img

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী

প্রকাশিত :  ১৯:৪৩, ০৮ আগষ্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী

বিরোধী দল জামায়াতে ইসলামী আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । একক প্রার্থী দেওয়ার বিষয়টি রোববার জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর সমন্বয়ে গঠিত ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে চূড়ান্ত করা হবে।

 আজ শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে বলা হয়, ‘বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে জামায়াতে ইসলামীর নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। এই লক্ষ্যে রোববার (৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। এই বৈঠকেই বিরোধীদলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।’

রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত চলমান রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


জাতীয় এর আরও খবর

img

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত :  ০৬:৪২, ০৯ আগষ্ট ২০২৬

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল বিএনপির পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের পক্ষে মনোনয়ন ফরম দুটি সংগ্রহ করা হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং দলের জ্যেষ্ঠ নেতা রুহুল কবীর রিজভী নির্বাচন কমিশনে গিয়ে ফরম দুটি গ্রহণ করেন। এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ঘোষিত তফসিলের বিস্তারিত তথ্য জানিয়ে বলেন, আগামী ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। জমা হওয়া এসব মনোনয়নপত্র বাছাই করা হবে ১৬ আগস্ট (রোববার) সকাল ১০টা থেকে। কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত সেই সুযোগ পাবেন। সবকিছু চূড়ান্ত হওয়ার পর আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আইনি প্রক্রিয়া সম্পর্কে ইসি সচিব জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুসরণ করে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনের এই সময়সূচি চূড়ান্ত করেছেন। তিনি নিশ্চিত করেন, ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা প্রস্তুতের কাজও শেষ হয়েছে।

তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম নিয়ম অনুযায়ী চলবে বলে জানিয়েছে ইসি। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত কেবল নির্বাচনের তফসিলটি প্রকাশ করা হয়েছে। আগামী দিনগুলোতে নির্বাচনী প্রক্রিয়ার হালনাগাদ তথ্য ও অগ্রগতি আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানানো হবে।