img

গতি ফিরলো শেয়ারবাজারে, দুই মাসের সর্বোচ্চ লেনদেন

প্রকাশিত :  ০৯:৩৭, ২২ এপ্রিল ২০২৬

গতি ফিরলো শেয়ারবাজারে, দুই মাসের সর্বোচ্চ লেনদেন

অব্যাহত দরপতনের ধারা কাটিয়ে ২১ এপ্রিল থেকে ঘুরে দাঁড়ানো শেয়ারবাজারে উত্থান প্রবণতায় আজও গতি সঞ্চার হয়েছে। এই ধারাবাহিকতায় বুধবার লেনদেন শেষে দেখা গেছে, গত দুই মাসের মধ্যে টাকার অংকে সর্বোচ্চ লেনদেন হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। একই সঙ্গে সূচক বৃদ্ধির পাশাপাশি অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও বেড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধের প্রভাবে সাময়িক নেতিবাচক চাপ তৈরি হলেও লেনদেন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বরং সতর্কভাবে বিনিয়োগ করলে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১.১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৮.৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫.৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.৩২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ৪.৫০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে, ১২১টির দর কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের দিক থেকেও দিনটি ছিল উল্লেখযোগ্য। ডিএসইতে প্রায় ১ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ লেনদেন হয়েছিল গত ২ ফেব্রুয়ারি, যেখানে টাকার অংক ছিল ১ হাজার ২২২ কোটি ৩০ হাজার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ৯২৯ কোটি ২৮ লাখ টাকা। সেই হিসেবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১২৭ কোটি ৮ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৩৩ কোটি ২৯ লাখ টাকার তুলনায় কম।

সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ১১১টির দর বেড়েছে, ৯৫টির কমেছে এবং ২৪টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬.৭৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩০.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে, যেখানে আগের দিন সূচকটি ২৭.৭৬ পয়েন্ট বেড়েছিল।

img

বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান

প্রকাশিত :  ০৮:৩৪, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৪১, ২২ এপ্রিল ২০২৬

অনির্দিষ্টকালের জন্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেওয়ার পর তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি ও দীর্ঘমেয়াদি উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৫৪ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে জুন ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৭২ দশমিক ৬০ ডলারে উঠেছে। খবর রয়টার্স। 

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, শান্তি আলোচনার সুযোগ তৈরি করতে তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়াবেন। নির্ধারিত সময় শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই তিনি এই ঘোষণা দেন।

তবে এই সিদ্ধান্তটি একতরফা বলে মনে হচ্ছে এবং ইরান বা যুক্তরাষ্ট্রের মিত্র ইসরাইল এই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হবে কিনা, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। দুই সপ্তাহ আগে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।

বাজার বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, ‘যুদ্ধবিরতি বাড়ানোর ফলে বাজারে সংকট কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদি যুদ্ধবিরতি ভেঙে আবার সংঘর্ষ শুরু হয়, তাহলে ডলারের মান বাড়বে, তেল ও সুদের হার বাড়বে এবং স্বর্ণের ওপর চাপ তৈরি হবে।’

যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পর শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে।  ডলারের মান কিছুটা কমেছে এবং তেলের দাম নেমে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, তেলের দাম বাড়লে পরিবহন ও উৎপাদন খরচ বাড়ে, যা মূল্যস্ফীতি বাড়াতে পারে। যদিও স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের সুদবাহী সম্পদের দিকে আকৃষ্ট করে, ফলে স্বর্ণের চাহিদা কমে যেতে পারে।

এক নটে ব্রিটিশ বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির খবর এবং বাজারে তারল্য পরিস্থিতির ওপর স্বর্ণের দামের ওঠানামা নির্ভর করছে। তারা সতর্ক করে বলেছে, সাম্প্রতিক মূল্যবৃদ্ধি নাজুক এবং স্বল্পমেয়াদে সংশোধনের ঝুঁকি রয়েছে, তবে দীর্ঘমেয়াদে মূল্যবান ধাতুর দাম পুনরুদ্ধার হতে পারে এবং স্বর্ণ আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে।

এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে মনোনীত কেভিন ওয়ার্শ মঙ্গলবার জানিয়েছেন, সুদের হার কমানোর বিষয়ে তিনি ট্রাম্পকে কোনো প্রতিশ্রুতি দেননি। সিনেটের অনুমোদন প্রক্রিয়ার সময় তিনি বলেন, হোয়াইট হাউসের প্রভাবমুক্ত থেকে তিনি স্বাধীনভাবে কাজ করবেন এবং কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার এগিয়ে নেবেন।

স্বর্ণের সঙ্গে অন্য মূল্যবান ধাতুরও দাম বেড়েছে। স্পট রুপার দাম ১.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৭.৯৭ ডলার হয়েছে, প্লাটিনাম ১.৭ শতাংশ বেড়ে ২,০৭০.৩৭ ডলার এবং প্যালাডিয়াম ১.৯ শতাংশ বেড়ে ১,৫৬১.৭২ ডলারে পৌঁছেছে।


অর্থনীতি এর আরও খবর