img

আজ বিশ্ব মা দিবস : মমতাময়ী মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা

প্রকাশিত :  ০৭:০৪, ১০ মে ২০২৬

আজ বিশ্ব মা দিবস : মমতাময়ী মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা

প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। মাকে নিয়ে লিখতে শুরু করলে সেই লেখা যেন কখনোই শেষ হয় না। পৃথিবীর সবচেয়ে মধুর, আপন আর শান্তির ডাক হলো— ‘মা’। ছোট্ট এই শব্দটির মধ্যেই লুকিয়ে আছে নিঃস্বার্থ ভালোবাসা, সীমাহীন মমতা আর গভীর নিরাপত্তার অনুভূতি। সামান্য কষ্ট পেলেও অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে— “মা”। কারণ মা-ই পৃথিবীর সবচেয়ে বড় ভরসা, সবচেয়ে নিরাপদ আশ্রয়।

আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আমাদের মা। তার জন্য আলাদা কোনো দিবসের দরকার নেই, এমনটাই মত অনেকের। তবে মাকে ভালোবেসে একটি দিন উৎসর্গ করার মধ্যে নেতিবাচক কিছু নেই। তাকে একটি দিন আপনি বিশেষ অনুভব করাতেই পারেন।

সকাল থেকেই যার যার মাকে ভালোবাসা জানাচ্ছেন অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। মায়ের সঙ্গে ছবি আপলোড করে নিজের ভালোবাসা ও অভিব্যক্তি প্রকাশ করছেন অনেকে।

মাকে নিয়ে কবি কাদের নেওয়াজ লিখেছিলেন- “মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই,/ ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই/ সত্য ন্যায়ের ধর্ম থাকুক মাথার’ পরে আজি/ অন্তরে মা থাকুক মম, ঝরুক স্নেহরাজি।” 

মাকে নিয়ে হাজারও কবি, সাহিত্যেক যুগে-যুগে লিখে গেছেন নিজের সর্বোচ্চটা দিয়ে। জন্মের পর থেকে শুরু করে শৈশব-কৈশোর এবং যৌবনের প্রতিটি পর্যায়ে মা জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। মায়ের হাতে ভর দিয়ে পদচারণা শুরু, মায়ের চোখে পৃথিবী দেখা, গল্প শোনা, কলম ধরে এলোমেলো কিছু লিখতে চেষ্টা করা, আবার কখনো একটু ভয় পেয়ে মুরগির ছানার মতো বুকের মধ্যে লুকিয়ে পড়া, খানিক বাদে বের হয়ে আবার আকাশ দেখা এমন অসংখ্য স্মৃতি জড়িয়ে থাকে মানুষটির সঙ্গে। মায়ের সঙ্গে সন্তানের জীবনের প্রতিটি পদেপদে জড়িয়ে থাকে হাজারও সুখকর স্মৃতি। সেই স্মৃতি আমাদের বাঁচতে শেখায়, সুন্দর ভবিষ্যতের জন্য এগিয়ে যাওয়ার ব্রত হিসেবে কাজ করে।

১৯০৮ সালে যুক্তরাষ্ট্রে প্রথম মা দিবস পালন করা হয়। আমেরিকার স্কুল শিক্ষিকা আনা জার্ভিস মাকে ভালোবেসে এই দিবসের প্রচলন করেন। ১৯০৫ সালে তার মা অ্যান মেরি রিভস জার্ভিসের মৃত্যুর পর এ নিয়ে তিনি আরও বেশি প্রচারণা চালান। নিজের মায়ের মতো দেশজুড়ে ছড়িয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে আনা জার্ভিস প্রচার শুরু করেন। মাকে বিশেষ শ্রদ্ধা জানানোর জন্যই এই বিশেষ দিনে প্রচলন শুরু করা হয়। ১৯০৫ সালে তিনিই প্রথম মা দিবসকে স্বীকৃতি দেওয়ার জন্য লড়াই শুরু করেছিলেন। তার এই প্রস্তাব শুরুর দিকে খারিজ করে দিয়েছিল মার্কিন কংগ্রেস। কিন্তু তিনি থেমে থাকেননি। এরপর আমেরিকার সব প্রদেশ তার প্রস্তাবে রাজি হয়ে ওই দিন ছুটি পালন করা হয়। এভাবেই ছিল মা দিবসের শুরুটা।

আজকের এই দিনে পৃথিবীর সব মায়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সব মা সুস্থ থাকুক, ভালো থাকুক এই হোক আজকের প্রত্যাশা।

img

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি

প্রকাশিত :  ১২:৫০, ১০ মে ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়।

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা ও রাজনীতির বাইরে থাকা যোগ্য ব্যক্তিদের যাচাই-বাছাই করে এই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। আওয়ামী লীগ বা বিএনপি থেকে আসা নেতাকর্মীদের প্রার্থী করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তালিকায় এমন ব্যক্তিরা রয়েছেন যারা আগে বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অনেক প্রার্থী আছেন যারা আগে কখনো সক্রিয় রাজনীতি করেননি। ৫-৭ বছর আগে আওয়ামী লীগ করতেন কিন্তু পরবর্তীতে দলটির \'স্বৈরাচারী\' আচরণের কারণে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন, এমন গ্রহণযোগ্য ব্যক্তিদেরও মনোনয়ন দেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সঙ্গে নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম পরিষ্কার করেন যে, এনসিপি বর্তমানে এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, সব উপজেলায় জোটগতভাবে একজন প্রার্থী নির্বাচন করা বেশ জটিল। তবে ভবিষ্যতে জোটবদ্ধ নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিলে তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ সময়রেখা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানা থাকলে প্রার্থীদের প্রস্তুতি নিতে সুবিধা হবে।

এনসিপি জানিয়েছে, এটি তাদের প্রথম ধাপের তালিকা এবং পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও পৌরসভার জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এই ১০০ প্রার্থীর মনোনয়নের মধ্য দিয়ে এনসিপি স্থানীয় নির্বাচনে তাদের সাংগঠনিক শক্তিমত্তার জানান দিতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।