img

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১৬:০৭, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৮:২৭, ১৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দলটির বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশে ও বিদেশে বারবার তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ মিলেছে বলেও উল্লেখ করেন তিনি।

পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখে দিতে দল-মতনির্বিশেষে সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো একই মঞ্চে এসে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, অন্য কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি।

এ সময় গোলামি ও তাবেদারি শক্তির বিরুদ্ধে হুংকার দিয়ে তিনি বলেন, “ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। দেশকে কোনো তাবেদারের হাতে তুলে দেব না। গোলামির শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে।”

রিজার্ভ ও বৈদেশিক সফর প্রসঙ্গে সংসদ অধিবেশনে জানানো হয়, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। এছাড়া বিদেশ সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সরকার গঠনের পর এখন পর্যন্ত কোনো দেশের সঙ্গে চুক্তি হয়নি, বরং সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে এবং আগামী সংসদ অধিবেশনে জাপান সফরের এমওইউ তুলে ধরা হবে।

সাবেক সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার প্রতিবছর দুই লাখ কোটি ডলার পাচার করত। সেই সরকারের পতনের পর দেশের মানুষ বাক্‌স্বাধীনতা ফিরে পেয়েছে, গণতন্ত্র শক্তিশালী হচ্ছে এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হচ্ছে।

জাতীয় এর আরও খবর

img

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ নেতা নিহত

প্রকাশিত :  ১৮:২৯, ১৮ নভেম্বর ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা  নিহত হয়েছেন। 

আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা করেছে।

বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা করেন। শোভাযাত্রাটি সন্ধ্যার দিকে পৌরসভার বেন্দারচর এলাকায় পৌঁছালে তাদের ওপর আওয়ামী লীগের একটি গ্রুপ হামলা চালায়।

এসময় কযেকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। শোভাযাত্রায় থাকা কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন। এসময় তাদের উদ্ধার করে প্রথম কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শহীন ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়।

ওসি ইদ্রিস আলী বলেন,  মোটর শোভাযাত্রার পিছনে তারা অতর্কিত হামলা করে। দলছুট দুইজনকে পেয়ে হামলাকারীরা মাত্রাতিরিক্ত মারধর করে। তারা দুজন মারা গেছেন। এ ঘটনায় এখনো কোনো গ্রেফতার নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যারা ধর্মঘট ডেকেছে তারা এবং তাদের সমর্থকরা (আওয়ামী লীগ ও তাদের সমর্থকরা) এ ঘটনায় দায়ী।

জাতীয় এর আরও খবর