img

আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম

প্রকাশিত :  ১৫:৫১, ৩০ জুলাই ২০২৬

আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার ঘটনার নিন্দা জানিয়ে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, অতীতে খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে হামলা চালিয়েছিল, একই ধরনের হামলা এখন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এনসিপির ওপর চালাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মরণে: অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গোলাপগঞ্জে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন বর্তমান সরকার সংস্কার চায় না। দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থানও সরকার চায় না। তাই বারবার এ ধরনের ঘটনা ঘটছে।

এ সময় দলের যুগ্ম সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, তারা আমাকে জাস্টিফিকেশন দিয়েছে আমি নাকি কথা বলি। তাই আগামীতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমি কথা বলব না, দেখি তারা হামলা করে কি না। তারপরও কেন সারজিস আলমের গাড়িতে হামলা করা হলো। এনসিপি কোনো সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না বলেও তিনি মন্তব্য করেন। এদিকে সন্ধ্যায় কানাইঘাটে ও ওসমানীনগরের জনসভায় হাসানাত আব্দুল্লাহ ও সারজিস আলম বক্তব্য দেওয়ার কথা রয়েছে। 

img

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

প্রকাশিত :  ১৩:০১, ১৭ নভেম্বর ২০২৬

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। 

মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সেসময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। বিষয়টি জানিয়ে তিনি সংসদ সচিবালয়ে তখন চিঠি দিয়েছিলেন।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

এদিকে কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। 

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ অধিবেশন শুরুর পর তিনি এই ঘোষণা দেন।

মঙ্গলবার সংসদ অধিবেশনে স্পিকার জানান, গত ১৪ নভেম্বর ওসমান ফারুক পদত্যাগ করেছেন। এ সময় তিনি আরও জানান, বিধি অনুযায়ী, এ আসনটি শূন্য হয়েছে ১৫ নভেম্বর থেকে।

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানানো হয়েছে বলেও ঘোষণা দেন স্পিকার।

সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। স্পিকার ওই পত্র পাওয়ার সময় থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।

ওসমান ফারুক সাবেক আমলা। তিনি বিশ্বব্যাংকেও বড় পদে চাকরি করেছেন। তার দক্ষতার প্রশংসা রয়েছে সব মহলে। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবার সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক।

গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে একটি ১০ সদস্যের বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই কমিটির সভাপতি ছিলেন ওসমান ফারুক। তার বয়স ৮৬ বছর।

জাতীয় এর আরও খবর