img

বিরোধী দল ছাড়াই শুরু হচ্ছে সংবিধান সংশোধনের কাজ

প্রকাশিত :  ০৫:৫৩, ০৪ আগষ্ট ২০২৬

বিরোধী দল ছাড়াই শুরু হচ্ছে সংবিধান সংশোধনের কাজ

জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংশোধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হচ্ছে। এ লক্ষ্যে গঠিত সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি আজ প্রথম বৈঠকে বসছে। এদিকে গণভোট-পরবর্তী সংবিধান সংস্কার নিয়ে বিরোধী দলগুলোর বিভিন্ন দাবি উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংবিধান সংস্কারের দাবিতে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আর জাতীয় নাগরিক পার্টি-এর জোট কমিটি বৈঠকে অংশ নেয়নি।

গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করে জাতীয় সংসদ। বিরোধী দল থেকে এই কমিটিতে পাঁচজনের নাম দেওয়ার অনুরোধ করেছিল সরকারি দল।

সংশোধন নয়, গণভোটের ফল অনুযায়ী সংস্কারের দাবি করা বিরোধী দল কারও নাম দেয়নি। কমিটি গঠনের দিন ওয়াকআউটও করে। সেদিন বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান সংসদে বলেছিলেন, এ ধরনের কমিটি গঠনের বিষয়ে তাদের ধারণাগত মতপার্থক্য আছে। তারা সংবিধান সংস্কার চান।

জামায়াত কমিটি বর্জন করলেও গণভোটের ফল অনুযায়ী সংস্কারের দাবি জানানো চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন কমিটিতে অংশ নিতে যাচ্ছে। দলটির একমাত্র সংসদ সদস্য (এমপি) মো. অলি উল্লাহ কমিটির সদস্য। যদিও আগে তিনি জানিয়েছিলেন, তাঁর অজ্ঞাতে সদস্য করা হয়েছে। তবে সোমবার রাতে দলটির প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ সমকালকে বলেছেন, সংস্কারের দাবি নিয়েই ইসলামী আন্দোলন কমিটিতে যাচ্ছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতেও অনড় রয়েছে। কমিটির প্রতিবেদনে ইসলামী আন্দোলনের এই মতামত যেন থাকে, সেজন্যই কমিটিতে যাওয়া। 

সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী বিশেষ কমিটি সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে সুপারিশসহ প্রতিবেদন দেবে। কত দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে, তা নির্ধারণ করে দেওয়া হয়নি। বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর আগে সাংবাদিকদের জানান, প্রথম বৈঠকে কমিটির কর্মকৌশল ঠিক করা হবে। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। এর বাইরেও বিএনপির নিজস্ব কিছু অঙ্গীকার আছে। সংবিধানে কী কী সংশোধন আনা যায়, তা নিয়ে বিশেষ কমিটি সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, গণমাধ্যমের সম্পাদকসহ সব স্তরের অংশীজনের সঙ্গে আলোচনা করবে।

গত বছরের ১৮ অক্টোবর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই করে। এতে সংবিধানসংক্রান্ত ৪৮টি প্রস্তাব রয়েছে। এর ৯টিতে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়েছে বিএনপি। স্বাক্ষরিত সনদে বলা হয়েছে, যে রাজনৈতিক দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা নোট অব ডিসেন্ট অনুযায়ী সংস্কার করতে পারে। 

সনদ সইয়ের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার বাস্তবায়নের সংলাপে গণভোট আয়োজনের সিদ্ধান্ত হয়। গত ১৩ নভেম্বর জারি করা ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশে’ বলা হয়, কিছু সংস্কার বাস্তবায়ন বাধ্যতামূলক। আবার কিছু সংস্কার দলগুলো নোট অব ডিসেন্ট অনুযায়ী করতে পারবে। ১২ ফেব্রুয়ারি গণভোটে এই আদেশ ৬৮ দশমিক ২ শতাংশ ভোটে অনুমোদিত হয়। জামায়াত আদেশ অনুযায়ী সংস্কার চাইছে। বিএনপি বলছে, আদেশটিই অবৈধ ছিল। 

আদেশে যে ৯ সংস্কারকে বাধ্যতামূলক করা হয়েছে, এর মধ্যে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন ও সংবিধান সংশোধনে অনুমোদন; সাংবিধানিক কমিটির মাধ্যমে সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, ন্যায়পাল এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগের প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে। 

গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী এগুলো সংবিধান সংস্কার পরিষদ গঠন করে ১৮০ দিনের মধ্যে কার্যকর করা বাধ্যতামূলক। জামায়াত জোটের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপির এমপিরা তা করেননি। এ কারণে জামায়াত বারবার সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি তুললেও তা আর বাস্তবায়নের সম্ভাবনা নেই। 

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর জন্য ২০১০ সালে গঠিত সংসদের বিশেষ কমিটিতে যোগ দেয়নি তৎকালীন বিরোধী দল বিএনপি। আওয়ামী লীগের গঠিত ১৫ সদস্যের ওই কমিটিতে জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি এবং জাসদের একজন করে এমপি ছিলেন। 

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে অবস্থান নেন। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) তথ্য অনুযায়ী, এতে কমিটির ১৫ সদস্য আগেই অবস্থান বদলে ফেলেন। সর্বসম্মতিক্রমে সুপারিশ করেন তত্ত্বাবধায়ক সরকার বিলোপে। 

এই উদাহরণ দিয়ে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ সমকালকে বলেন, বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোটকে অস্বীকার করছে। প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করার নজির দেখিয়েছে অধ্যাদেশ যাচাই-বাছাই কমিটিতে। তাই সংবিধান সংশোধন কমিটিতে যাওয়া অর্থহীন।



জাতীয় এর আরও খবর

img

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত

প্রকাশিত :  ১৫:৫৫, ০৪ আগষ্ট ২০২৬

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বিষয়টি ভারত সরকারের উদ্যোগ বা সংশ্লিষ্টতার আওতায় নয়।

ব্রিফিংয়ে জোর দিয়ে রণধীর জয়সওয়াল বলেছেন, এটি একটি ‘বেসরকারি গণমাধ্যম সংস্থার’ আয়োজিত অনুষ্ঠান এবং সেখানে কোনো ধরনের মতামত ব্যক্ত করা হলে তার দায় ভারতের নয় কিংবা ভারত তা সমর্থন করে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন ফরেইন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) অব সাউথ এশিয়ার আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ দেওয়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের যে উদ্বেগ রয়েছে, সেই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনও ভূমিকা নেই।

গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‌‌‌‌‘‘আপনি যে মতবিনিময় সভার বিষয়টি উল্লেখ করছেন, সেটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা আয়োজন করছে। এতে সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এমনকি এই ফোরামে যে মতামতই ব্যক্ত করা হোক না কেন, ভারত সরকার তার কোনোটিই সমর্থন করে না।’’

গত বছর ঢাকা ছাড়ার পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা সেখানে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ভাষণ দেবেন; এমন খবর প্রকাশের পর ভারতের কাছে নিজেদের গভীর উদ্বেগের কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ। ঢাকা বলছে, এ ধরনের আয়োজন দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক গতিধারায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর বৈঠকে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ঢাকা বলছে, এ ধরনের আয়োজন দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক গতিধারায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্য এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দ্বিপাক্ষিক সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি বলেন, ‘‘পরবর্তী ব্রিকস (বিআরআইসিএস) শীর্ষ সম্মেলনের বিষয়ে বলতে গেলে, বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে পৃথকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দেওয়ার জন্য ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।’’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রিকসের আউটরিচ সেশনে অতিথি আমন্ত্রণের যে প্রচলিত নিয়ম রয়েছে, সেই অনুযায়ী এই চিঠি দেওয়া হয়েছে। বিশ্বের অন্যান্য আঞ্চলিক জোটের প্রধানদেরও একইভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রহণ করেছেন এবং এটি বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘‘আমরা আমন্ত্রণপত্রটি পেয়েছি এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীই সিদ্ধান্ত দেবেন।’’

ওই কর্মকর্তা বলেন, বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি অত্যন্ত সময়োপযোগী। কারণ ২০২৭ সালে বিমসটেক তার প্রতিষ্ঠার ৩০ বছর পূরণ করবে এবং সে বছর ঢাকায় বিমসটেক শীর্ষ সম্মেলন আয়োজনের কথা রয়েছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতীয় এর আরও খবর