img

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের ভুল নীতির দায়ে ব্যাকফুটে রিপাবলিকানরা

প্রকাশিত :  ০৫:২৯, ১৩ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের ভুল নীতির দায়ে ব্যাকফুটে রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রাজনৈতিক চাপে পড়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক মন্দার জন্য ভোটাররা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের নীতিকে দায়ী করছেন। সাধারণত অর্থনীতি নিয়ে জনঅসন্তোষ বাড়লে তার রাজনৈতিক দায় ক্ষমতাসীন প্রেসিডেন্ট ও তাঁর দলকেই বহন করতে হয়।

তবে সিএনএনের খবর বলছে, এবার রিপাবলিকানদের জন্য সেই ঝুঁকি আরও বহু গুণ বেশি। কেননা, ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও ট্রাম্পের ঢালাও শুল্ক আরোপ ও ইরান যুদ্ধ-সংক্রান্ত পদক্ষেপগুলো নাগরিকদের আর্থিক সংকট আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন ভোটাররা।

ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির সাবেক চেয়ারম্যান টম ডেভিসের মতে, শুল্কনীতি এবং জ্বালানির বাজারে যুদ্ধের প্রভাব সরাসরি ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল সিদ্ধান্তের ফল, যা সাধারণ মানুষের আর্থিক চাপ বাড়িয়েছে। কংগ্রেস ও সিনেটের রিপাবলিকান আইনপ্রণেতারা ট্রাম্পের বিতর্কিত শুল্কনীতি, যুদ্ধ পরিচালনা এবং স্বাস্থ্যসেবার বাজেট ছাঁটাইয়ের পক্ষে একজোট হয়ে সমর্থন দিয়েছেন। ফলে ট্রাম্পের ভুল নীতির দায় এখন পুরো দলের ওপরই এসে পড়েছে।

ডেমোক্র্যাটরা ভোটারদের সামনে এই বিষয়টিকেই মূল রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা শুল্ক, যুদ্ধ ও স্বাস্থ্যসেবা ছাঁটাই নিয়ে রিপাবলিকানদের আক্রমণ করে প্রচারণা চালাচ্ছে। জরিপে দেখা গেছে, ওহাইও ও আইওয়ার মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে বহু ভোটার নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির জন্য ট্রাম্পের সিদ্ধান্তকে দায়ী করেছেন। এমনকি ট্রাম্পের সমর্থক শ্বেতাঙ্গ শ্রমজীবী ও সাধারণ রিপাবলিকান সমর্থকদের বড় অংশও এই বাস্তবতা স্বীকার করে নিচ্ছেন।

পরিস্থিতি সামলাতে অনেক রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের নীতি থেকে কৌশলগত দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন, তবে এতে তাদের ট্রাম্পের কট্টর সমর্থকদের ভোট হারানোর আশঙ্কাও তৈরি হচ্ছে। তাই নিজেদের বাঁচাতে রিপাবলিকানরা এখন ভোটারদের মনোযোগ অভিবাসন ও করছাড়ের প্রতিশ্রুতির দিকে ঘোরানোর চেষ্টা করছে।

ডেমোক্র্যাটদের জয়ের পথে বাধা

প্রেসিডেন্টের জনপ্রিয়তার ঘাটতির কারণে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা বাড়লেও, ছয়টি বড় বাধা তাদের জয়কে কঠিন করে তুলতে পারে। রাজনৈতিক সীমানা পুনর্বিন্যাসের কারণে মাত্র ৪০ থেকে ৫০টি আসনে মূল প্রতিযোগিতা হচ্ছে, ফলে প্রতিনিধি পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তাদের জন্য কঠিন। এ ছাড়া নির্বাচনে তরুণ ও কৃষ্ণাঙ্গ ভোটারদের উপস্থিতি কম হওয়ার আশঙ্কা, রিপাবলিকানদের বিশাল তহবিল, জনমত জরিপের আগের ভুল এবং ডেমোক্র্যাটদের ‘সমাজতান্ত্রিক’ বলে রিপাবলিকানদের অপপ্রচার দোটানায় থাকা ভোটারদের প্রভাবিত করতে পারে।

নিজের শক্তিশালী ঘাঁটিগুলোয় ট্রাম্পের মরিয়া প্রচার

সংকটময় এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প তার মেয়াদের শেষ দুই বছরে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে চলতি সপ্তাহে নিজের শক্তিশালী ঘাঁটিগুলোয় নতুন করে প্রচারণায় নেমেছেন। ব্যাকফুটে থাকা ট্রাম্প সম্প্রতি ওহাইও, আলাস্কা, অ্যারিজোনা ও মন্টানার মতো অনুকূল রাজ্যগুলোতে সভা করছেন। ওহাইওতে কঠিন প্রতিযোগিতায় থাকা রিপাবলিকান সিনেটর জন হাস্টেড এবং আলাস্কায় সিনেটর ড্যান সুলিভানের সমর্থনে র‍্যালি করছেন তিনি।


জাতীয় এর আরও খবর

img

বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে

প্রকাশিত :  ১৯:১৮, ১৩ অক্টোবর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ ও ২ নম্বর ইউনিটে স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ শেষ হয়েছে। চলতি মাসে পারমাণবিক বিক্রিয়া (ক্রিটিক্যালিটি) শুরুর অনুমোদন পাওয়ার পাশাপাশি প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়াম প্রকল্প এলাকায় পৌঁছেছে। এসব অগ্রগতিতে বিদ্যুৎ উৎপাদন শুরুর চূড়ান্ত প্রস্তুতি আরও এগিয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ ও ২ নম্বর ইউনিটে এপিসিএস স্থাপনের পর সংশ্লিষ্টরা জানিয়েছেন, রূপপুরই রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের প্রথম প্রকল্প—যেখানে আধুনিক ‘অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম’ (ওআইএসএস) বাস্তবায়ন করা হচ্ছে।

রোসাটম সূত্রে জানা গেছে, রোসাটম অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (রাসু) সরবরাহকৃত এই ব্যবস্থাগুলোতে ৪৩টি সিস্টেমের আওতায় প্রায় ২০ হাজার সরঞ্জাম রয়েছে। এগুলো চুল্লির স্থিতিশীলতাসহ ৭ হাজারেরও বেশি প্রক্রিয়াগত প্যারামিটার পর্যবেক্ষণ করবে, যা বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ ও দক্ষ পরিচালনায় সহায়তা করবে।

প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ওআইএসএস। বিদ্যুৎ ইউনিটের একটি ‘ডিজিটাল টুইন’ ব্যবহার করে রাসু এই সিস্টেমটি তৈরি করেছে। এটি ইতোমধ্যে ১ নম্বর ইউনিটে সংযুক্ত করা হয়েছে এবং চালুকরণ কার্যক্রমে যুক্ত রয়েছে। একই ধরনের একটি সিস্টেম ২ নম্বর ইউনিটেও স্থাপন করা হবে।

ওআইএসএস ৩৬০টি প্রক্রিয়াগত সিস্টেম থেকে তথ্য বিশ্লেষণ করে, বিভিন্ন বিচ্যুতি শনাক্ত করে এবং ৮০টিরও বেশি নির্দেশনার ভিত্তিতে অপারেটরদের প্রয়োজনীয় সুপারিশ প্রদান করে। এসব নির্দেশনার মধ্যে জরুরি পরিস্থিতি মোকাবিলার পদ্ধতিও অন্তর্ভুক্ত রয়েছে। জটিল পরিচালনাগত তথ্য সহজবোধ্যভাবে উপস্থাপনের মাধ্যমে সিস্টেমটি অপারেটরদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে এবং কার্যকরভাবে পরিস্থিতি মোকাবিলা করতে সহায়তা করবে।

রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু রাশিয়ান ফেডারেশন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার সবচেয়ে বড় প্রকল্পই নয়, বরং আধুনিক স্বয়ংক্রিয়করণ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটি অগ্রগামী প্রকল্প। বিদেশে নির্মিত রোসাটমের কোনো বিদ্যুৎ কেন্দ্রে এই প্রথম অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, এই সিস্টেমের মাধ্যমে পরিস্থিতিতে সাড়া দেওয়ার সময় কমবে, পরিচালন ব্যয় হ্রাস পাবে এবং কন্ট্রোল রুমের কর্মীরা একটি নির্ভরযোগ্য সহায়ক ব্যবস্থা পাবেন।

রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটিতে তৃতীয় প্রজন্মের প্লাস (জেনারেশন ৩+) প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ (VVER-1200) পারমাণবিক চুল্লি রয়েছে।

এর আগে গত ৮ অক্টোবর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিক্রিয়া (ক্রিটিক্যালিটি) শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা)। এর মাধ্যমে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের একদম দ্বারপ্রান্তে পৌঁছে গেল বাংলাদেশ।

প্রকল্প সূত্র জানায়, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) কঠোর গাইডলাইন মেনে রাশিয়ার সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পের ‘বি-ওয়ান’ ধাপের পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। সবশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ টেস্টের জটিলতা কেটে যাওয়ার পর শুরু হতে যাচ্ছে ‘বি-টু’ (B-2) ধাপ। এই ‘বি-টু’ ধাপে প্রাথমিক অপারেশনের জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হবে। চেইন রিঅ্যাকশন সফলভাবে শুরু হলে চুল্লিতে স্থায়ী ও নিরাপদভাবে শক্তি বা বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে উৎপাদিত বিদ্যুৎ ধাপে ধাপে বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে পৌঁছলে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে।

এরই ধারাবাহিকতায় কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম প্রকল্পে পৌঁছানো হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আন্তর্জাতিক নিয়ম ও গাইডলাইন অনুসরণ করে এই পারমাণবিক জ্বালানি বিদ্যুৎ কেন্দ্রের বিশেষ শেডে সংরক্ষণ করা হচ্ছে। সাধারণত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর এক থেকে দেড় বছর পর কিছু ইউরেনিয়াম অ্যাসেম্বলি পরিবর্তন করতে হয়। প্রথম ইউনিটের সেই বাড়তি জ্বালানিই এখন প্রকল্প এলাকায় আনা হয়েছে।

রোসাটম জানিয়েছে, প্রথম ও দ্বিতীয় ইউনিটের জন্য মোট ৯টি চালানে ২০০টিরও বেশি জ্বালানি অ্যাসেম্বলি আনা হচ্ছে, যার সবটির সরবরাহ সম্পন্ন হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই। এর আগে ২০২৩ সালে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের যে জ্বালানি আনা হয়েছিল, তা চলতি বছরের মে মাসে পারমাণবিক চুল্লিতে বসানো হয়েছে।

প্রকল্প সূত্রের দাবি, সেফটি ভালভে ১৬ মেগাপ্যাসকেল (এমপিএ) উচ্চ-চাপ পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পরবর্তী ধাপে ১৮ এমপিএ চাপে আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে। এটি সফল হওয়ার পর ফিশন রিঅ্যাকশন শুরু করা হবে। এই প্রক্রিয়া শেষে পাওয়ার স্টার্টআপে যেতে পুরো অক্টোবর মাস লেগে যাবে। আর পাওয়ার স্টার্টআপের পরেই গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া শুরু হবে।

সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন এবং স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের মধ্য দিয়ে স্বপ্নের রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের সম্ভাবনা আরও স্পষ্ট ও বাস্তব রূপ নিল।

জাতীয় এর আরও খবর