এপ্রিলে ৪৯ মবের ঘটনা, নিহত ২১: এমএসএফ
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির পরও ‘মব কালচার’ শেষ হয়নি বরং এপ্রিলে সেটি বেড়েছে । বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এপ্রিল মাসের মানবাধিকার প্রতিবেদনে এ চিত্র তুলে ধরা হয়েছে।
এমএসএফ প্রতি মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদন দেয়। বিভিন্ন সংবাদপত্র এবং নিজেদের অনুসন্ধানের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়।
চলতি মাসে মবে বা গণপিটুনিতে ২১ জন নিহত হয়েছে বলে এমএসএফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত মার্চ মাসে মবে নিহত ব্যক্তির সংখ্যা ছিল ১৯। এ মাসে মবের ঘটনা ঘটেছে ৪৯টি। আর মার্চে এ সংখ্যা ছিল ৩৬।
মবে আহত ব্যক্তির সংখ্যা এ মাসে ৪৯ জন। আগের মাসে ছিল ৩১ জন।
এমএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, ‘রাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ করাই হলো মব। রাষ্ট্র এবং মব একসঙ্গে চলতে পারে না।
সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মবকে ফুলস্টপ বলেছিলেন, কিন্তু বাস্তবে মব তো থামেইনি বরং বেড়েছে। এটা সরকারের সদিচ্ছার অভাব না অযোগ্যতা, সেই প্রশ্ন উঠেছে।’
তিনি বলেন, ‘মব হলো বিচারবহির্ভূত প্রবণতা। এ প্রবণতা এখন বাড়ছে। এ মাসে দেশের বিভিন্ন স্থান থেকে একটি শিশু, দুজন কিশোর, ১২ জন নারী ও ৪১ জন পুরুষে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করা হয়েছে।
অল্পসংখ্যক ঘটনা ছাড়া সব কটি মরদেহের পরিচয় অজ্ঞাত থেকে যাচ্ছে।’
এমএসএফের তথ্য বলছে, গত মার্চ মাসে অজ্ঞাতপরিচয় মরদেহের সংখ্যা ছিল ৫৩। এসব অজ্ঞাতপরিচয় মরদেহের বেশির ভাগ নদী বা ডোবায় ভাসমান, মহাসড়ক বা সড়কের পাশে, সেতুর নিচে, রেললাইনের পাশে, ফসলি জমিতে ও পরিত্যক্ত স্থানে পাওয়া যাচ্ছে।
তথ্য বলছে, এপ্রিল মাসে ৩১২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এ সংখ্যা গত মাসের তুলনায় ২৩টি বেশি। এ মাসে ধর্ষণের ঘটনা ৫৪টি, দলবদ্ধ ধর্ষণ ১৪টি, ধর্ষণ ও হত্যা একটি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ছয়জন প্রতিবন্ধী কিশোরী ও নারী।
ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ১৮টি শিশু ও ১৪ জন কিশোরী রয়েছে। অন্যদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে একটি শিশু, চারজন কিশোরী ও ৯ জন নারী এবং ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে একজন কিশোর ও একজন নারী। ধর্ষণের চেষ্টা ২৩টি, যৌন হয়রানি ১৭টি, শারীরিক নির্যাতনের ৬৮টি ঘটনা ঘটেছে। এসিড নিক্ষেপে আক্রান্ত হয়েছেন একজন নারী।
এ মাসে পাঁচজন কিশোরী ও ২১ জন নারী আত্মহত্যা করেছেন। অপহরণের শিকার হয়েছেন দুই শিশু ও দুজন কিশোরী, অন্যদিকে একজন কিশোরী ও ৯ জন নারী নিখোঁজ রয়েছেন। এ ছাড়া এপ্রিল মাসে দুজন কিশোরী ও পাঁচজন নারীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৮৯ শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এটি গত মাসের তুলনায় ১৬টি বেশি। তাদের মধ্যে ১১টি শিশু ও ১২ জন কিশোরী রয়েছে।
এমএসএফ বলেছে, এ মাসে শিশু ধর্ষণের চেষ্টার একটি ঘটনা ও নারী ধর্ষণের চেষ্টার একটি ঘটনা সমাজপতিরা আপস করেছেন। প্রচলিত আইনকে অবজ্ঞা করে বেআইনিভাবে সালিশের মাধ্যমে মীমাংসার সিদ্ধান্ত হয়েছে।
শপথ নেওয়ার পর ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে ‘মব কালচার’ পুরোপুরি বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, ‘মব কালচার’ শেষ তো হয়ইনি বরং দেখা গেছে গত মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে তা বেড়েছে।



















