img

না ফেরার দেশে অভিনেতা শামস সুমন, শোবিজ অঙ্গনে শোক

প্রকাশিত :  ১৭:২৬, ১৭ মার্চ ২০২৬

না ফেরার দেশে অভিনেতা শামস সুমন, শোবিজ অঙ্গনে শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক: সৈয়দ আমাউল্লাহ: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। পরে তিনি অসুস্থতার কথা অভিনেতা শাহাদৎ হোসেন–কে জানান। দ্রুত তাঁকে ঢাকার গ্রিন রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

অভিনেতা সুজাত শিমুল হাসপাতাল থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে—মূলত কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই শামস সুমনের মৃত্যু হয়েছে।

একসময় টেলিভিশন নাটকে নিয়মিত ও জনপ্রিয় মুখ ছিলেন শামস সুমন। মঞ্চ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করে পরে ছোট পর্দা ও বড় পর্দায় সমানভাবে কাজ করেছেন তিনি। তবে গত কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছিল এই অভিনেতাকে।

শামস সুমন অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মন জানে না মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনি’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’ ও ‘হ্যালো অমিত’।

২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার  লাভ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি রেডিও ভূমিতে স্টেশন প্রধান এবং চ্যানেল আই–এর অনুষ্ঠান বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ রাজশাহীতে নেওয়া হবে এবং সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

বিনোদন এর আরও খবর

img

কাকে ‘ভণ্ড হুজুর’ বললেন মারিয়া মিম

প্রকাশিত :  ০৮:১০, ১২ মে ২০২৬

ছোট পর্দার পরিচিত অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওই পোস্টে নাম উল্লেখ না করে একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে সম্বোধন করেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে মারিয়া মিম লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’ পোস্টটি প্রকাশের পরই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই ধারণা করছেন, তিনি তার প্রাক্তন স্বামী সিদ্দিকুর রহমানকেই ইঙ্গিত করেছেন।

পোস্টের মন্তব্যের ঘরেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সরাসরি সিদ্দিকুর রহমানের নাম উল্লেখ করেছেন। অনেকে মনে করছেন, অভিনেতার সাম্প্রতিক ধর্মীয় বেশভূষা ও বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই এই মন্তব্য করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান সিদ্দিকুর রহমান। মুক্তির পর তার চেহারা ও জীবনাচরণে পরিবর্তন দেখা যায়। বর্তমানে তিনি নিয়মিত টুপি পরেন এবং দাঁড়ি রেখেছেন। একাধিক সাক্ষাৎকারে তিনি ধর্মীয় অনুশীলনে মনোযোগী হওয়ার কথাও জানিয়েছেন।

এর আগে এক সাক্ষাৎকারে মারিয়া মিমকে নিজের ‘দুর্বল জায়গা’ বলেও উল্লেখ করেছিলেন সিদ্দিকুর রহমান। ফলে সাম্প্রতিক ভাইরাল ভিডিও ও বক্তব্যের প্রেক্ষাপটেই এই পোস্ট এসেছে বলে মনে করছেন অনেকে।

এদিকে সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও প্রাক্তন স্বামীকে নিয়ে প্রশ্ন করা হলে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় আসেন মারিয়া মিম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রহস্যময় এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্দিকুর রহমান ও মারিয়া মিম। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের সংসারে আরশ হোসাইন নামে এক পুত্রসন্তান রয়েছে। তবে সর্বশেষ পোস্টে তিনি কাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি মারিয়া মিম।