img

চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান চালানোর ঘোষণা

প্রকাশিত :  ০৯:৫৩, ১৩ জুলাই ২০২৫

চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান চালানোর ঘোষণা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির প্রেক্ষিতে আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

আজ রোববার (১৩ জুলাই) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাবে। কোথাও কোনো অপরাধী বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না। তবে আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই—আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেন। আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের।

মিটফোর্ড হত্যাকাণ্ডের পর দ্রুত তদন্ত শুরু করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এরইমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৬ জনকে ঘটনার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না। যারাই জড়িত থাকুক না কেন; তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর ও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে এবং অপরাধীদেরকে গ্রেপ্তার করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরইমধ্যে খুলনার হত্যাকাণ্ডেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার বিশ্বাস করে, অপরাধী অপরাধীই—তা সে যে-দলেরই হোক না কেন। রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। কোনো অপরাধীকেই পুলিশ প্রশ্রয় দেবে না।

তিনি বলেন, ‘দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা কোনো আপস করব না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।’

নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে আমরা নির্বাচনকে ঘিরে যেসব নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব পালন করছি, তা ডিসেম্বর মাসের মধ্যেই শেষ করতে পারব বলে আশা করছি। আমাদের অংশটুকু যথাসময়ে ও সুচারুভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।’

প্রসঙ্গত, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশে আইনশৃঙ্খলার ঘটে। সাম্প্রতিক সময়ে তা ভয়াবহ হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ও সহিংসতা ঘটছে। এর মধ্যে আলোচিত ঘটনা খুলনায় যুবদল নেতা মাহবুবকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা, চাঁদপুরে জুমার নামাজের পর মসজিদের ইমাম মাওলানা নূরুর রহমানকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে একই নামাজে অংশগ্রহণকারী এক ব্যক্তি কুপিয়ে জখম করার ঘটনা। সবশেষ গত ৯ জুলাই ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে নৃশংসভাবে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়। এ ঘটনার রেশ না কাটতেই শ্যামলীতে একটি ছিনতাইয়ের ঘটনা আলোচনার জন্ম দেয়। গত শুক্রবার সকালে ছিনতাইয়ের শিকার হওয়ার যুবকের পরনের জামা-জুতাও নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই দিন বিকালে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে রাজধানীর পল্লবীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এদিকে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারাদেশে ১ হাজার ৯৩০ জন খুন হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ২৯৪ জন, ফেব্রুয়ারিতে ৩০০,  মার্চে মাসে আরো বেড়ে ৩১৬ জন, এপ্রিলে ৩৩৬ জন, মে মাসে ৩৪১ জন খুন হন। জুনে চলতি বছরের সর্বোচ্চ খুনের ঘটনা ঘটেছে। এ মাসে সারা দেশে মোট ৩৪৩ জন খুন হয়েছেন। 

img

ডেপুটি স্পিকারের পদটি এখনো বিরোধীদলের জন্য উন্মুক্ত রয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১৮:২৭, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:২৩, ৩০ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী বিরোধীদলের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে আবারও তাদের ডেপুটি স্পিকারের পদটি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “পদটি এখনো বিরোধীদের জন্য উন্মুক্ত রয়েছে, তারা চাইলে যেকোনো সময় এটি গ্রহণ করতে পারেন।”

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের বৃহত্তর স্বার্থে এবং একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিরোধী দলের সঙ্গে যেকোনো ধরনের আলোচনার জন্য সরকার প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে গণতন্ত্রের অগ্রযাত্রায় সরকারি ও বিরোধী দলের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, “একটি সমৃদ্ধশালী দেশ গঠনে বিরোধী দল ও সরকারি দলের গন্তব্য এক ও অভিন্ন। সংসদে গঠনমূলক বিতর্কের মধ্য দিয়েই গণতন্ত্র এগিয়ে যায়। যেসব বিষয়ে আমাদের মধ্যে দ্বিমত রয়েছে, দেশের স্বার্থে আলোচনার মাধ্যমে আমরা সেসবের সমাধান খুঁজে নেব।”

প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন যে, কোনো একটি দল ব্যর্থ হওয়া মানে সমগ্র বাংলাদেশ ব্যর্থ হওয়া। তিনি বলেন, “আমরা কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না। আলোচনার মাধ্যমেই আমাদের এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। চলুন আমরা সিদ্ধান্ত নেই, আমাদের সংসদীয় আলোচনার মূল লক্ষ্য হবে এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করা।” এ সময় তিনি বিরোধী দলীয় নেতাসহ সকল সংসদ সদস্যকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

বক্তব্যে প্রধানমন্ত্রী তার প্রবাস জীবনের স্মৃতিচারণ করে দেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতার ছেলে বর্তমানে ব্রিটেনে থাকেন। আমাকেও একসময় রাজনৈতিক কারণে সেখানে থাকতে হয়েছে। প্রবাসে থাকাকালীন ওখানকার স্কুলগুলো দেখে আমার খুব কষ্ট হতো। ভাবতাম, আমার দেশের স্কুলের শিক্ষার্থীরা কবে এমন সুন্দর পরিবেশে স্কুলে যাবে।’

তিনি জানান, আগামী জুলাই মাস থেকে সরকার ধারাবাহিকভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, ড্রেস এবং জুতা প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সম্মানজনক শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই তার সরকারের অন্যতম লক্ষ্য।

কৃষি ও পানির নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “খাল খনন কর্মসূচি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এটি কেবল সেচ সুবিধার জন্য নয়, বরং সারা দেশে পানির সংকট দূর করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেন যে, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো রাজনৈতিক ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের মাধ্যমে জনসেবা নিশ্চিত করা।