img

ঈদের ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা

প্রকাশিত :  ১৮:৩৪, ২৪ মে ২০২৬

ঈদের ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে (৩১ মে) রবিবার পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।

তবে উৎসবের এই দীর্ঘ অবকাশেও সবার ছুটি মিলছে না। দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্ধারিত কোরবানির হাট এলাকায় ঈদুল আজহার আগের দিন রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (২৪ মে) প্রতিটি তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের দেওয়া বাংলাদেশ ব্যাংকের এক চিঠি থেকে জানা যায়, এই সময়কালে ব্যাংক নির্ধারিত শাখা, উপশাখা বা হাটে স্থাপিত বুথগুলো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে।

এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন ও রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাট পরিচালিত হতে যাচ্ছে।

এসব হাটে অধিক সংখ্যক ক্রেতা ও ব্যবসায়ীর সমাগম এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হচ্ছে। ক্রেতা ও ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের নিরাপত্তা বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চিঠিতে আরো বলা হয়, কোরবানির পশুর হাটের কাছাকাছি ব্যাংকের শাখা বা উপশাখা এবং সংশ্লিষ্ট পশুর হাটে স্থাপন করা অস্থায়ী বুথ ব্যবহার করে ক্রেতা ও ব্যবসায়ীরা যেন ক্রয়-বিক্রয়ের অর্থ সহজে লেনদেন করতে পারেন সেটা নিশ্চিত করতে ব্যাংকিং সহায়তা জরুরি।


হাটগুলো হলো—

ঢাকা উত্তর করপোরেশন

১. বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা

২. মিরপুর সেকশন-৬, ওয়ার্ড নম্বর-৬ (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা

৩. মিরপুর কালশী বালুর মাঠের (১৬ বিঘা) খালি জায়গা

৪. ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা

৫. বাড্ডা থানার অন্তর্গত স্বদেশ প্রপার্টির খালি জায়গা

৬. ২৩ নং ওয়ার্ডের পূর্ব হাজীপাড়া, ইশরা মাদ্রাসার পাশে খালি জায়গা

৭. উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নং সেক্টরসংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা

৮. গাবতলী পশুর হাট

৯. খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়া এলাকা

১০. বড় বেরাইদ বসুন্ধরা গ্রুপের খালি জায়গা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১. কাজলা ব্রীজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পানির পাম্প পর্যন্ত

২. মোস্তমামি মোড় সংলগ্ন গ্রীণ বনশ্রী হাউজিং

৩. ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ পূর্ব পাশ এলাকা

৪. রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন এলাকা

৫. পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিমপার্শ্বে নদীর পাড় এলাকা

৬. উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশ এলাকা

৭. শিকদার মেডিক্যাল সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের এলাকা

৮. গোলাপবাগস্থ আউটফল স্টাফ কোয়ার্টার এলাকা

৯. আমুলিয়া মডেল টাউন

১০. সারুলিয়া

১১. সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পার্শ্বের খালি জায়গা অস্থায়ী কোরবানির পশুর হাট


চট্টগ্রাম সিটি করপোরেশন

১. বিবির হাট

২. সাগরিকা

রংপুর সিটি করপোরেশন

১. লালবাগ সদর হাট

খুলনা সিটি করপোরেশন

১. জোড়া হাট

রাজশাহী সিটি করপোরেশন

১. সিটি হাট

img

জুলাই আন্দোলনে পদত্যাগ করা ডেপুটি গভর্নর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান

প্রকাশিত :  ১৮:৪২, ২৪ মে ২০২৬

ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে কর্মকর্তাদের বিক্ষোভ ও চাপের মুখে পদত্যাগ করা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অধ্যাপক ড. এম জুবায়দুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

আজ রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।

এর আগে একই দিন বিকেলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন। গত বছরের ২৩ জুলাই তিনি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের বিক্ষুব্ধ কর্মকর্তারা চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া গভর্নর ও চারজন ডেপুটি গভর্নরের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভের মুখে মো. খুরশীদ আলম এবং অপর ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান পদত্যাগ করতে বাধ্য হন।

এদিকে নতুন রাজনৈতিক বাস্তবতায় গঠিত বিএনপি সরকারের সময় থেকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে অস্থিরতা বিরাজ করছে। ইতোমধ্যে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

একই সঙ্গে ব্যাংকের পুরোনো দখলদার ও অভিযুক্ত লুটপাটকারীরা যাতে পুনরায় ব্যাংকে প্রভাব বিস্তার করতে না পারে, সে দাবিতে গ্রাহকদের একটি অংশ ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। চলমান এ আন্দোলনের মুখে রোববার অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পরিচালনা পর্ষদের নির্ধারিত সভাও শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

ব্যাংকসংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসের ৩১ মে পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে থাকা এমডি ওমর ফারুক খানের পদত্যাগের বিষয়টিও আলোচনায় ছিল।

তবে নিজের পদত্যাগের খবর নাকচ করেছেন ওমর ফারুক খান। সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি পদত্যাগ করি নাই।” এর বেশি কিছু না বলেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

এর আগে ২০২৪ সালের আগস্ট-পরবর্তী সময়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। তখন ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে বিভিন্ন অভিযোগের মধ্যে তাঁর ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হলে তিনি গত বছরের ১৭ জুলাই পদত্যাগ করেন। এরপর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান।