠানের জন্য লাল গালিচা বিছাতে প্রস্তুত।৭৯ তম কান চলচ্চিত্র উৎসব ১১ দিনের এক্সক্লুসিভ স্ক্রিনিং, অনুষ্ঠান এবং গ্ল্যামারের সাথে ফিরে আসছে। কোট ডি\'আজুরের তীরে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টগুলির মধ্যে একটি হিসেবে বিশ্বব্যাপী বিখ্যাত, কান ফিল্ম ফেস্টিভ্যাল । এই বছর ১২ মে ২০২৬ এ পর্দা উঠতে যাচ্ছে।
এ বছর এই উৎসবে বেশ কিছু চমকপ্রদ সিনেমার সাক্ষী হতে যাচ্ছে দর্শকরা। উৎসবের পরিচালকরা ইতোমধ্যেই কয়েকটি সিনেমাকে নজরে রেখেছেন, যা সম্ভাব্য অংশগ্রহণের তালিকায় রয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই চলচ্চিত্রগুলো, যেগুলো উৎসবে স্থান পেতে পারে।
\"রক্তছায়া\" চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে কান চলচ্চিত্র উৎসবকে টার্গেট করে। আলি জুলফিকার জাহেদীর পরিচালনায় নির্মাণ হচ্ছে বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’। গল্প সম্পর্কে পরিচালক জানান, মূলত নারীর প্রতি বৈষম্যকে সাবজেক্ট করে গল্পটি এগিয়েছে। এখানে আমরা নারীর শক্তি, বুদ্ধিমত্তাকে তুলে ধরার চেষ্টা করবো। আর এজন্য আমার একজন শক্তিমান গুণী অভিনয় শিল্পীর প্রয়োজন ছিলো। তাই আমি এই চরিত্রের জন্য রুনা খানকে বেছে নিয়েছি। তার অভিনয় দক্ষতা, পরিমিতিবোধে আমি দারুনভাবে প্রভাবিত। আশা করছি স্বল্পদৈর্ঘ্যৈ আমি তাকে যথাযথভাবে তুলে ধরতো পারবো।
জাহেদী আরও জানান, এতে রুনা খান ছাড়াও চিত্রনায়ক আমান রেজা অভিনয় করেছেন। গল্পে দু’জনকেই পুলিশ চরিত্রে দেখা যাবে।
“দূরবর্তী ছায়া” (Faraway Shadows)
বাংলাদেশের নতুন প্রযোজনা। এই চলচ্চিত্রটি মানবিক সম্পর্কের জটিল সমীকরণ এবং সামাজিক বৈষম্যের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে । পরিচালকের নান্দনিক দৃষ্টিভঙ্গি এবং গল্প বলার ধরণ আন্তর্জাতিক মানের। ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসা কুড়িয়েছে এবং কান চলচ্চিত্র উৎসবের জন্য শক্তিশালী চলচ্চিত্র হিসেবে বিবেচিত হতে যাচ্ছে।
“অন্ধকারের মাঝে আলো” (Light in the Darkness)
ফ্রান্সের একটি স্বতন্ত্র নাট্যধর্মী সিনেমা, যা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের শিশুদের জীবনের গল্প উপস্থাপন করা হয়েছে। সিনেমাটির চিত্রগ্রহণ এবং সঙ্গীত সংমিশ্রণ দর্শকদের আবেগকে স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে। চলচ্চিত্রটি শিশুদের মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে নির্মিত।
“নীল জলের রাত্রি” (Blue Water Nights)
জাপানি পরিচালক নির্মাণ করেছেন, যেখানে সমুদ্র এবং মানুষের সম্পর্ককে কেন্দ্র করে একটি মেলোড্রামা তৈরি হয়েছে। দৃশ্যের সৌন্দর্য্য, নান্দনিক সিনেম্যাটোগ্রাফি এবং সংলাপের সূক্ষ্মতা চলচ্চিত্রটিকে আন্তর্জাতিক দর্শকদের আকর্ষণ করতে সক্ষম হবে। কানে প্রতিযোগিতামূলক বিভাগে এটি স্থান পেতে পারে।
“সময়বৃত্ত” (Time Loop)
যুক্তরাষ্ট্রের একটি বিজ্ঞান কল্পকাহিনী সিনেমা, যেখানে সময় ভ্রমণ এবং ব্যক্তিগত পরিণতির মধ্য দিয়ে একটি চমকপ্রদ গল্প বলা হয়েছে। বিশেষ ইফেক্ট এবং অভিনয় দুটোই উচ্চমানের। চলচ্চিত্রটি ইতিমধ্যেই প্রযুক্তিগত দিক থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র সম্প্রদায়ের প্রশংসা পেয়েছে, যা উৎসবে দর্শকদের আকর্ষণ করবে।
“সঙ্গীতের ছোঁয়া” (The Touch of Music)
ইতালির একটি ফিচার ফিল্ম, যেখানে একজন গৃহবধূর জীবনের পরিবর্তনের গল্প সঙ্গীতের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এটি চলচ্চিত্র প্রেমীদের হৃদয় ছুঁয়ে যাবে, কারণ গল্প, সঙ্গীত এবং অভিনয়ের সমন্বয় অত্যন্ত শক্তিশালী। কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে মনোনীত হওয়ার দৌড়ে এগিয়ে চলচ্চিত্রটি।
কান এখন শুধুমাত্র উৎসবমুখর হয়ে ওঠার অপেক্ষায়। ৭৯তম কান চলচ্চিত্র উৎসব ২০২৬ সালের ১২মে থেকে ২৩ মে ফ্রান্সের কানে অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়ার পরিচালক পার্ক চ্যান-উক প্রধান প্রতিযোগিতার জুরি বোর্ডের সভাপতিত্ব করবেন। মার্চে ডু ফিল্মের এই অনুষ্ঠানে বারবারা স্ট্রেইস্যান্ডকে সম্মানসূচক পাম ডি\'অর প্রদান করা হবে, যা চলচ্চিত্রে তার ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ।
রাজনৈতিক ছত্রছায়ায় বেপরোয়া কিশোর গ্যাং, আতঙ্ক ছড়াচ্ছে শহর থেকে গ্রাম পর্যন্ত
প্রকাশিত :
০৬:৫০, ১০ এপ্রিল ২০২৬ সর্বশেষ আপডেট: ০৮:২০, ১০ এপ্রিল ২০২৬
জ্যৈষ্ঠ প্রতিবেদক সৈয়দ আমানউল্লাহ: বাংলাদেশে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও উত্থান ১৯৯০-এর দশকের শেষের দিকে শুরু হলেও, এদের অপরাধমূলক কর্মকাণ্ড দৃশ্যমানভাবে আলোচনায় আসে ২০১২ সালের দিকে । ২০১৭ সালে উত্তরার আদনান কবির হত্যাকাণ্ডের পর এই গ্রুপগুলোর তৎপরতা ব্যাপকহারে গণমাধ্যমে প্রকাশ পেতে থাকে এবং ২০১৭-২০১৮ সাল থেকেই এটি মারাত্মক সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়।
এখন বাংলাদেশে এক নতুন আতঙ্কের নাম ‘কিশোর গ্যাং’। একসময় যা ছিল শহরকেন্দ্রিক বিচ্ছিন্ন সমস্যা, এখন তা ছড়িয়ে পড়েছে গ্রাম পর্যন্ত। সময়ের চক্রে আইনি নিয়ন্ত্রণের পরিবর্তে আরও ডালপালা মেলেছে এ কিশোর অপরাধ। ধরনও হয়ে উঠছে ভয়াবহ—চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, এমনকি খুনের মতো গুরুতর অপরাধেও জড়িয়ে পড়ছে শিশু-কিশোররা।
কিশোর গ্যাং হলো এমন একটি দল বা গোষ্ঠী, যেখানে সাধারণত কিশোররা (১২ থেকে ১৮ বছর বয়সী) একত্রিত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করে।
তার প্রভাব বিস্তার ও আধিপত্য প্রতিষ্ঠার জন্য নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তবে এর চেয়ে কম বা বেশি বয়সীরাও রয়েছে গ্যাংয়ে। ঢাকায় বস্তি ও ছিন্নমূল শিশুদের মাদক সেবনের মাধ্যমেই মূলত কিশোর গ্যাংয়ের সূত্রপাত হয়। সেখান থেকে অনেক উচ্চবিত্তের সন্তানও জড়িয়ে পড়েছে এই গ্যাংয়ে। মারামারি, চুরি, ছিনতাই, প্রকাশ্যে চাঁদাবাজি, মাদক বিক্রি, এমনকি খুনের মতো জঘন্য অপরাধ এখন তাদের জন্য নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র বলছে, প্রতিটি থানা এলাকায় কিশোর গ্যাংয়ের অসংখ্য সদস্য রয়েছে। ঢাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের মধ্যে ৪০ শতাংশই কিশোর। নিয়মিত বেড়ে চলা তাদের দলে সদস্যসংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। তাদের হাতে দেশীয় ধারালো অস্ত্রের পাশাপাশি পিস্তলের মতো আগ্নেয়াস্ত্রও রয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, পল্লবী, মিরপুর ও উত্তরা থানা এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা সবচেয়ে বেশি বলে তদন্ত সংস্থাগুলো জানিয়েছে। ঢাকা মহানগরের বাইরে কামরাঙ্গীরচর, সাভার, কেরানীগঞ্জ, গাজীপুর, টঙ্গীসহ বিভিন্ন এলাকায়ও গড়ে উঠছে নতুন গ্যাং নেটওয়ার্ক।
কিশোর অপরাধীদের কর্মকাণ্ডের সরকারি পৃথক কোনো তথ্যভাণ্ডার নেই। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও বিভিন্ন সংস্থার তথ্য বলছে, ২০২২ সালে দেশে ১৭৩টি কিশোর গ্যাং অপরাধী চক্র ছিল। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩৭টিতে। এর মধ্যে রাজধানীতে এখনো সক্রিয় ১২৭টি কিশোর গ্যাং। চট্টগ্রামে অর্ধশত কিশোর গ্যাংয়ে রয়েছে কয়েকশ সদস্য।
বিভিন্ন থানা এলাকা ও পাড়া-মহল্লায় ছোট-বড় গ্রুপে নানা অপরাধে জড়িত রয়েছে কিশোর গ্যাং। আর এদের ‘বড় ভাইদের’ ভূমিকায় রয়েছেন স্থানীয় কিছু রাজনৈতিক নেতা। চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও নিজেদের শক্তি প্রদর্শনে একশ্রেণির রাজনৈতিক নেতারা কিশোর গ্যাংকে ব্যবহার করায় এদের দমন করা যাচ্ছে না বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র।
গত সপ্তাহে আলোচিত কুমিল্লার ধর্মসাগরপাড়ে কোতোয়ালি থানার এক পুলিশ দম্পতিকে ছুরিকাঘাতের ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ কুমিল্লা মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রিফাতের বয়স ১৯ এবং সিয়ামের বয়স ২০ বছর।
গতকাল অস্ত্র মহড়া ও দাঙ্গাবাজির ঘটনায় অভিযান চালিয়ে, কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া থেকে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
গতকাল ভোররাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- ফরহাদ হোসাইন, ইব্রাহিম হোসেন জসিম, শাহাদত হোসেন শান্ত, তানভীর আহম্মেদ ও সাজ্জাদ হোসেন ওরফে রিতিক। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার বিসিক শিল্পনগরী সংলগ্ন নোনাবাদ পুকুরের পূর্ব পাড়ে অভিযান চালিয়ে ৪টি রামদা/হাঁসুয়া ও একটি এসএস পাইপ দিয়ে তৈরি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আরও ১৪ জনের নাম প্রকাশ করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৪০-১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, গত ৩ এপ্রিল বিকাল ৪টার দিকে ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড এলাকায় একদল কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, পটকা বিস্ফোরণ, মিছিল ও শক্তি প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। তাদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য এ অভিযান পরিচালিত হয়। নগরীতে এমন অভিযান চলমান থাকবে।
গত শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে বিশেষ অভিযানে নগরীর জামালখান এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ‘ডেঞ্জার’ কিশোর গ্যাং গ্রুপের ১১ জনকে গ্রেপ্তার করেছে সিএমপির কোতোয়ালি থানা পুলিশ।
গত শনিবার (৪ এপ্রিল) নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গৌরিপুর গ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের মারধরে মো. সেলিম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
এ ছাড়া গত ১৯ ফেব্রুয়ারি ময়মনসিংহ নগরের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজের দুই শিক্ষার্থী নুরুল্লাহ শাওন ও তার বন্ধু মঞ্জুরুল আহসান (রিয়াদ) ব্রহ্মপুত্র নদের বিপরীত পাশে বেড়াতে যান। সেখানে তারা ছিনতাইকারী ‘কিশোর গ্যাং’-এর কবলে পড়েন। মঞ্জুরুল আহসান (রিয়াদ) সাঁতরে বেঁচে ফিরলেও নুরুল্লাহ শাওন সাঁতার না জানায় ব্রহ্মপুত্র নদে প্রাণ হারান।
সারা দেশে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
গত মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় থেকে শুরু করে—তার আগে তো ছিলই, কিশোর গ্যাংয়ের অত্যাচারে সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে...এই সরকার একটি গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার; স্বরাষ্ট্রমন্ত্রী যদি বিভাগীয় ডিআইজিদের (পুলিশের উপমহাপরিদর্শক) বলে দেন, থানাগুলো যদি তৎপর হয় সবচেয়ে ভালো হবে।’
সারাদেশে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, হুমকি ও পুলিশের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে পুলিশ হেডকোয়ার্টারের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, শুধু পুলিশিংয়ের মাধ্যমে সমাজে অপরাধ তৎপরতা পুরোপুরি দমন করা সম্ভব নয়। এ ক্ষেত্রে পুলিশের পাশাপাশি পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে এবং গণসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে।
কিশোর গ্যাং নিয়ে এলিট ফোর্সের পদক্ষেপ কী—জানতে চাইলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশ বলেন, ‘কিশোর গ্যাং বাংলাদেশে দিনে দিনে প্রকট আকার ধারণ করছে। তাদের বিরুদ্ধে আমাদের যৌক্তিক কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ ও র্যাব যৌথভাবে দীর্ঘদিন ধরে কাজ করছে। পেছনের গডফাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। এ কাজে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।
কিশোর গ্যাংয়ের ব্যাপকতা ও কার্যকলাপ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ‘সামাজিক অবক্ষয়, পারিবারিক অস্থিতিশীলতা, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং প্রযুক্তির অপব্যবহারের কারণেই এই গ্যাং সমাজে দিন দিন জায়গা করে নিচ্ছে।’
তিনি আরও বলেন, পরিবার থেকে পর্যাপ্ত স্নেহ ও মূল্যবোধের অভাব এবং সহিংস বা অপরাধপ্রবণ পরিবেশে বেড়ে ওঠা কিশোররা সহজেই গ্যাং সংস্কৃতির দিকে আকৃষ্ট হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিভাগের অধ্যাপক শাহরিয়ার আফরিন বলেন, ‘শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ, প্রশাসনের তোড়জোড় কিংবা লোক দেখানো উদ্যোগ দিয়ে কিশোর গ্যাংয়ের মতো জটিল বিষয় সহজে দূর করা সম্ভব নয়। বরং এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যেখানে সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে চূড়ান্ত ফলাফল অর্জন করতে হবে। তা না হলে, শুধু বর্তমান নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলাই নয়, ভবিষ্যতেও দেশ ও সমাজের জন্য বড় ধরনের সমস্যা ও হুমকি হিসেবে দাঁড়াতে পারে কিশোর গ্যাং।