সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত
সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বেলকুচির মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার বছের সরকারের ছেলে মোতালেব হোসেন (৪৫), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) এবং ব্যাটারিচালিত অটোভ্যানের চালক আজুগড়া জামতৈল গ্রামের সোনাউল্লা মুন্সীর ছেলে নূরুল ইসলাম (৩৫)। দুর্ঘটনায় মোতালেব হোসেনের মেয়ে ও ভ্যানের যাত্রী তামান্না খাতুন (১৬) গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোতালেব হোসেন শুক্রবার সকালে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে উপজেলার আজুগড়া এলাকা থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে ভ্যানটি মেঘুল্লা এলাকায় পৌঁছালে হঠাৎ এর এক্সেল রড ভেঙে যায়। এতে চালকসহ ভ্যানের সবাই সড়কের ওপর ছিটকে পড়ে যান। এ সময় এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নূরুল ইসলাম ও যাত্রী ফজিলা খাতুন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মোতালেব হোসেনের মৃত্যু হয়।
বেলকুচি থানার ওসি আবু জাফর ইমাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বাসটি সড়কের পাশের গাছের সঙ্গে আটকে আছে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।


















