img

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ নেতা নিহত

প্রকাশিত :  ১৮:২৯, ১৮ নভেম্বর ২০২৬

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা  নিহত হয়েছেন। 

আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা করেছে।

বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা করেন। শোভাযাত্রাটি সন্ধ্যার দিকে পৌরসভার বেন্দারচর এলাকায় পৌঁছালে তাদের ওপর আওয়ামী লীগের একটি গ্রুপ হামলা চালায়।

এসময় কযেকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। শোভাযাত্রায় থাকা কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন। এসময় তাদের উদ্ধার করে প্রথম কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শহীন ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়।

ওসি ইদ্রিস আলী বলেন,  মোটর শোভাযাত্রার পিছনে তারা অতর্কিত হামলা করে। দলছুট দুইজনকে পেয়ে হামলাকারীরা মাত্রাতিরিক্ত মারধর করে। তারা দুজন মারা গেছেন। এ ঘটনায় এখনো কোনো গ্রেফতার নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যারা ধর্মঘট ডেকেছে তারা এবং তাদের সমর্থকরা (আওয়ামী লীগ ও তাদের সমর্থকরা) এ ঘটনায় দায়ী।

জাতীয় এর আরও খবর

img

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত :  ১৮:২৭, ১৮ নভেম্বর ২০২৬

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬: শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ৪৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার,আশুলিয়া (ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া) এলাকায় ২০ প্লাটুন; গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় ১৫ প্লাটুন; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে। 

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

জাতীয় এর আরও খবর